কৃষিতে সম্ভাবনা উন্মোচনে গাকৃবিতে তিনদিনের কর্মশালা

কৃষিতে সম্ভাবনা উন্মোচনে গাকৃবিতে তিনদিনের কর্মশালা

ফন্ট সাইজ:

কৃষির বর্তমান চ্যালেঞ্জ মোকাবিলা, ভবিষ্যৎ সম্ভাবনা উন্মোচন এবং গবেষণালব্ধ জ্ঞানকে কৃষকের কল্যাণে কাজে লাগানোর লক্ষ্যে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে (গাকৃবি) তিনদিনব্যাপী দীর্ঘমেয়াদি গবেষণা পরিকল্পনা বিষয়ক কর্মশালার সমাপনী অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের রিসার্চ ম্যানেজমেন্ট উইংয়ের উদ্যোগে আয়োজিত এ কর্মশালায় পাঁচটি থিমেটিক এরিয়ায় মোট ৩৪টি গুরুত্বপূর্ণ গবেষণা পরিকল্পনা উপস্থাপন করা হয়। সোমবার বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল কক্ষে সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন প্রো-ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. জাহিদুর রহমান এবং ট্রেজারার প্রফেসর ড. মো. সফিউল ইসলাম আফ্রাদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিচালক (গবেষণা) প্রফেসর ড. মো. মসিউল ইসলাম।

এ সময় বিভিন্ন গবেষণা প্রকল্পের প্রধান ও সহকারী গবেষকগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহযোগী পরিচালক (প্রকল্প গবেষণা) ডা. মো. সহিদুল ইসলাম। কর্মশালার বিভিন্ন পর্বে প্রকল্পের প্রধান গবেষকরা নিজ নিজ গবেষণার লক্ষ্য ও উদ্দেশ্য, বাস্তবায়ন কৌশল, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা এবং দেশের কৃষিতে সম্ভাব্য প্রয়োগ ও প্রভাব নিয়ে তথ্যসমৃদ্ধ উপস্থাপনা করেন। তিনদিনের নিবিড় আলোচনা, অভিজ্ঞতা বিনিময় ও মতামত পর্যালোচনার মধ্যদিয়ে গবেষণা পরিকল্পনাগুলোকে আরও বাস্তবমুখী, সময়োপযোগী ও ফলাফলনির্ভর করে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়। প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান বলেন, সরকারের কৃষির আধুনিকায়ন, উৎপাদনশীলতা বৃদ্ধি ও খাদ্যনিরাপত্তা নিশ্চিত করার পরিকল্পনা বাস্তবায়নে গবেষণার কোনো বিকল্প নেই। আমাদের গবেষণা হতে হবে জাতীয় কৃষি উন্নয়নের অগ্রাধিকারের সঙ্গে সঙ্গতিপূর্ণ, উদ্ভাবননির্ভর ও কৃষকের জন্য প্রয়োগযোগ্য। কারণ গবেষণার প্রকৃত সার্থকতা তখনই, যখন তার সুফল কৃষকের মাঠে পৌঁছে দেশের কৃষির উৎকর্ষ সাধনে ভূমিকা রাখে।