রামেক হাসপাতালে নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতা আটক

ফন্ট সাইজ:

নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) শাখার শীর্ষ দুই নেতাকে পরিচালকের কার্যালয়ে অবরুদ্ধ রাখার পর পুলিশে সোপর্দ করেছে সাধারণ শিক্ষার্থীরা। মঙ্গলবার বেলা ১১টা থেকে পরিচালকের সঙ্গে গোপন বৈঠকের অভিযোগে রামেক শাখা ছাত্রলীগের সভাপতি শুভ সরকার ও সাধারণ সম্পাদক নাহিদ হাসানকে অবরুদ্ধ করে রাখা হয়। পরে দুপুরের দিকে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে এসে উত্তেজনাকর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং তাদের দু’জনকে আটক করে নিয়ে যায়। ?প্রত্যক্ষদর্শীরা জানান, নিষিদ্ধ সংগঠনের দুই নেতার সঙ্গে পরিচালকের গোপন বৈঠকের খবর ছড়িয়ে পড়লে শিক্ষার্থীরা কার্যালয়ের সামনে বিক্ষোভ শুরু করেন।

একপর্যায়ে ভেতর থেকে দরজা বন্ধ থাকায় শিক্ষার্থীরা তালা ভেঙে প্রবেশের চেষ্টা করলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয়। পরে পুলিশসহ এসআরবি ও সিআরটির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে শুভ সরকার ও নাহিদ হাসানকে আটক করে থানায় নিয়ে যায়। এদিকে মশাল মিছিলের প্রস্তুতি নেয়ার সময় দুপুরে রাজশাহীর মোহনপুর থেকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের দুই কর্মীকে আটক করেছে মোহনপুর থানা পুলিশ।