জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) প্রধান ফটকে তালা ঝুলিয়েছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের জাবি শাখার নেতাকর্মীরা। এ সময় দায়িত্বে থাকা নিরাপত্তাকর্মীদের গুলি করার হুমকি দেয়ার অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে। মঙ্গলবার ‘লকডাউন কর্মসূচি’র অংশ হিসেবে ভোররাত সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটায় তারা। এ ঘটনার একটি ভিডিও প্রকাশ্যে এসেছে। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. আবদুল হালিম বলেন, ‘তিনটি মোটরসাইকেলে করে ৮-১০ জন এসে ফটকে তালা লাগিয়ে দেয়।
এ সময় তারা নিরাপত্তাকর্মীদের গুলি করার হুমকি দেয়। বিষয়টি তাৎক্ষণিকভাবে পুলিশকে জানানো হয়। তখন পুলিশ টহলে ছিল, কিন্তু তারা ঘটনাটি ঘটিয়ে দ্রুত চলে যায়।’ প্রক্টর আরও বলেন, ঘটনার পর সাভার ও আশুলিয়া থানা-পুলিশ, সাভার সার্কেল, ডিজিএফআইসহ সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বিষয়টি জানানো হয়েছে। এ ঘটনায় মামলা করার প্রস্তুতি চলছে। পাশাপাশি প্রধান ফটকে পুলিশ মোতায়েন ও টহল জোরদারের অনুরোধ জানানো হয়েছে।
