তদন্ত কমিটি গঠন

চাটমোহরে সার লুটের ঘটনায় থানায় মামলা, আটক ১

ফন্ট সাইজ:

পাবনার চাটমোহর উপজেলায় হট্টগোল ও ভাঙচুর করে গোডাউন থেকে ৬১১ বস্তা সার লুটের ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। এ ছাড়া ঘটনা তদন্তে জেলা প্রশাসন ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে। এদিকে ঘটনার পর মাইকিং করে সার ফেরত দেয়ার আহ্বান জানায় উপজেলা প্রশাসন। এখন পর্যন্ত ১০৭ বস্তা সার ফেরত পাওয়া গেছে। এর আগে সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার ছাইকোলা বাজার এলাকায় ডিলার প্রদীপ কুমার পালের গোডাউন থেকে সার লুটের ঘটনা ঘটে। ঘটনার দিন রাতেই থানায় এ বিষয়ে একটি মামলা দায়ের করা হয়। চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলিউর রহমান জানান, সার গোডাউন ভাঙচুর ও সার লুটের ঘটনায় ডিলার প্রদীপ কুমার পালের ম্যানেজার নিরঞ্জন কুমার ঘোষ বাদী হয়ে চাটমোহর থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলায় অজ্ঞাতনামা ২০০ থেকে ২৫০ জনকে আসামি করা হয়েছে।

এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে মঙ্গলবার সকালে অভিযান চালিয়ে লাঙলমোড়া গ্রামের জহুরুল ইসলাম নামের এক ব্যক্তিকে আটক করে জেলহাজতে পাঠানো হয়েছে। এ সময় তার কাছ থেকে ৯ বস্তা সার উদ্ধার করা হয়েছে। সব মিলিয়ে এখন পর্যন্ত ১০৭ বস্তা সার ফেরত পাওয়া গেছে।
অন্যদিকে সার লুটের ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে জেলা প্রশাসন। সোমবার বিকালে জেলা প্রশাসক আমিনুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটির আহ্বায়ক করা হয়েছে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লিটন ঢালীকে। কমিটির অন্য দুই সদস্য হলেন- পাবনার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) সাখাওয়াত হোসেন এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পাবনার অতিরিক্ত উপ-পরিচালক (শস্য) লুৎফর রহমান।

অফিস আদেশে কমিটিকে সরজমিন ঘটনাস্থল পরিদর্শন করে সুস্পষ্ট মতামত ও সুপারিশসহ তদন্ত প্রতিবেদন জেলা প্রশাসকের কার্যালয়ে জমা দিতে বলা হয়েছে। প্রসঙ্গত, সোমবার দুপুরে চাটমোহর উপজেলার ছাইকোলা ইউনিয়ন পরিষদের সামনে একটি টিনশেড ঘরে ডিলার প্রদীপ কুমার পাল সার বিতরণ করছিল। এ সময় সার নিতে আসা কৃষকদের মধ্যে লাইনে দাঁড়ানো নিয়ে ও দেরিতে সার দেয়া নিয়ে হট্টগোল শুরু হয়। একপর্যায়ে উত্তেজিত লোকজন ডিলারের টিনশেড ঘর ভাঙচুর করে এবং সার লুটপাট শুরু করে। এ সময় পুলিশ ও ডিলারের লোকজন বাধা দিতে গেলে তাদের ওপর ইটপাটকেল নিক্ষেপ করা হয়।