পাবনা জেলা বিএনপিতে দীর্ঘদিনের নেতৃত্বের বিরোধ, সাংগঠনিক দুর্বলতা এবং গ্রুপিং কাটছেই না। জেলা কমিটি পূর্ণাঙ্গ না হওয়ার পাশাপাশি উপজেলা ও পৌর পর্যায়ের অনেক ইউনিটেও পূর্ণাঙ্গ কমিটি নেই। কোথাও কমিটি নিয়ে বিরোধ, কোথাও নেতৃত্বের দ্বন্দ্ব, আবার কোথাও একই দলের নেতারা পৃথক বলয়ে বিভক্ত। জাতীয় সংসদ নির্বাচনের আগে থেকে চলে আসা এই বিভাজন নির্বাচনোত্তর সময়ে আরও প্রকট আকার ধারণ করেছে। দলীয় কর্মসূচি পালনে বিভক্তির চিত্র যেমন স্পষ্ট, তেমনি আসছে স্থানীয় সরকার নির্বাচনকে ঘিরে প্রার্থিতা ও দলীয় সমর্থন নিয়ে নতুন করে বিরোধ ও শঙ্কা তৈরি হয়েছে। সূত্র জানায়, পাবনা-১ (সাঁথিয়া ও বেড়া) আসনে নেতৃত্ব ও সাংগঠনিক কর্তৃত্ব নিয়ে তীব্র বিরোধ রয়েছে। গত জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে সাঁথিয়ায় ৭ই নভেম্বর ভিপি শামসুর রহমানের নেতৃত্বে শোভাযাত্রা এবং পরদিন ৮ই নভেম্বর পৌর বিএনপি’র আরেকটি অংশ পৃথক কর্মসূচি পালন করে।
এ ছাড়া হাবিবুর রহমান হাবিবের ঘোষিত উপজেলা ও পৌর কমিটিকে ঘিরেও নানা অভিযোগ রয়েছে, যা তৃণমূল নেতাকর্মীদের বিভ্রান্ত করছে। পাবনা-৩ (চাটমোহর, ফরিদপুর ও ভাঙ্গুড়া) আসনে সংসদ নির্বাচনে বিএনপি’র প্রার্থী হাসান জাফির তুহিনের বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে বহিষ্কৃত হন কে এম আনোয়ারুল ইসলাম। নির্বাচনের সময় প্রার্থী তুহিনের পক্ষে অবস্থান নেয়া সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য এডভোকেট আরিফা সুলতানা রুমা এবং জেলা বিএনপি’র সদস্য সচিব এডভোকেট মাকসুদুর রহমান মাসুদ খোন্দকার নির্বাচনের পর বর্তমানে তুহিনের বিপক্ষে অবস্থান নিয়ে পৃথক রাজনৈতিক কর্মকাণ্ড চালাচ্ছেন। এ ছাড়া ঈশ্বরদী, সাঁথিয়া, চাটমোহর, ফরিদপুর ও ভাঙ্গুড়ায় উপজেলা ও পৌর বিএনপি’র পক্ষগুলো আলাদাভাবে কর্মসূচি পালন করেছে। পাবনা-৪ (ঈশ্বরদী ও আটঘরিয়া) আসনে বিএনপি’র প্রার্থী হাবিবুর রহমান ও বিদ্রোহী প্রার্থী জাকারিয়া পিন্টুর মধ্যকার দ্বন্দ্ব নির্বাচন পেরিয়ে সাংগঠনিক বিরোধে রূপ নিয়েছে। জাকারিয়া পিন্টু ও তার অনুসারীদের দল থেকে বহিষ্কার করা হলেও দ্বন্দ্ব থামেনি।
জেলা আহ্বায়ক হাবিবুর রহমান কমিটি ঘোষণা করার বিপরীতে জাকারিয়া পিন্টু তার অনুসারীদের নিয়ে পাল্টা কমিটি ঘোষণা করায় ঈশ্বরদীতে বিভক্তি চরমে পৌঁছেছে। পদবঞ্চিতদের অভিযোগ ত্যাগের মূল্যায়ন না করার বিরুদ্ধে, আর জেলা নেতৃত্বের দাবি সাংগঠনিক নিয়মেই কমিটি হয়েছে। তবে পাবনা সদরে দলীয় বিরোধ নিরসন ও নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করে সাংগঠনিক কার্যক্রম এগিয়ে নিয়ে যাচ্ছেন পাবনা-৫ (সদর) আসনের সংসদ সদস্য এডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস। জেলা, উপজেলা, পৌর ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সঙ্গে তিনি ধারাবাহিক মতবিনিময় করছেন। অভ্যন্তরীণ বিরোধ মীমাংসা, দলীয় শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং তৃণমূলকে সংগঠিত করতে নেতাদের নিয়ে বৈঠক করছেন। এর আগে তার নেতৃত্বে কয়েকদিনের ধারাবাহিক বৈঠক অনুষ্ঠিত হয়। অভ্যন্তরীণ বিরোধ নিরসনে জ্যেষ্ঠ নেতাদের সমন্বয়ে একটি কমিটিও গঠন করেন তিনি। তার এই উদ্যোগে সদর এলাকার নেতাকর্মীদের মধ্যে সাংগঠনিক তৎপরতা ও পারস্পরিক যোগাযোগ বাড়ছে এবং দলকে সুসংগঠিত করার প্রচেষ্টা চলছে। জাতীয় নির্বাচনের এ বিভাজনের সঙ্গে এখন যুক্ত হয়েছে আসন্ন স্থানীয় সরকার নির্বাচন।
উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় মনোনয়ন বা সমর্থন পাওয়ার হিসাবনিকাশকে কেন্দ্র করে সম্ভাব্য প্রার্থীদের ঘিরে নেতাকর্মীরা নতুন করে পৃথক বলয়ে অবস্থান নিচ্ছেন, যা তৃণমূলের বিভক্তি আরও দীর্ঘায়িত করার আশঙ্কা তৈরি করেছে। সার্বিক বিষয়ে পাবনা জেলা বিএনপি’র সদস্য সচিব এডভোকেট মাকসুদুর রহমান মাসুদ খোন্দকার মানবজমিনকে জানান, জেলা বিএনপিতে কোনো নেতৃত্বের বিরোধ বা সাংগঠনিক দুর্বলতা নেই। যারা পৃথক কর্মকাণ্ড চালাচ্ছেন বা বিরূপ বক্তব্য দিচ্ছেন, তারা দল থেকে বহিষ্কৃত। এ ছাড়া পৃথক কর্মসূচি পালনের বিষয়ে তিনি মন্তব্য করেন যে, বিএনপি’র বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠন সাংগঠনিক নিয়ম অনুযায়ী নিজস্ব উদ্যোগে পৃথক কর্মসূচি পালন করতেই পারে।
