নড়াইলের মধুমতি সর্বগ্রাসী রূপ ধারণ করেছে। ভাঙন যেন কিছুতেই থামছে না। ভাঙনে একের পর এক ঘরবাড়ি ও ফসলি জমি নদীগর্ভে বিলীন হচ্ছে। জেলার লোহাগড়া উপজেলার আমডাঙ্গা ও শিকারপুর গ্রাম জুড়ে মধুমতী নদীর ভাঙন সর্বগ্রাসী রূপ নিয়েছে। এখানকার অন্তত তিন কিলোমিটারব্যাপী ভাঙনে ঘরবাড়ি ও জায়গা-জমি হারিয়ে অনেকেই নিঃস্ব হয়েছেন। দিন দিন এসব এলাকার সর্বহারা মানুষের মিছিল দীর্ঘতর হচ্ছে। সম্প্রতি সরজমিন ভাঙনকবলিত লোহাগড়া উপজেলার জয়পুর ইউনিয়নের আমডাঙ্গা গিয়ে দেখা যায়, তীব্র ভাঙনের চিহ্ন নদীতীর জুড়ে। নদীর মধ্যে অথৈ পানিতে ডুবে থাকা নারকেল, সুপারি ও কলাগাছের অগ্রভাগ তীব্র স্রোতে দোল খাচ্ছে। নদীগর্ভে বিলীন হওয়া ভিটেমাটির শেষ চিহ্ন বহন করছে বসতির আঙিনা, আশপাশের এসব গাছপালা। ভাঙনের কবলে আমডাঙ্গা পাকা জামে মসজিদের সিংহভাগ নদীতে বিলীন হয়ে গেছে।
সামান্য যেটুকু অংশ অবশিষ্ট আছে তাও যেকোনো সময় নদীতে হরিয়ে যাবে। পানি উন্নয়ন বোর্ড বালুভর্তি জিওব্যাগ ফেলে ভাঙন রোধের চেষ্টা করেছে। তবে ভাঙনের ব্যাপকতার তুলনায় তা নগণ্য। ফলে সুফল পাচ্ছে না বাসিন্দারা। বার বার বসতভিটা হারিয়ে চোখেমুখে আতঙ্কের ছাপ তাদের। ভাঙনপীড়িতরা জানান, নদী ভাঙনের দৃশ্য তাদের কাছে নিত্যনৈমিত্তিক। এ ভাঙন তারা বংশপরম্পরায় দেখে আসছেন। কিন্তু এ ভাঙন থেকে তাদের মুক্তি মিলছে না। মধুমতী পাড়ের আমডাঙ্গা এলাকার একাধিক ব্যক্তি জানান, ভাঙনের হাত থেকে মুক্তি পেতে তারা একাধিকবার বাড়িঘর সরিয়েছেন। নদী থেকে অনেক দূরে ঘরবাড়ি করেছেন। ভাঙতে ভাঙতে এক সময় তাদের সেই বাড়ি ভেঙে নদীতে চলে যাচ্ছে। এভাবে বার বার ঘরবাড়ি সরিয়ে এবং ভাঙনের মুখে পড়ে তারা সর্বস্বান্ত হয়েছেন। বিগত ১ দশকের অব্যাহত ভাঙনে শত শত একর ফসলি জমি, অসংখ্য বসতবাড়ি স্থাপনা নদীগর্ভে বিলীন হয়েছে।
একমাত্র নদী ভাঙনের কারণে হতদরিদ্র এ জনপদের অধিকাংশ মানুষ নিঃস্ব হয়ে পড়েছে। এবারো বিগত দু’মাসব্যাপী অব্যাহত ভাঙন সবকিছু গ্রাস করে চলেছে। ভাঙনের তীব্রতা বাড়লে প্রতি বছর পানি উন্নয়ন বোর্ড বালুর বস্তা ফেলে ভাঙন রোধের চেষ্টা করে। কিন্তু তা কোনো কাজে আসে না। এ কাজ করে সংশ্লিষ্ট ঠিকাদার ও পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তা-কর্মচারীরা কিছু সুবিধা পান। ভাঙনকবলিতরা কোনো উপকার পান না। তাদের যে ক্ষতি হবার তা হয়ে যায়। অবহেলিত এ জনপদ রক্ষায় ভুক্তভোগীরা সরকারের কাছে স্থায়ী তীররক্ষা বাঁধ নির্মাণের দাবি জানিয়েছেন। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী অভিজিৎ কুমার সাহা বলেন, বিগত কয়েক বছর যাবত বর্ষা মৌসুমে নদীর পানির আধিক্যে স্র্রোতের তোড়ে সংলগ্ন এলাকার ভাঙন তীব্র হয়েছে। এ ছাড়া তিনি নদীভাঙনের জন্য বালু উত্তোলন অনেকাংশে দায়ী জানিয়ে বলেন, ভাঙনরোধে আপদকালীন অস্থায়ী কার্যক্রম চলমান রয়েছে। আমডাঙ্গা এলাকায় ভাঙনরোধে ১ হাজার ৭শ’ মিটার স্থায়ী তীররক্ষা প্রকল্প প্রণয়ন করে প্রস্তাবনা আকারে পাঠানো হয়েছে। প্রকল্প অনুমোদন হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
