শেরপুরের গারো পাহাড়ে বন্যহাতি ও মানুষের সংঘাত দীর্ঘদিনের সমস্যা। হাতির তাণ্ডবে নষ্ট হচ্ছে কৃষকের ফসল, ভাঙছে ঘরবাড়ি, ঘটছে প্রাণহানিও। দুই যুগেরও বেশি সময় ধরে চলা এ সংঘাত কমাতে এবার নেয়া হয়েছে প্রযুক্তিনির্ভর ব্যতিক্রমী উদ্যোগ। নালিতাবাড়ী উপজেলার পাহাড়ি এলাকায় হাতির চলাচলের পথে পরীক্ষামূলকভাবে স্থাপন করা হয়েছে ১৫টি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ক্যামেরা। এসব ক্যামেরায় হাতির উপস্থিতি শনাক্ত হলেই সংশ্লিষ্ট ব্যক্তিদের মুঠোফোনে পৌঁছে যাচ্ছে সতর্কবার্তা। এতে কৃষকের ফসল, ঘরবাড়ি ও মানুষের প্রাণরক্ষার নতুন আশা তৈরি হয়েছে। জানা গেছে, শেরপুরের নালিতাবাড়ী, শ্রীবরদী ও ঝিনাইগাতী উপজেলার সীমান্তবর্তী পাহাড়ি এলাকায় খাবারের সন্ধানে প্রায়ই লোকালয়ে নেমে আসে বন্যহাতির দল। এতে ধানসহ বিভিন্ন ফসলের ক্ষতি হয়, ভাঙচুর হয় বসতবাড়ি। হাতি তাড়ানোর চেষ্টা করতে গিয়ে অনেক সময় মানুষ ও বন্যহাতি মুখোমুখি হয়।
এতে উভয়পক্ষের প্রাণহানির ঘটনাও ঘটছে। তথ্যমতে, গত ১৩ বছরে শেরপুরের গারো পাহাড়ি অঞ্চলে মানুষ-হাতির সংঘাতে অন্তত ৩৩টি বন্যহাতি মারা গেছে। একই সময়ে প্রাণ হারিয়েছেন ৩৪ জন মানুষ। এ পরিস্থিতিতে নালিতাবাড়ী উপজেলার সমশ্চূড়া থেকে মায়াঘাসি গ্রাম পর্যন্ত হাতি চলাচলের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে ১৫টি এআই ক্যামেরা স্থাপন করা হয়েছে। ক্যামেরাগুলোর সঙ্গে সংযুক্ত রয়েছে টেলিগ্রাম সফ্টওয়্যার। হাতির উপস্থিতি শনাক্ত হওয়ার সঙ্গে সঙ্গেই বন বিভাগের কর্মকর্তা ও এলিফ্যান্ট রেসপন্স টিমের (ইআরটি) সদস্যদের মুঠোফোনে স্বয়ংক্রিয়ভাবে সতর্কবার্তা পৌঁছে যায়। পরে তারা দ্রুত স্থানীয় কৃষক ও বাসিন্দাদের সতর্ক করেন। এতে হাতির চলাচল সম্পর্কে আগেভাগে জানতে পারছেন স্থানীয়রা। ফলে নিরাপদ স্থানে সরে যাওয়া এবং ফসল ও বসতবাড়ি রক্ষার প্রস্তুতি নেয়ার সুযোগ তৈরি হচ্ছে।
ময়মনসিংহ বন বিভাগের মধুটিলা রেঞ্জ কর্মকর্তা আব্দুল করিম বলেন, এআই ক্যামেরা স্থাপনের ফলে হাতির উপস্থিতির খবর আগের তুলনায় দ্রুত পাওয়া যাচ্ছে। ফলে স্থানীয়দের সতর্ক করা সম্ভব হচ্ছে।
হাতি ও মানুষের প্রাণহানি ঠেকাতে আরও বিভিন্ন কার্যক্রম চলমান রয়েছে। এলাকাবাসীর দাবি, শুধু নালিতাবাড়ীতে সীমাবদ্ধ না রেখে শেরপুর জেলার শ্রীবরদী ও ঝিনাইগাতীসহ সব পাহাড়ি ও হাতি চলাচলপ্রবণ এলাকায় পর্যায়ক্রমে এ ধরনের ক্যামেরা স্থাপন করা হোক। তাদের মতে, ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে আগাম সতর্কবার্তার ব্যবস্থা চালু করা গেলে মানুষ ও বন্যহাতির মুখোমুখি হওয়ার ঝুঁকি, প্রাণহানি এবং ফসলের ক্ষয়ক্ষতি অনেকটাই কমানো সম্ভব হতে পারে। মানুষ ও বন্যহাতি-উভয়ের জীবন রক্ষায় প্রযুক্তির ব্যবহার, বন বিভাগের সক্রিয় ভূমিকা এবং স্থানীয় মানুষের সচেতনতার সমন্বয় জরুরি। পাহাড়ি জনপদে মানুষ ও বন্যহাতির নিরাপদ সহাবস্থান নিশ্চিত করতে পরীক্ষামূলক এ উদ্যোগ কতোটা কার্যকর হয়, এখন সেদিকেই তাকিয়ে স্থানীয়রা।
