বিয়ানীবাজার উপজেলা সমবায় অফিসের অধীনে শতাধিক নিবন্ধিত সমিতি থাকলেও সক্রিয় আছে মাত্র ৪০টি। এসব সমবায় সমিতির কার্যক্রম মনিটরিং ও তদারকি নেই বললেই চলে। মূলত মনিটরিং ও তদারকির অভাবে এখানকার বেশির ভাগ সমিতিতে চলছে সীমাহীন নৈরাজ্য। এসব নৈরাজ্যের কারণে নিষ্ক্রিয় হয়ে গেছে অধিকসংখ্যক সমবায় সমিতি। যার খেসারত দিতে হচ্ছে সাধারণ সমবায়ীদের। বিভিন্ন সূত্র জানায়, বিয়ানীবাজারের সক্রিয় সংগঠনগুলোর মধ্যে বেশিরভাগ হচ্ছে মৎস্যজীবী সমবায় সমিতি। উপজেলায় ৩৫টির মত মৎস্য সমবায় সমিতির কার্যক্রম চলমান। এতগুলো সমিতি আবার নিয়ন্ত্রণ করেন মাত্র ৩-৪ জন ব্যক্তি। যারা উপজেলার জলমহালগুলো লুটেপুটে খাচ্ছেন অন্তত ২০ বছর থেকে। গত পতিত সরকারের সময় থেকে এই সিন্ডিকেট অধিক বেপরোয়া হয়ে ওঠে। উপজেলা আওয়ামী লীগের প্রভাবশালী ২-৩ জন নেতার প্রত্যক্ষ মদতে গড়ে উঠে মৎস্য লুটপাটের সমবায় সমিতি নামক এ সিন্ডিকেট। যার ধারাবাহিকতা এখনো চলমান।
অনুসন্ধানে জানা গেছে, মৎস্যজীবী সমবায় সমিতির বাইরে তিনটি মাত্র সংগঠন অর্থলগ্নি প্রতিষ্ঠান হিসেবে উপজেলায় কাজ করছে। এরমধ্যে বড় ধরনের একটি সমবায় সমিতি নানা কারণে সমালোচিত ও প্রায় বিলুপ্ত হয়ে গেছে। মনিটরিং না থাকায় অনেকটা ব্যক্তি মালিকানাধীন সমিতিগুলো ইচ্ছামতো পরিচালিত হচ্ছে। বেশির ভাগ ক্ষেত্রে সমিতির সাধারণ সভা, অডিট, পরিদর্শন করা হচ্ছে না। এ ছাড়াও বিয়ানীবাজার উপজেলা সমবায় অফিস থেকে নতুন সমবায় সমিতি গঠন ও বৈধতা দেয়ার জন্য নিবন্ধন প্রদান এবং নিবন্ধনসংক্রান্ত বিভিন্ন সেবা, সমবায় সমিতিগুলোর নিয়মিত ব্যবস্থাপনা কমিটি গঠন ও সুষ্ঠু নির্বাচন পরিচালনা তদারকি করা, ব্যবসায়িক কার্যক্রমে অনুপ্রাণিত ও সহায়তা করা এবং তাদের কার্যক্রম তদারকি করার কোনো খবর পাওয়া যায় না। উপজেলা সমবায় অফিস সূত্র জানায়, সমিতির অডিট, পরিদর্শন, নির্বাচনসহ সার্বিক কার্যক্রম তদারকি করার সক্ষমতা নেই কর্মকর্তাদের। ব্যাপক জনবল সংকট থাকার কারণে মূলত বিয়ানীবাজারের সমবায় অফিস নিজেই ধুঁকছে। বিয়ানীবাজার উপজেলা সমবায় কর্মকর্তা কৃষ্ণা রানী তালুকদার জানান, সক্রিয় সমবায় সমিতিগুলো ভালো করছে। আমরা উপজেলা দপ্তর থেকে জনবল সংকটের পরও নিয়মিত নজরদারি করছি। এরপরও কোনো অভিযোগ থাকলে আমরা তদন্ত করে ব্যবস্থা নিবো।
