চিত্রনায়িকা মেঘলা মুক্তার বাবা নিখোঁজ হয়েছেন। নিখোঁজ হওয়ার পর থেকে উদ্বেগ-উৎকণ্ঠায় সময় পার করছে তার পরিবার। সোমবার রাতে উত্তরখান থেকে বসুন্ধরা আবাসিক এলাকায় ফেরার পথে নিখোঁজ হন তিনি। সর্বশেষ রাত ৮টা ৫০ মিনিটে মেয়ের সঙ্গে কথা হয়েছিল তার। এরপর থেকে মোবাইল ফোন বন্ধ থাকায় কোনোভাবেই যোগাযোগ করা সম্ভব হচ্ছে না। মঙ্গলবার সকাল পর্যন্ত বাবার কোনো সন্ধান না পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন মেঘলা মুক্তা।
তিনি বলেন, বাবাকে খুঁজতে রাতভর বিভিন্ন জায়গায় ছুটেছেন পরিবারের সদস্যরা। কিন্তু কোথাও তার সন্ধান মেলেনি। উত্তরখানে তাদের একটি জায়গায় নির্মাণকাজ চলছে। প্রতিদিনের মতো সোমবারও সেই কাজ দেখাশোনা করতে সেখানে গিয়েছিলেন তার বাবা। কাজ শেষ করে রাত ৮টার দিকে বসুন্ধরা আবাসিক এলাকার বাসার উদ্দেশে রওনা হন। এর প্রায় ৫০ মিনিট পর মেয়ের সঙ্গে শেষবার কথা হয় তার। মেঘলা বলেন, প্রথমদিকে বাবার মোবাইল ফোনের চার্জ শেষ হয়ে গেছে বলে মনে করেছিলেন তারা। কিন্তু অনেক রাত হয়ে যাওয়ার পরও তিনি বাসায় না ফেরায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েন। পরে উত্তরখান থেকে বসুন্ধরা আসার পথের দুই পাশে খোঁজাখুঁজি শুরু করেন। সারা রাত খুঁজেও বাবার কোনো খোঁজ পাননি তারা। বাবা শারীরিকভাবে অসুস্থ হওয়ায় পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠেছে বলে বলেন মেঘলা। তাকে খুঁজে পেতে উত্তরার আশপাশের বিভিন্ন হাসপাতাল এবং কুর্মিটোলা হাসপাতালেও যোগাযোগ করা হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো তথ্য পাওয়া যায়নি। এ ঘটনায় উত্তরখান থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে পরিবার।
এর আগে মঙ্গলবার ভোররাত ৩টা ১৮ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে বাবার সঙ্গে তোলা কয়েকটি ছবি প্রকাশ করেন মেঘলা। সেখানে বাবার নিখোঁজ হওয়ার বিষয়টি জানিয়ে সবার সহযোগিতা চান তিনি। অভিনেত্রীর ভাষ্য, কেউ তার বাবাকে কোথাও দেখে থাকলে কিংবা তার অবস্থান সম্পর্কে সামান্য কোনো তথ্য জানলেও যেন দ্রুত পরিবারের সঙ্গে যোগাযোগ করেন। বাবাকে সুস্থ ও নিরাপদ অবস্থায় ফিরে পাওয়ার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন তিনি। উল্লেখ্য, গত ২৮ জুলাই রাজধানীর বনানীতে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছিলেন মেঘলা মুক্তা। দীর্ঘদিন হাসপাতালে চিকিৎসা নিতে হয়েছিল তাকে। এমনকি কিছুদিন আইসিইউতেও ছিলেন এই অভিনেত্রী।
দুর্ঘটনার পর চিকিৎসা ও আইনি লড়াইয়ের বিষয়েও এক সাক্ষাৎকারে কথা বলেছিলেন তিনি। সে সময় জানিয়েছিলেন, দুর্ঘটনাসংক্রান্ত মামলার কাজে তার বাবাকে নিয়মিত আদালতে যেতে হচ্ছে। বাংলাদেশি সিনেমার পাশাপাশি ভারতের তেলেগু চলচ্চিত্রেও অভিনয় করেছেন মেঘলা মুক্তা। ‘সাকালা কালা ভাল্লাভুডু’ সিনেমার মাধ্যমে তেলেগু চলচ্চিত্রে পরিচিতি পান তিনি। এ ছাড়া ‘পায়ের ছাপ’, ‘কাঠগোলাপ’ ও ‘আগুনের পাখি’ তার অভিনীত উল্লেখযোগ্য বাংলাদেশি সিনেমা।
