সেই অভিযুক্ত কিশোরকে গ্রেপ্তার

কুষ্টিয়ায় বাসার সমানে স্কুলছাত্রীকে ছুরিকাঘাত

সেই অভিযুক্ত কিশোরকে গ্রেপ্তার

ফন্ট সাইজ:

কুষ্টিয়া শহরের থানা পাড়া এলাকায় বাসার সামনে স্কুলছাত্রীকে (১৬) ছুরিকাঘাতের ঘটনায় অভিযুক্ত কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার দিবাগত রাত ১টার দিকের সদর উপজেলার পাটিকাবাড়ি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। কুষ্টিয়া মডেল থানার ওসি জাকির হোসেন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, ঘটনার পর থেকেই অভিযুক্তকে গ্রেপ্তারে বিভিন্ন স্থানে অভিযান চালানো হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দিবাগত রাত ১টার দিকে পাটিকাবাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

স্থানীয়দের দেওয়া তথ্য অনুযায়ী, প্রায় ২০ বছর আগে ওই কিশোরের পরিবার পূর্ব মজমপুর এলাকায় বসবাস শুরু করে। তার বাবা দীর্ঘদিন ধরে সৌদি আরব প্রবাসী। বড় ভাই থাকেন নেদারল্যান্ডসে। দুই ভাইয়ের মধ্যে সে ছোট।

প্রতিবেশীরা জানায়, ওই কিশোর একটি স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী। বারবার ফেল করার কারণে এর আগে একাধিকবার স্কুল পরিবর্তন করেছে সে। এলাকায় তাকে খুব একটা দেখা যেত না। স্থানীয়দের সঙ্গেও তার তেমন মেলামেশা ছিল না। স্কুলছাত্রীকে ছুরিকাঘাতের ঘটনায় তার নাম আসায় বিস্ময় প্রকাশ করে প্রতিবেশীরা।

গতকাল সোমবার দুপুর ১টা ১০ মিনিটের দিকে শহরের থানা পাড়ায় নিজ বাসার সামনে ছুরিকাঘাতের শিকার হয় ওই স্কুলছাত্রী। স্কুল ছুটির পর বাড়ি ফিরে বাসার গেট খোলার অপেক্ষায় দাঁড়িয়ে ছিল সে। এ সময় কালো শার্ট পরা কিশোর এসে ধারালো ছুরি দিয়ে তাকে আঘাত করে। চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এলে ছুরি ফেলে পালিয়ে যায় কিশোর। পরে স্থানীয়রা ওই ছাত্রীকে উদ্ধার করে দুপুর ১টা ৪০ মিনিটের দিকে কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে। বর্তমানে সে সেখানে চিকিৎসাধীন।

অভিযোগ রয়েছে, একটি কোচিং সেন্টারে পড়ার সময় থেকেই অভিযুক্ত কিশোর ওই ছাত্রীকে বিভিন্নভাবে উত্ত্যক্ত করে আসছিল। দীর্ঘদিনের এই উত্ত্যক্তের প্রতিবাদ করায় ক্ষুব্ধ হয়ে সে ছুরিকাঘাত করে।