অবশেষে বৃটিশ কমেডিয়ান রাসেল ব্রান্ডের বিরুদ্ধে মুখ খুললেন তার সাবেক স্ত্রী জেমিমা গোল্ডস্মিথ। তিনি সহিংসতা, জবরদস্তিমুলক নিয়ন্ত্রণ ও নির্যাতনের অভিযোগ তুলেছেন। উল্লেখ্য, রাসেল ব্রান্ডের আগে জেমিমার বিয়ে হয়েছিল পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে। তাদের দু’টি ছেলে আছে। কিন্তু ইমরানের সঙ্গে বিচ্ছেদ হয় তার।
সম্প্রতি এক ম্যাসাজ থেরাপিস্টকে এক দশকেরও বেশি সময় ধরে মুখ বন্ধ রাখতে বাধ্য করার ঘটনায় এ দু’জনের নাম উঠে আসে। তার পর এ অভিযোগ করেন জেমিমা। এ খবর দিয়েছে অনলাইন ডেইলি মেইল। মঙ্গলবার বিকেলে জেমিমা ২০১৪ সালের একটি পৃথক ‘সহিংস’ ঘটনার কথা প্রকাশ করেন। ওই ঘটনার পর রাসেল ব্র্যান্ডকে তার বাড়ি থেকে সরিয়ে নিতে পুলিশ ডাকতে হয়েছিল বলে জানান তিনি।
প্রতিবেদন অনুযায়ী, একই বছর পর্যন্ত তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক বিবৃতিতে জেমিমা জানান, সে সময় নিজের এবং সন্তানদের জীবনে এর প্রভাব পড়ার আশঙ্কায় তিনি অভিযোগ দায়ের করেননি। তবে কথিত ঘটনাটি সম্পর্কে বিস্তারিত কিছু বলেননি। এ ঘটনা সামনে এসেছে চলতি সপ্তাহে রাসেল ব্র্যান্ড ও জেমিমার বিরুদ্ধে হাঙ্গেরীয় ম্যাসাজ থেরাপিস্ট সিলভিয়া বারকির ওপর আদালতের নিষেধাজ্ঞা চাওয়ার বিষয়টি নিয়ে প্রতিবেদন প্রকাশের পর। তখন ব্র্যান্ড ও জেমিমা সম্পর্কে জড়িত ছিলেন। ২০১৪ সালের জুনে অক্সফোর্ডশায়ারের চিপিং নর্টনের কাছে ১৫ মিলিয়ন পাউন্ড মূল্যের প্রাসাদ কিডিংটন হলে ব্র্যান্ডকে ম্যাসাজ করার জন্য সিলভিয়া বারকিকে নিয়োগ দিয়েছিলেন জেমিমা। ব্র্যান্ডের জন্মদিন উপলক্ষে ওই ম্যাসাজের জন্য ৫০০ পাউন্ড পারিশ্রমিক নির্ধারণ করা হয়েছিল। তবে ম্যাসাজটি শেষ পর্যন্ত হয়নি। পরে বারকি ওই দম্পতির বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ করেন। তার দাবি, তারা তার সঙ্গে একজন পতিতার মতো আচরণ করেছিলেন।
প্রতিবেদন অনুযায়ী, বারকি স্থানীয় থানায় গিয়ে অভিযোগ করেছিলেন, ব্র্যান্ড তাকে ধাক্কা দিয়েছিলেন এবং জেমিমার সাদা আলসেশিয়ান কুকুরটি তার দিকে তেড়ে আসায় তিনি আতঙ্কিত হয়ে পড়েন। ব্র্যান্ড ও জেমিমা অন্যায় আচরণের অভিযোগ অস্বীকার করেন। তারা দাবি করেন, যৌন উদ্দেশ্যে নয়, বরং একটি ‘সাধারণ’ ম্যাসাজের জন্য বারকিকে নিয়োগ দেয়া হয়েছিল। পুলিশের তদন্ত শেষ পর্যন্ত বন্ধ হয়ে যায়। তবে বারকি সামাজিক যোগাযোগমাধ্যমে ওই ঘটনা নিয়ে পোস্ট দেয়া অব্যাহত রাখেন। আদালত এসব পোস্টকে হয়রানি হিসেবে বিবেচনা করে তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেন।
ধর্ষণ ও তিনটি যৌন নিপীড়নের ঘটনায় রাসেল ব্র্যান্ডের ১০ বছর ৬ মাসের কারাদণ্ড হওয়ার পর জেমিমা জানান, তার সাবেক প্রেমিকের হাতেও তিনি ‘সহিংসতার’ শিকার হয়েছেন। এক্সে দেয়া দীর্ঘ বিবৃতিতে তিনি বলেন, প্রথমত এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, আমি ব্র্যান্ডের সব ভুক্তভোগীর পাশে দৃঢ়ভাবে এবং দ্ব্যর্থহীনভাবে রয়েছি। ব্র্যান্ডের বিচারের সময় যেসব সাহসী নারী সামনে এসেছেন, নিজেদের অভিজ্ঞতার কথা বলেছেন, সাক্ষ্য দিয়েছেন এবং ন্যায়বিচার নিশ্চিত করেছেন, তাদের সাহস দেখে আমি বিস্মিত ও শ্রদ্ধাবনত।
