১৯৮৪ সালে স্বর্ণমন্দির চত্বরে পরিচালিত সামরিক অভিযান ‘অপারেশন ব্লু স্টারে’র সময়কার ধ্বংসযজ্ঞের ছবি দেখে সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী মর্মাহত হয়েছিলেন। এ সময় তার চোখে জল দেখেছেন তারই পুত্রবধূ কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী। তিনি নিজের স্মৃতিকথায় এ বিষয়ে লিখেছেন।
তবে তার এ দাবি নিয়ে পাঞ্জাবে নতুন করে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। সোনিয়া গান্ধীর বই ‘বিলংগিং: আ জার্নি অব লাভ’ মঙ্গলবার প্রকাশিত হচ্ছে। বইয়ে ইন্দিরা গান্ধীর আবেগঘন প্রতিক্রিয়ার কথা উঠে আসার খবরের পর তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে শিরোমণি আকালি দল। দলটির মুখপাত্র অর্শদীপ সিং ক্লের কংগ্রেস নেতৃত্বের এই শোক প্রকাশ নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি বলেছেন, অপারেশন ব্লু স্টার ছিল শিখ সম্প্রদায় এবং শিখদের সর্বোচ্চ ধর্মীয় ও সাময়িক কর্তৃত্বের কেন্দ্র শ্রী আকাল তখত সাহিবের ওপর সরাসরি হামলা। তিনি অভিযোগ করেন, অপারেশন ব্লু স্টার একটি ষড়যন্ত্রের অংশ হিসেবে পরিচালিত হয়েছিল। এই ঘটনার ক্ষত প্রজন্মের পর প্রজন্ম ধরে শিখদের হৃদয়ে থেকে যাবে। এ খবর দিয়েছে অনলাইন এনডিটিভি।
১৯৮৪ সালের শিখবিরোধী দাঙ্গার সঙ্গে তুলনা টেনে ক্লের বলেন, কংগ্রেস যে যন্ত্রণা শিখদের দিয়েছে, তা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। তিনি বলেন, শিখদের বিরুদ্ধে গণহত্যা চালিয়েছে কংগ্রেস এবং নিরীহ শিখদের হত্যা করা হয়েছে। কংগ্রেস নেতৃত্বের প্রতি প্রশ্ন তুলে তিনি বলেন, যেসব পরিবার তাদের প্রিয়জনদের হারিয়েছে এবং যাদের বাড়িঘর পুড়িয়ে দেয়া হয়েছে, তাদের সঙ্গে কথা বললেই এই যন্ত্রণার গভীরতা বোঝা যাবে।
বই প্রকাশের আগে দ্য গার্ডিয়ানকে দেয়া এক সাক্ষাৎকারে সোনিয়া গান্ধী বলেন, অপারেশন ব্লু স্টারের সময় ধ্বংসযজ্ঞের ছবি তার শাশুড়ি ইন্দিরা গান্ধীকে দেখানো হলে তার চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ে। অপারেশন ব্লু স্টারের পর ইন্দিরা গান্ধী তার জীবননাশের হুমকি পান। দ্য গার্ডিয়ানকে সোনিয়া বলেন, তিনি (ইন্দিরা গান্ধী) আমাদের বলেছিলেন, তার মৃত্যু হলে আমাদের কী করতে হবে। তাই তিনি বিষয়টি জানতেন। সোনিয়া আরও বলেন, তিনি নিজের মৃত্যুর প্রস্তুতি নিচ্ছিলেন। তিনি রাহুলকে বলেছিলেন, তাকে সাহসী হতে হবে এবং কাঁদা যাবে না।
কংগ্রেসের পক্ষে সাফাই দিয়ে দলটির কার্যকরী সভাপতি রাজ কুমার ভেরকা বলেন, কংগ্রেস কখনোই অপারেশন ব্লু স্টারকে সমর্থন করেনি। তিনি দাবি করেন, কংগ্রেস পাঞ্জাব ও সেখানকার মানুষের পাশে রয়েছে। এ ছাড়া রাহুল গান্ধী ও সোনিয়া গান্ধীর স্বর্ণমন্দির সফরের কথাও উল্লেখ করেন তিনি। বলেন, দুজনই শিখদের এই পবিত্র ধর্মীয় স্থানে গিয়ে প্রার্থনা করেছেন। এই পাল্টাপাল্টি বক্তব্যের মধ্য দিয়ে অপারেশন ব্লু স্টার এবং ১৯৮৪ সালের শিখবিরোধী সহিংসতার সংবেদনশীল ইতিহাস আবারও পাঞ্জাবের রাজনৈতিক আলোচনায় উঠে এসেছে। ১৯৮৪ সালের ঘটনাবলি নিয়ে কংগ্রেসের নৈতিক অবস্থানকে প্রশ্নবিদ্ধ করছে আকালি দল।
অন্যদিকে, সামরিক অভিযানটির কোনো ধরনের সমর্থন থেকে নিজেদের দূরে রাখার চেষ্টা করছে কংগ্রেস। তবে শিখ সম্প্রদায়ের মধ্যে বিষয়টি এখনো গভীর আবেগ ও ক্ষোভের জন্ম দিয়ে চলেছে।
