শেখ হাসিনা ফিরতে চাইলে প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী ব্যবস্থা নেবে সরকার

সহযোগীদের খবর

শেখ হাসিনা ফিরতে চাইলে প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী ব্যবস্থা নেবে সরকার

ফন্ট সাইজ:

প্রথম আলো

‘শেখ হাসিনা ফিরতে চাইলে প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী ব্যবস্থা নেবে সরকার’—এটি দৈনিক প্রথম আলোর প্রধান শিরোনাম। খবরে বলা হয়, জুলাই গণ–অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরতে চাইলে বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার। গতকাল সোমবার বিকেলে জাতীয় সংসদ ভবনে বিএনপির সংসদীয় দলের সভায় হাসিনার দেশে ফেরার প্রসঙ্গ উঠলে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এ কথা বলেন বলে সভা সূত্র জানিয়েছে।

ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরুর আগে বিকেলে সংসদের সরকারদলীয় সভাকক্ষে এ সভায় সভাপতিত্ব করেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান। সভায় উপস্থিত একাধিক সংসদ সদস্য জানান, শেখ হাসিনার দেশে ফেরার গুঞ্জনের বিষয়ে কোনো বক্তব্য দেননি প্রধানমন্ত্রী। তবে তিনি ইঙ্গিত করে বলেন, ‘আমরা ৭ নভেম্বর রাজপথে নেমেছি। রাজপথে আমরা থাকব। রাজপথে থেকেই সব ষড়যন্ত্রের মোকাবিলা আমাদের করতে হবে।’

গতকাল রয়টার্সের খবরে বলা হয়, শেখ হাসিনা দেশে ফিরতে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) চেয়েছেন। লন্ডনভিত্তিক আইনি পরামর্শক প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্সের আইনজীবীরা হাসিনার পক্ষে নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে এ বিষয়ে চিঠি দিয়েছেন। ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানকে লেখা চিঠিতে তাঁরা বলেন, সাবেক অন্তর্বর্তী সরকার ও অন্যান্য কর্তৃপক্ষ শেখ হাসিনার বাংলাদেশি পাসপোর্ট ও এনআইডি বাতিল করেছে বলে জানা গেছে। এ অবস্থায় তাঁরা তাঁদের মক্কেলের জন্য নতুন বাংলাদেশি পাসপোর্ট ও এনআইডি ইস্যু করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানাচ্ছেন। প্রসঙ্গত, গত জুলাই মাসে রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরে আদালতে আত্মসমর্পণ করার ইচ্ছার কথা জানিয়েছেন।

বিএনপির সংসদীয় দলের গতকালের সভায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার দেশে ফেরার বিষয়টি সংক্ষেপে আলোচনায় আসে। এ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে প্রত্যর্পণ চুক্তি রয়েছে। এ ক্ষেত্রে বিধি, আইন ও প্রচলিত প্রথা অনুসরণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার। এর আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে তিনি জানান, দেশে ফিরতে নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য শেখ হাসিনার আবেদন করার খবরের সত্যতা ও আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে।

সভায় উপস্থিত একজন সংসদ সদস্য নাম প্রকাশ না করার শর্তে বলেন, হাসিনার দেশে ফেরার বিষয়ে কী বলতে হবে, সে বিষয়ে তাঁদের ধারণা দেওয়া হয়েছে। এ প্রসঙ্গে একজন দায়িত্বশীল মন্ত্রী বলেন, শেখ হাসিনা দেশে ফিরতে চাইলে ভারতের সঙ্গে প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী ফেরত দেওয়ার কথা তাঁদের বলতে বলা হয়েছে।

সভা সূত্র জানিয়েছে, সভায় প্রধানমন্ত্রী পবিত্র রমজান সামনে রেখে বাণিজ্যমন্ত্রীকে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সহনশীল রাখার বিষয়ে আগাম সতর্ক করেন। বাণিজ্যমন্ত্রী প্রধানমন্ত্রীকে আশ্বস্ত করেন, রোজায় বাজারে পণ্যদ্রব্যের দাম বাড়বে না, বাজার স্থিতিশীল থাকবে। এ ছাড়া সভায় স্থানীয় সরকার ও যোগাযোগ মন্ত্রণালয়ের অধীন চলমান সড়ক উন্নয়নকাজ, জ্বালানি ও বিদ্যুৎ পরিস্থিতি নিয়েও আলোচনা হয়। প্রধানমন্ত্রী কয়েকজন মন্ত্রীর কাছে নিজ নিজ মন্ত্রণালয়ের কার্যক্রমের বিস্তারিত জানতে চান। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে অবহিত করেন।

দিল্লির মিশনে ই–মেইল

গতকাল দিনের শুরুতে দিল্লিতে বাংলাদেশ হাইকমিশন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে লন্ডনভিত্তিক আইনজীবীদের প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্সের একটি ই–মেইল পায়। মেইলে হাসিনার নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন জানানো হয়েছে। ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগাযোগ করে জানা যায়, ই–মেইলের বিষয়ে পরবর্তী নির্দেশনা সম্পর্কে জানতে মিশন থেকে ঢাকায় বার্তা পাঠানো হয়েছে।

এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবীর গতকাল দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রথম আলোকে বলেন, ম্যাট্রিক্স চেম্বার্সের আবেদনটি যে শেখ হাসিনার আবেদন, তা বোঝার কোনো উপায় নেই। কারণ, আইনজীবী প্রতিষ্ঠানের পক্ষ থেকে পাঠানো ই–মেইলে শেখ হাসিনার ‘অথরাইজেশন’–সংক্রান্ত কোনো নথি বা প্রমাণপত্র ছিল না। কারও পক্ষে কোনো প্রতিষ্ঠান আবেদন করলে সেই ব্যক্তির অথরাইজেশন থাকে।

এর আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, যুক্তরাজ্যের আইনি পরামর্শক সংস্থার ওই আবেদনের ভিত্তি লিগ্যালি, ইথিক্যালি ও মোরালি দুর্বল। যেকোনো ল’ ফার্মেরই জানা উচিত তাদের ক্লায়েন্ট (মক্কেল) আসলে কে। তাদের ক্লায়েন্ট এমন একজন ব্যক্তি, যিনি দেড় হাজারের বেশি মানুষকে হত্যা করে বাংলাদেশ থেকে পালিয়েছেন। বাংলাদেশি জনগণের কাছ থেকে লুট করা রক্তমাখা টাকার পেছনে না ছুটে তাদের কিছুটা নৈতিক ও পেশাগত সীমারেখা মেনে চলা উচিত বলে মন্তব্য করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি বলেন, একজন পলাতক সন্ত্রাসীর পক্ষে এমন অনৈতিক প্রতিনিধিত্ব আন্তর্জাতিক অঙ্গনে তাঁদেরই লজ্জিত করবে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও বলেন, পলাতক অপরাধীদের ক্ষেত্রে কোনো সাধারণ পাসপোর্টের আবেদন কার্যকর হবে না। আইনি ও কূটনৈতিক প্রক্রিয়ায় বন্দিবিনিময় চুক্তির মাধ্যমেই শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে।

নতুন পাসপোর্ট ও এনআইডির আবেদনের বিষয়টিকে ‘চরম হাস্যকর’ বলে মন্তব্য করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, শেখ হাসিনা যদি সত্যিই দেশে ফিরতে চান, তাহলে তাঁর জন্য নির্দিষ্ট আইনি প্রক্রিয়া রয়েছে। নতুন পাসপোর্ট নিয়ে দেশে ফেরার কোনো সুযোগ নেই। বাংলাদেশ ও ভারতের মধ্যে প্রত্যর্পণ চুক্তি রয়েছে। শেখ হাসিনা চাইলে ভারত সরকারের কাছে ওই চুক্তির আওতায় তাঁকে বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ জানাতে পারেন। দেশে ফিরে আদালতে আত্মসমর্পণ করে সাজা ভোগ করার কথাও বলেন তিনি।

পাসপোর্ট–এনআইডি চেয়ে প্রথম আবেদন

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যাওয়ার পর এটাই প্রথম শেখ হাসিনার পাসপোর্ট ও এনআইডি-সংক্রান্ত আবেদন বলে রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

চিঠিতে আরও বলা হয়েছে, শেখ হাসিনার বাংলাদেশি নাগরিকত্বের ভিত্তিতে এবং আন্তর্জাতিক মানবাধিকারবিষয়ক বিভিন্ন চুক্তির আওতায় বাংলাদেশের যে বাধ্যবাধকতা রয়েছে, তা বিবেচনায় নিয়ে তাঁর আবেদনগুলো যেন দ্রুত নিষ্পত্তি করা হয়।

এ বিষয়ে জানতে নয়াদিল্লিতে প্রীতি রহমান এবং ঢাকায় প্রধানমন্ত্রী তারেক রহমানের মুখপাত্রদের সঙ্গে যোগাযোগ করেছিল রয়টার্স। তবে তাঁরা তাৎক্ষণিকভাবে রয়টার্সের অনুরোধে সাড়া দেননি বলে খবরে উল্লেখ করা হয়।

রয়টার্সের খবরে বলা হয়, ক্ষমতাচ্যুত হওয়ার আগে আওয়ামী লীগ ছিল বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল। শেখ হাসিনার পতনের পর দলটির কার্যক্রম নিষিদ্ধ করা হয়। তাঁর দলের অনেক নেতা–কর্মী কারাগারে রয়েছেন। অনেকে ভারতে বা অন্য দেশে স্বেচ্ছানির্বাসনে আছেন।

বিভিন্ন মেয়াদে ২০ বছর প্রধানমন্ত্রী হিসেবে বাংলাদেশ শাসন করেছেন শেখ হাসিনা। এখনো দেশের একটি অংশের মানুষের মধ্যে তাঁর সমর্থন রয়েছে। দুই বছরের বেশি সময় ধরে চলা অস্থিরতার পর বাংলাদেশের বর্তমান সরকার যখন দেশে স্থিতিশীলতা ফেরানোর চেষ্টা করছে, তখন শেখ হাসিনার প্রত্যাবর্তন রাজনৈতিক বিভাজন আরও বাড়িয়ে দিতে পারে।

অন্যদিকে শেখ হাসিনার দেশে ফেরার উদ্যোগে বাংলাদেশের সঙ্গে ভারতের টানাপোড়েনের সম্পর্কের উন্নতি হতে পারে। তাঁকে আশ্রয় দেওয়ার পর নয়াদিল্লির সঙ্গে ঢাকার সম্পর্কে বড় ধরনের অবনতি ঘটেছিল।

যুগান্তর

দৈনিক যুগান্তরের প্রধান শিরোনাম ‘পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের আবদার হাসিনার: সাড়া দেবে না সরকার’। প্রতিবেদনে বলা হয়, রক্তস্নাত জুলাই গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে ক্ষমতাচ্যুত এবং পালিয়ে ভারতে আশ্রয় নেওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আবেদন করেছেন। আসছে ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনার অংশ হিসাবে তিনি সোমবার (৯ নভেম্বর) এ আবেদন করেন। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিনিধি কৃষ্ণা এন. দাসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে-শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির আবেদন সংক্রান্ত একটি চিঠি তাদের হাতে এসেছে। ২০২৪ সালে বাংলাদেশ ছেড়ে ভারতে পালিয়ে যাওয়ার পর এটিই হাসিনার প্রথম আনুষ্ঠানিক যোগাযোগ। তবে এই আবেদনের বিষয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির তাৎক্ষণিকভাবে বলেছেন, শেখ হাসিনাকে পাসপোর্ট দেবে না বাংলাদেশ। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, চিঠিটি পাঠিয়েছেন লন্ডনভিত্তিক আইনি প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্সের আইনজীবীরা।

দিল্লিতে বাংলাদেশ দূতাবাসের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানের কাছে পাঠানো চিঠিতে হাসিনার জন্য নতুন পাসপোর্ট ও এনআইডি ইস্যু করার অনুরোধ জানানো হয়েছে। চিঠিতে বলা হয়েছে, অন্তর্বর্তী সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ শেখ হাসিনার আগের পাসপোর্ট ও এনআইডি বাতিল করেছে বলে জানা গেছে। বাংলাদেশের নাগরিকত্বের ভিত্তিতে এবং আন্তর্জাতিক মানবাধিকারবিষয়ক বাধ্যবাধকতা অনুসরণ করে দ্রুত নতুন করে এগুলো দেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ জানিয়েছেন আইনজীবীরা।

চিঠিটি ই-মেইলে পাওয়ার সত্যতা যুগান্তরকে নিশ্চিত করেছে দিল্লিতে বাংলাদেশ হাইকমিশন। দিল্লির প্রেস মিনিস্টার মো. সাইদুর রহমান যুগান্তরকে বলেন, শেখ হাসিনার নামে নতুন পাসপোর্ট ও এনআইডি ইস্যুর অনুরোধ জানিয়ে একটি ই-মেইল পেয়েছে বাংলাদেশ হাইকমিশন। যুক্তরাজ্যের লন্ডনভিত্তিক আইনজীবী প্রতিষ্ঠান ‘ম্যাট্রিক্স চেম্বার্স’ থেকে ই-মেইলটি পাঠানো হয়েছে। বিষয়টি ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানিয়েছে হাইকমিশন।

সাইদুর রহমান আরও বলেন, তবে এটি নিশ্চিত হওয়া যায়নি যে, এই আবেদন শেখ হাসিনার পক্ষ থেকেই এসেছে এবং ম্যাটিক্স চেম্বার্স শেখ হাসিনার অথোরাইজড করা কোনো প্রতিষ্ঠান।

এদিকে শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির আবেদনের খবর টক অব দ্য টাউনে পরিণত হয়েছে। বিশেষ করে গত বেশ কয়েকদিন ধরে ডিসেম্বরে হাসিনা দেশে আসছেন এমন গুঞ্জন থাকায় বিষয়টি আলোচনায় নতুন মাত্রা পেয়েছে। তবে সরকারের দিক থেকে ইতোমধ্যে স্পষ্ট করা হয়েছে যে, একজন সাজাপ্রাপ্ত আসামি, হত্যাকারী হিসাবে হাসিনাকে বন্দিবিনিময় চুক্তির মাধ্যমে বাংলাদেশের কাছে হস্তান্তর করতে হবে। তাকে কোনোভাবেই নতুন পাসপোর্ট বা এনআইডি দেওয়া হবে না।

হাসিনার এনআইডি-পাসপোর্টের আবেদনের সত্যতা ও আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার এনআইডি ও পাসপোর্টের জন্য আবেদনের সত্যতা এবং এর আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে তিনি বলেন, আমিও বিষয়টি শুনেছি, স্ক্রল নিউজে দেখেছি যে পলাতক দণ্ডিত আসামি শেখ হাসিনা পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন করেছেন। তবে এর সত্যতা এখনো যাচাই করতে পারিনি।

তিনি বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয় ও আইন মন্ত্রণালয় বিষয়টি খতিয়ে দেখছে। আবেদনের আইনগত ভিত্তি আছে কি না, এটি যথাযথভাবে করা হয়েছে কিনা এবং শেখ হাসিনার আবেদন করার অধিকার আছে কিনা এসব বিষয় যাচাই করে পররাষ্ট্র মন্ত্রণালয় বা আইন মন্ত্রণালয় পরবর্তী পদক্ষেপ নেবে।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, প্রাথমিকভাবে বলতে পারি, কোনো দণ্ডিত আসামি যে দেশে আশ্রয় নেন, সেই দেশের সঙ্গে প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে চিঠি পাঠিয়েছি, যাতে তাকে আইন অনুযায়ী ফেরত পাঠানো হয়।

এই সময় বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের বিষয়ে তিনি বলেন, পতিত শক্তি দেশে অস্থিরতা সৃষ্টির জন্য মাঝেমধ্যে বাস ও বিভিন্ন স্থাপনায় হামলা চালাচ্ছে। পুলিশ আইন অনুযায়ী এসব ঘটনায় ব্যবস্থা নিচ্ছে এবং হামলা প্রতিহত করছে।

হাসিনাকে পাসপোর্ট দেবে না বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কোনো পাসপোর্ট দেওয়া হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেছেন, শেখ হাসিনার বিচারের মামলার রায় হয়ে গেছে। তিনি একজন সন্ত্রাসী ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি। তাকে বন্দিবিনিময় চুক্তির আওতায় ভারত থেকে দেশে ফিরিয়ে আনতে চায় বাংলাদেশ। সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে এসব কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। শেখ হাসিনার নতুন পাসপোর্ট নবায়নের আবেদন প্রসঙ্গে হুমায়ুন কবির বলেন, শেখ হাসিনার পাসপোর্ট নবায়নের আবেদন হাস্যকর। তিনি একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত ফাঁসির আসামি। একজন সাজাপ্রাপ্ত আসামি, হত্যাকারী তো এ আবেদন করতে পারেন না। তিনি আরও বলেন, শেখ হাসিনা বাংলাদেশে ফিরতে চাইলে তাকে ভারতের সঙ্গে বন্দিবিনিময় চুক্তির আওতায় ফিরতে হবে। শুধু অর্থের জন্য কোনো লবিস্ট তার হয়ে কাজ করলে তাদের নৈতিক অবস্থান নিয়েও প্রশ্ন রয়েছে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ ভারতকে স্পষ্টভাবে জানিয়েছে, বন্দিবিনিময় চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফেরত পাঠাতে হবে।

কালের কণ্ঠ

‘সতর্ক সরকার, রাজপথে থাকবে বিএনপি’—এটি দৈনিক কালের কণ্ঠের প্রধান শিরোনাম। প্রতিবেদনে বলা হয়, ডিসেম্বর ঘিরে বাংলাদেশের রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি হচ্ছে। বিজয়ের মাসে ক্ষমতাসীন বিএনপি সরকার পরিচালনার পাশাপাশি রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা এবং সম্ভাব্য অস্থিরতা মোকাবেলায় সতর্ক অবস্থান নিচ্ছে।

সাংগঠনিক পুনর্গঠন, তৃণমূলের নেতাকর্মীদের সক্রিয় করা এবং দীর্ঘদিনের রাজনৈতিক শরিকদের সঙ্গে দূরত্ব কমানোরও উদ্যোগ নিয়েছে দলটি। একই সময় জামায়াত, জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) বিরোধী দলগুলো জুলাই জাতীয় সনদ বাস্তবায়নসহ বিভিন্ন দাবিতে রাজপথে সক্রিয় থাকার প্রস্তুতি নিচ্ছে। সব মিলিয়ে ডিসেম্বরের রাজনীতিতে আলোচনার কেন্দ্রে রয়েছে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ভবিষ্যৎ রাজনৈতিক অবস্থান, জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন, স্থানীয় সরকার নির্বাচন এবং রাজনৈতিক শরিকদের সঙ্গে সমঝোতার উদ্যোগ।

বিএনপির দায়িত্বশীল নেতারা সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন ‘ফ্যাসিবাদী আওয়ামী লীগের সন্ত্রাসী কার্যক্রম’ মোকাবেলায়। এ ক্ষেত্রে বর্তমান বিরোধীদের ভূমিকা নজরদারিতে রাখা হবে।

বিএনপির একাধিক নেতা কালের কণ্ঠকে বলেন, বিরোধী দলের রাজনৈতিক ভূমিকা থাকতে হবে। কিন্তু তারা যদি ফ্যাসিবাদকে আশ্রয়-প্রশ্রয় দেয়, এটা কখনোই গ্রহণযোগ্য হবে না। জাতি মেনে নেবে না।

বিরোধী দলের সরকারবিরোধী অবস্থান মানে এই নয়, তারা ফ্যাসিবাদের সঙ্গে আঁতাত করে দেশের শান্তিপূর্ণ পরিবেশকে অস্থিতিশীল করে তুলবে। এ বিষয়ে বিএনপি অবশ্যই সতর্ক থাকবে। সরকারের প্রতিও আহ্বান থাকবে এ বিষয়ে নজরদারি রাখা।

হাসিনার ফেরা নিয়ে সরকারের অবস্থান: শেখ হাসিনার আগামী ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা তৈরি করেছে। আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বাংলাদেশে ফিরে আদালতে আত্মসমর্পণের ইচ্ছার কথা জানিয়েছেন।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, দেশে ফেরার লক্ষ্যে দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের জন্য তাঁর পক্ষে আবেদন করা হয়েছে। সরকার ওই আবেদনের সত্যতা ও আইনি ভিত্তি যাচাই করছে।

শেখ হাসিনার দেশে ফেরার বিষয়টি গতকাল সোমবার বিএনপির সংসদীয় দলের সভায় আলোচনা হয়। সংসদ ভবনে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান। সভায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানান, বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার।

সভায় উপস্থিত একাধিক দায়িত্বশীল সূত্রের বরাত দিয়ে জানা গেছে, প্রধানমন্ত্রী দলীয় সংসদ সদস্যদের উদ্দেশে বলেছেন, ‘বক্তব্য লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি, রাজপথে আমাদের থাকতে হবে, রাজপথেই সব ষড়যন্ত্রের মোকাবেলা করতে হবে।’

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, নতুন পাসপোর্ট নিয়ে দেশে ফেরার সুযোগ নেই। শেখ হাসিনা দেশে ফিরতে চাইলে বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তির আওতায় আইনি প্রক্রিয়া অনুসরণ করতে হবে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় কালের কণ্ঠকে বলেন, ‘শেখ হাসিনাকে বিগত দিনের কর্মকাণ্ডের জবাবদিহি করতে হবে। স্বৈরাচার আওয়ামী লীগকেও অতীতের ভূমিকার দায় নিতে হবে। জনগণ তাদের ক্ষমা করবে না।’ তিনি বলেন, ‘বিএনপি প্রতিহিংসা নয়, ন্যায়বিচার চায়। অপরাধী যে-ই হোক, তাকে আইনের আওতায় আনতে হবে।’

ডিসেম্বরে শেখ হাসিনার ফেরা-না ফেরার প্রসঙ্গে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল কালের কণ্ঠকে বলেন, ‘ সমানে কয়েকটা শৈত্যপ্রবাহ আসবে, এ রকম একটা পূর্বাভাস আছে আবহাওয়ার। আর কোনো খবর নেই।’ তিনি বলেন, ‘বিএনপির দলীয় তৎপরতা বা বাড়া-কমা এগুলো তো একটা চলমান প্রক্রিয়া। এখন যেটুকু দৃশ্যমান হচ্ছে, এটা হলো স্থানীয় সরকার নির্বাচনের জন্য প্রার্থী ঠিক করা, যাতে করে স্থানীয় পর্যায়ের নির্বাচনগুলো শান্তিপূর্ণ হয় এবং একই সঙ্গে আমরা যে প্রার্থীকে সমর্থন দেব, সেই প্রার্থীর বিষয়ে যেন বিতর্ক না থাকে। এজন্যই তৎপরতাটা একটু দৃশ্যমান হচ্ছে। ডিসেম্বরে কী হবে না হবে—এটা নিয়ে আমাদের কোনো চিন্তা নেই। ডিসেম্বরে তো শীত পড়বে।’

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দিকে ইঙ্গিত করে তিনি বলেন, ‘ডিসেম্বরে আবার ওরা ককটেল মারবে, বাসে টাসে কোথাও আগুন দেবে। আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী সেই অনুযায়ী ব্যবস্থা নেবে। রাজনীতিতে বড় কোনো অশুভ সংকেত দেখি না।’

জামায়াত-এনসিপির কার্যক্রম সম্পর্কে এক প্রশ্নের জবাবে আলাল বলেন, ‘তাদের কার্যক্রম তো থাকবেই। তারা বিরোধী দল, বিরোধী দল হিসেবে তারা সরকারের সমালোচনা করবে। ফ্যাসিবাদের পুনরায় আগমন বা পুনরায় প্রতিষ্ঠার সুযোগ যাতে না আসে, সে ব্যাপারে তারা সজাগ আছে বলে আমরা বিশ্বাস করি। আমরাও তাদের কাছে আহ্বান জানাই, তারা যেন এমন কিছু না করে, যাতে ফ্যাসিবাদ ফিরে আসে বা ফেরার সুযোগটা কোনো রকম যেন না পেয়ে যায়।’

সমকাল

দৈনিক সমকালের প্রধান শিরোনাম ‘পাঁচ রকম মাদকের শীর্ষে পাঁচ জেলা, পার্বত্যাঞ্চলে কম’। প্রতিবেদনে বলা হয়, চোরাকারবারিরা বিভিন্ন সময়ে নতুন নতুন মাদক এনে দেশের আনাচে-কানাচে ছড়িয়ে দিচ্ছে। এভাবে গত ৯ বছরে দেশে অন্তত ১১ ধরনের নতুন মাদক এসেছে। মাদকের বিবর্তনের সঙ্গে বদলেছে সেবনের প্রবণতাও। বর্তমানে দেশে পাঁচ ধরনের মাদকের প্রচলন বেশি– ইয়াবা, হেরোইন, গাঁজা, ফেনসিডিল, ট্যাপেন্টাডলসহ বিভিন্ন ধরনের ট্যাবলেট বা বড়ি। গত ৯ মাসের অভিযান, মামলা ও মাদকদ্রব্য উদ্ধারের তথ্য বিশ্লেষণে দেখা গেছে, এই পাঁচ ধরনের মাদকের শীর্ষে রয়েছে পাঁচটি জেলা।

সবচেয়ে বেশি ইয়াবা জব্দের ঘটনা ঘটেছে কক্সবাজারে; হেরোইন বেশি চাঁপাইনবাবগঞ্জে; কুমিল্লায় গাঁজা; ফেনসিডিল বেশি নারায়ণগঞ্জে; যশোরে বেশি ট্যাবলেট। তবে পার্বত্যাঞ্চলে মাদক জব্দের ঘটনা কম।
চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত সারাদেশে মাদকবিষয়ক ৪২ হাজার ৮৪৮টি মামলা করেছে পুলিশ। এসব মামলায় গ্রেপ্তার করা হয়েছে ৫৮ হাজার ৮১৭ জনকে। পুলিশের অভিযানে এ সময়ে উদ্ধার হয়েছে এক কোটি ১৮ লাখ ৯২৫ পিস ইয়াবা, ৩০ হাজার ১৬৮ কেজি গাঁজা, ৬৭ কেজি ২০০ গ্রাম হেরোইন, ১৯ হাজার ১১৭ বোতল ফেনসিডিল, তিন লাখ ৯ হাজার ৬২০ পিস ট্যাপেন্টাডলসহ নেশাজাতীয় বিভিন্ন ট্যাবলেটসহ বিভিন্ন মাদক।

পুলিশের এই পরিসংখ্যান বলছে, সারাদেশে মাদক কারবারের ব্যাপকতা রয়েছে। জেলা ও মহানগরভেদে মামলা, গ্রেপ্তার ও মাদক উদ্ধারের পরিমাণেও বড় ধরনের পার্থক্য রয়েছে। একেক জেলায় একেক ধরনের মাদকের প্রাধান্য দেখা যাচ্ছে। সব জেলায় সব ধরনের মাদক উদ্ধার হয়নি। তবে ইয়াবা ও গাঁজা জব্দের ঘটনা ৬৪টি জেলাতেই কম-বেশি রয়েছে। অন্য মাদকগুলো সব জেলার জব্দের তালিকায় পাওয়া যায়নি। হেরোইন জব্দ হয়েছে ৪০ জেলায়, ফেনিসিডিল ৪১ জেলায়, নেশাজাতীয় ট্যাবলেট জব্দ হয়েছে ৩৩ জেলায়। এ ছাড়া কোকেন ও ক্রিস্টাল মেথ (আইস) পাঁচ এবং ইনজেকটিং ড্রাগ ২১ জেলায় উদ্ধার করতে পেরেছে পুলিশ। ৯ মাসে ইয়াবা উদ্ধারে শীর্ষে কক্সবাজার। সবচেয়ে কম উদ্ধার হয়েছে পঞ্চগড়ে।

দেশে বর্তমানে ৮২ লাখ মানুষ কোনো না কোনো মাদক ব্যবহার করছে। যা মোট জনসংখ্যার ৪ দশমিক ৮৮ শতাংশ। তাদের অধিকাংশই তরুণ। সম্প্রতি জাতীয় পর্যায়ের এক গবেষণায় এই তথ্য উঠে এসেছে।

৪০ জেলায় হেরোইন

আশির দশকের শুরুতে দেশে হেরোইন আসে। ধীরে ধীরে জেলা-উপজেলা পর্যায়ে হেরোইন পৌঁছে যায়। ১৯৮৪ সালে পাবনায় প্রথম হেরোইন ধরা পড়েছিল। নব্বইয়ের দশকেও পুরোদমে রাজত্ব করে হেরোইন। পরে অন্যান্য মাদক হেরোইনের জায়গা দখলের চেষ্টা করলেও এখনও হেরোইনের চাহিদা কমেনি। গত ৯ মাসে দেশের ৪০ জেলা ও ছয়টি মহানগর থেকে প্রায় ৭০ কেজি হেরোইন উদ্ধার করেছে পুলিশ। তবে এই ৯ মাসে বাকি ২৪ জেলায় হেরোইন পাওয়া যায়নি। তবে সংশ্লিষ্টদের ভাষ্য, ২৪ জেলায় হেরোইন উদ্ধার না হওয়া অর্থ এই নয়, জেলাগুলোতে হেরোইন সেবন একেবারে বন্ধ হয়ে গেছে। সেবনকারীরা অন্য মাদকে ঝুঁকে পড়ায় ওই জেলাগুলোতে হেরোইনের ব্যবহার কিছুটা কমে এসেছে।

ইত্তেফাক

‘আমরা রাজপথে আছি, রাজপথে থেকেই ষড়যন্ত্র মোকাবিলা করব’—এটি দৈনিক ইত্তেফাকের প্রধান শিরোনাম। খবরে বলা হয়, প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘আমরা রাজপথে আছি, রাজপথে আমাদের থাকতে হবে, রাজপথে আমরা থাকব। রাজপথেই সব ষড়যন্ত্রের মোকাবিলা করতে হবে। বক্তব্য লাউড অ্যান্ড ক্লিয়ার।’ গতকাল সোমবার বিকালে সংসদ ভবনে সরকারি দলের সভাকক্ষে অনুষ্ঠিত বিএনপির সংসদীয় দলের সভায় দলীয় সংসদ সদস্যদের উদ্দেশে তিনি একথা বলেন।

বিকাল সাড়ে ৩টার কিছু সময় পরে শুরু হওয়া সংসদ অধিবেশনের আগে অনুষ্ঠিত এই সংসদীয় দলের সভায় সভাপতিত্ব করেন সংসদ নেতা তারেক রহমান। সভায় উপস্থিত থাকা বিএনপির একাধিক সংসদ সদস্য ইত্তেফাককে জানান, সভায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘দেশে ফেরার’ প্রসঙ্গ উঠলে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানান—বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার। তবে, প্রধানমন্ত্রী এ বিষয়ে কোনো বক্তব্য দেননি, মন্তব্যও করেননি।

বিভিন্ন বিষয়ে সামগ্রিক আলোচনার পরিপ্রেক্ষিতে খুব সংক্ষিপ্ত বক্তব্যে প্রধানমন্ত্রী দলীয় সংসদ সদস্যদের উদ্দেশে বলেছেন, ‘বিপ্লব ও সংহতি দিবসে আমরা ৭ নভেম্বর রাজপথে ছিলাম। সামনের দিনগুলোতেও আমরা রাজপথেই থাকব। রাজপথ থেকে আমাদের কেউ সরাতে পারবে না। আপনারাও রাজপথে থাকবেন, যে কোনো ধরনের ষড়যন্ত্র সম্পর্কে সতর্ক থাকবেন।’

বিএনপি দলীয় একজন সংসদ সদস্য জানান, সভায় স্থানীয় সরকার ও যোগাযোগ মন্ত্রণালয়ের অধীন চলমান সড়ক উন্নয়নকাজ, জ্বালানি ও বিদ্যুত্ পরিস্থিতি এবং রমজান সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। এ সময় প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট মন্ত্রীদের কাছে নিজ নিজ মন্ত্রণালয়ের কার্যক্রমের বিস্তারিত জানতে চান। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে অবহিত করেন।

শ্রমিকদের জন্য ১০০ শয্যার ছয়টি বিশেষায়িত হাসপাতাল হবে

এদিকে, গতকাল সংসদে অনির্ধারিত প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেছেন, শ্রমিকদের জন্য ছয়টি বিশেষায়িত হাসপাতাল নির্মাণ করা হবে। ঢাকার আশুলিয়া ও সাভার, গাজীপুরের টঙ্গী ও কালিয়াকৈর, নারায়ণগঞ্জ এবং চট্টগ্রামে শিল্পাঞ্চলে এসব হাসপাতাল নির্মিত হবে। ১০০ শয‌্যার হাসপাতালগুলোতে শুধুমাত্র শ্রমিকরা সেবা পাবেন।

অধিবেশনের মাগরিবের নামাজের বিরতির পর নবনির্বাচিত দুই জন সংসদ সদস‌্য বক্তৃতা করেন। এই পর্যায়ে দাঁড়ান বিএনপির সংসদ সদস‌্য শামসুর রহমান বিশ্বাস শিমুল। তিনি বলেন, প্রান্তিক শ্রমিকরা স্বাস্থ‌্যসেবা বঞ্চিত। তাদের জন‌্য হাসপাতাল নির্মাণ করা হবে কি না। প্রধানমন্ত্রীর কাছে তা জানতে চান শামসুর রহমান বিশ্বাস। এ সময় সভাপতির আসনে থাকা ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেন, প্রধানমন্ত্রী প্রশ্নোত্তর হয় বুধবারে। সেদিন তিনি সংসদে থাকবেন না, বিদেশ সফর থাকায়। ডেপুটি এই পর্যায়ে প্রধানমন্ত্রীর কাছে জানতে চান, অনির্ধারিত এই প্রশ্নের জবাব দিতে তিনি প্রস্তুত কি না।

তখন সংসদ নেতা তারেক তখন দাঁড়িয়ে বলেন, ‘স্বৈরাচারের সেই দুঃশাসনের আমলে দেখেছি, কীভাবে বাংলাদেশের জ্বালানি ব্যবস্থাকে বিদেশ নির্ভর করে ফেলা হয়েছিল।

কীভাবে বাংলাদেশের খনিজ সম্পদ দেশের মানুষের স্বার্থে ব্যবহার না করে, সব কিছুকে আমদানি নির্ভর করে ফেলা হয়েছিল। আমরা দেখেছি, কীভাবে বাংলাদেশের শিল্পের বিকাশ না ঘটিয়ে, বাংলাদেশকে আমদানিনির্ভর করে ফেলা হয়েছিল। কীভাবে এমন সব নীতি ইচ্ছাকৃতভাবে গ্রহণ করা হয়েছিল, যার ফলে বাংলাদেশের শিল্পের বিকাশ ঘটেনি স্বাভাবিকভাবে। ঠিক একইভাবে আমরা দেখেছি—সেই স্বৈরাচারের আমলে বাংলাদেশের চিকিত্সাব্যবস্থাকে তিলে তিলে ধ্বংস করে দেওয়া হয়েছিল।’

গ্রামীণ চিকিত্সাব্যবস্থা অতীতে যতটুকু ছিল স্বৈরাচারের সময়ে তা ধ্বংস করে দেওয়া হয়েছিল বলে অভিযোগ করে তারেক রহমান বলেন, ‘কিছুদিন আগেই বিরোধীদলীয় নেতাও বাংলাদেশের চিকিত্সা ব্যবস্থা নিয়ে তার উদ্বেগ তুলে ধরেছিলেন। সেই স্বৈরাচারের সময়ে চিকিত্সাব্যবস্থাকে তারা পরিকল্পিতভাবে ধ্বংস করেছে। বাংলাদেশের মানুষকে বাধ্য করেছিল, বিশেষ একটি দেশে গিয়ে চিকিত্সা নিতে।’

শ্রমিকদের জন্য হাসপাতাল নির্মাণের ঘোষণা দিয়ে প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকার জনগণের ভোটে নির্বাচিত। প্রত্যেক শ্রেণি-পেশার মানুষের জন্য সরকার কাজ করছে। শ্রমিক, শ্রমজীবী মানুষের সুচিকিত্সায় সরকার ১০০ শয্যার করে ছয়টি হাসপাতাল নির্মাণের পরিকল্পনা গ্রহণ করেছে। যেসব শিল্প এলাকা রয়েছে, যেমন—টঙ্গী, আশুলিয়া, কালিয়াকৈর, নারায়ণগঞ্জ, সাভার, চট্টগ্রামে একটি করে হাসপাতাল তৈরি করা হবে। যা শুধুমাত্র শ্রমিক ভাইদেরকে চিকিত্সা সেবা দেবে। এসব শ্রমিকদের জন্য নির্দিষ্ট এই হাসপাতালগুলো সেভাবেই নামকরণ এবং তৈরি করা হবে।

নয়া দিগন্ত

দৈনিক নয়া দিগন্তের প্রধান শিরোনাম ‘হাসিনার পাসপোর্ট-এনআইডি আবেদন নিয়ে ধূম্রজাল’। প্রতিবেদনে বলা হয়, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নতুন বাংলাদেশী পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আবেদন করার খবর ঘিরে নতুন করে আইনি ও কূটনৈতিক আলোচনা শুরু হয়েছে। তবে দিল্লিতে বাংলাদেশ হাইকমিশন জানিয়েছে, শেখ হাসিনা নিজে কোনো আবেদন করেননি। যুক্তরাজ্যভিত্তিক একটি আইনজীবী প্রতিষ্ঠান থেকে তার নামে পাসপোর্ট ও এনআইডি ইস্যুর অনুরোধ জানিয়ে ই-মেইল পাঠানো হয়েছে। ওই ই-মেইলের সাথে শেখ হাসিনার অনুমোদন বা আইনজীবীদের পক্ষে কাজ করার ক্ষমতাপত্র (অথরাইজেশন) সংযুক্ত ছিল না।

এদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো: আমিনুল ইসলাম জানিয়েছেন, শেখ হাসিনার দেশে ফেরা এবং তার পাসপোর্ট-এনআইডি সংক্রান্ত আইনি অবস্থান নিয়ে আজ মঙ্গলবার আনুষ্ঠানিক ব্যাখ্যা দেয়া হবে।

অন্যদিকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, আবেদনটির সত্যতা, আইনগত ভিত্তি এবং আবেদন করার অধিকার আছে কি না, তা পররাষ্ট্র ও আইন মন্ত্রণালয় খতিয়ে দেখছে।

সব মিলিয়ে বিষয়টি এখন তিনটি পৃথক প্রশ্নের সাথে যুক্ত হয়েছে- শেখ হাসিনা আদৌ ব্যক্তিগতভাবে আবেদন করেছেন কি না, তার নামে পাঠানো অনুরোধের আইনগত গ্রহণযোগ্যতা কতটুকু এবং মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হিসেবে তার দেশে ফেরা ও আত্মসমর্পণের ক্ষেত্রে কী ধরনের আইনি প্রক্রিয়া অনুসরণ করতে হবে।

দিল্লি হাইকমিশনের বক্তব্য: শেখ হাসিনা নিজে আবেদন করেননি

দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনের প্রেস মিনিস্টার সাইদুর রহমান গণমাধ্যমকে জানান, ম্যাট্রিক্স চেম্বার্স নামের একটি প্রতিষ্ঠান থেকে শেখ হাসিনার নামে নতুন পাসপোর্ট ও এনআইডি ইস্যুর অনুরোধ জানিয়ে ই-মেইল পাওয়া গেছে। কিন্তু প্রতিষ্ঠানটি শেখ হাসিনার অনুমোদিত প্রতিনিধি কি না, তা নিশ্চিত হওয়ার মতো কোনো নথি ই-মেইলের সাথে ছিল না।

তিনি বলেন, অনুরোধটি শেখ হাসিনার পক্ষ থেকে করা হয়েছে কি না, তা নিশ্চিত হওয়ার উপায় নেই। এ কারণে ই-মেইলটি সরাসরি গ্রহণ বা প্রত্যাখ্যান না করে পরবর্তী নির্দেশনার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে জানা গেছে, যুক্তরাজ্যভিত্তিক ম্যাট্রিক্স চেম্বার্সের আইনজীবী স্টিভেন পাওলস কেসি ৯ নভেম্বর বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানের কাছে চিঠিটি পাঠান। চিঠিতে শেখ হাসিনার বিদ্যমান পাসপোর্ট ও এনআইডি বাতিলের বিষয়টি উল্লেখ করে তার বাংলাদেশী নাগরিকত্বের ভিত্তিতে নতুন পরিচয়পত্র ও পাসপোর্ট দেয়ার প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার অনুরোধ জানানো হয়। আবেদনটি দ্রুত নিষ্পত্তিরও অনুরোধ ছিল।

রয়টার্স চিঠিটি হাতে পাওয়ার দাবি করে সোমবার এ-সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ করে। সংবাদ সংস্থাটির প্রতিবেদনে বলা হয়, শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আদালতে আত্মসমর্পণের পরিকল্পনা করছেন এবং ডিসেম্বরে দেশে ফেরার বিষয়ে তার সহযোগীরা প্রস্তুতির কথা জানিয়েছেন।

তবে রয়টার্সের প্রতিবেদনে আইনজীবীদের পাঠানো চিঠিকে শেখ হাসিনার পক্ষে আবেদন হিসেবে উল্লেখ করা হলেও দিল্লি হাইকমিশনের বক্তব্যে ব্যক্তিগত অনুমোদনের বিষয়টি অনিশ্চিত বলে উঠে এসেছে।

সরকার খতিয়ে দেখছে আইনি ভিত্তি

এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, শেখ হাসিনার পাসপোর্ট ও এনআইডি ফিরে পাওয়ার আবেদনসংক্রান্ত খবরের সত্যতা এখনো যাচাই করা হয়নি। সোমবার সচিবালয়ে সাংবাদিকদের তিনি জানান, পররাষ্ট্র মন্ত্রণালয় ও আইন মন্ত্রণালয় বিষয়টি পরীক্ষা করছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আবেদনটি যথাযথভাবে করা হয়েছে কি না, এর আইনগত ভিত্তি রয়েছে কি না এবং শেখ হাসিনার এ ধরনের আবেদন করার অধিকার আছে কি না, তা পর্যালোচনা করা হবে। এ ক্ষেত্রে পাসপোর্ট আইন, নাগরিকত্ব আইন এবং জাতীয় পরিচয় নিবন্ধনসংক্রান্ত আইন বিবেচনায় নেয়া হবে।

তিনি আরো জানান, শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে আনার জন্য বিদ্যমান প্রত্যর্পণ চুক্তির আওতায় বাংলাদেশের পক্ষ থেকে ইতোমধ্যে কূটনৈতিক চ্যানেলে চিঠি পাঠানো হয়েছে। তাকে আইন অনুযায়ী দেশে ফিরিয়ে দেয়ার অনুরোধ জানানো হয়েছে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরও পাসপোর্টের আবেদনসংক্রান্ত বিষয়টিকে হাস্যকর বলে মন্তব্য করেছেন। তার বক্তব্য, বাংলাদেশ কোনো সন্ত্রাসীকে পাসপোর্ট দেয় না। বরং প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে তার সাজা কার্যকর করতে চায়।

বণিক বার্তা

‘ভ্যাট প্রবর্তনের পর সাড়ে তিন দশকে এনবিআরে আর বড় কোনো সংস্কার হয়নি’—এটি দৈনিক বণিক বার্তার প্রধান শিরোনাম। খবরে বলা হয়, দেশে মূল্য সংযোজন কর (ভ্যাট) ব্যবস্থা চালুর পর পেরিয়েছে সাড়ে তিন দশকেরও বেশি সময়। রাজস্ব ব্যবস্থাপনায় এটিকে এখন পর্যন্ত সবচেয়ে বড় কাঠামোগত সংস্কার হিসেবে বিবেচনা করা হয়। এরপর ভ্যাট আইন প্রণয়ন, আয়কর আইন সংশোধন ও রাজস্ব প্রশাসন আধুনিকায়নে বিভিন্ন উদ্যোগ নেয়া হলেও বেশির ভাগই প্রত্যাশিত সুফল বয়ে আনতে পারেনি। করনীতি প্রণয়ন ও বাস্তবায়নের মধ্যে সমন্বয়হীনতা, প্রশাসনিক জটিলতা, অটোমেশন কার্যক্রমে ধীরগতি এবং প্রভাবশালী মহলের হস্তক্ষেপে রাজস্ব ব্যবস্থাপনায় আসেনি কাঙ্ক্ষিত পরিবর্তন। ফলে অর্থনীতির আকার ও কর্মকাণ্ড বাড়লেও সে অনুপাতে রাজস্ব আহরণে সক্ষমতা বাড়াতে পারছে না সরকার। দীর্ঘদিনের এ দুর্বলতা এখন সরকারের অর্থ সংকটকেও আরো প্রকট করে তুলছে।

রাজস্ব আহরণের এ দুর্বলতার পেছনে অর্থনৈতিক কর্মকাণ্ডে স্থবিরতার পাশাপাশি দীর্ঘদিনের প্রাতিষ্ঠানিক ও কাঠামোগত সমস্যাকে দায়ী করছেন অর্থনীতিবিদ ও সাবেক রাজস্ব কর্মকর্তারা। তাদের মতে, ১৯৯১ সালে ভ্যাট ব্যবস্থা প্রবর্তনের পর জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) বড় ধরনের কোনো কাঠামোগত সংস্কার হয়নি। এখনো ঔপনিবেশিক আমলে গড়ে ওঠা ভৌগোলিক প্রশাসনিক কাঠামোর ওপর ভিত্তি করেই পরিচালিত হচ্ছে রাজস্ব ব্যবস্থাপনা। এর সঙ্গে করনীতি প্রণয়ন ও বাস্তবায়নের দায়িত্ব একই প্রতিষ্ঠানের হাতে কেন্দ্রীভূত থাকা, প্রশাসনিক প্রতিরোধ, অটোমেশন কার্যক্রমে দীর্ঘসূত্রতা এবং প্রভাবশালী ব্যবসায়ী গোষ্ঠীর হস্তক্ষেপ সংস্কারের পথ আটকে রেখেছে। এ কারণে করহার তুলনামূলক বেশি হওয়া সত্ত্বেও সে অনুপাতে রাজস্ব আয় হচ্ছে না।

রাজস্ব আহরণে এ দুর্বলতার প্রভাব পড়ছে সরকারের বাজেট অর্থায়নেও। চলতি অর্থবছরে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার রেকর্ড বাজেট বাস্তবায়নে মোট রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা। এর মধ্যে ৬ লাখ ৪ হাজার কোটি টাকা এনবিআরের মাধ্যমে সংগ্রহের লক্ষ্য রয়েছে। তার জন্য করহার বাড়ানো, নতুন আইন প্রণয়ন, বিচ্ছিন্ন কিছু প্রশাসনিক উদ্যোগও নেয়া হয়। অথচ এনবিআরের তথ্য অনুযায়ী, চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) রাজস্ব আহরণে ঘাটতি ৪১ হাজার ৮৭৯ কোটি টাকা। লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় ৩১ শতাংশ এ সময় আয় কম হয়েছে। সবচেয়ে বেশি ঘাটতি ভ্যাট আহরণে।

চলতি অর্থবছরের প্রথম তিন মাসে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ছিল ১ লাখ ৩৪ হাজার ৩৯৬ কোটি টাকা। বিপরীতে আয় হয়েছে ৯২ হাজার ৫১৭ কোটি টাকা। খাতভিত্তিক হিসাবে, ভ্যাট আহরণের লক্ষ্যমাত্রা ছিল ৪৯ হাজার ৪০৫ কোটি টাকা। আয় হয়েছে ২৯ হাজার ৩৪৮ কোটি টাকা। সে হিসাবে এ খাতে ঘাটতি দাঁড়িয়েছে ২০ হাজার ৫৭ কোটি টাকায়। অর্থাৎ মোট রাজস্ব ঘাটতির প্রায় অর্ধেকই এ খাতে। শুধু লক্ষ্যমাত্রাই নয়, গত অর্থবছরের একই সময়ের তুলনায় ভ্যাট আহরণও কমেছে। ২০২৫-২৬ অর্থবছরের প্রথম প্রান্তিকে এ খাতে আয় হয়েছিল ৩৫ হাজার কোটি টাকা।

অন্যদিকে আয়কর ও ভ্রমণ কর খাতে ৪২ হাজার ৭২৬ কোটি টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে আয় হয়েছে ৩৩ হাজার ৪০ কোটি টাকা। আমদানি-রফতানি শুল্ক খাতে ৪২ হাজার ২৬৫ কোটি টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে ৩০ হাজার ১২৯ কোটি টাকা আয় হয়েছে। অর্থাৎ রাজস্ব আহরণের প্রধান তিন খাতের কোনোটিতেই লক্ষ্যমাত্রা পূরণ হয়নি।

এদিকে রাজস্ব আহরণ কমে যাওয়ার কারণে চলতি অর্থবছরের প্রথম তিন মাসের রাজস্ব আহরণ-সংক্রান্ত আনুষ্ঠানিক পরিসংখ্যান প্রকাশ করেনি এনবিআর। সংস্থাটির কর্মকর্তারা বলছেন, ত্রৈমাসিক ভিত্তিক ভ্যাট রিটার্ন জমা দেয়ার বিধানের কারণে প্রথম দুই মাসে অনেক প্রতিষ্ঠান তা দাখিল ও পরিশোধ করেনি। এতে রাজস্বের পরিমাণ উল্লেখযোগ্য পরিমাণে কমে যায়। এ কারণে পরবর্তী সময়ে বাধ্য হয়ে মাসভিত্তিক রিটার্ন জমা দেয়ার নিয়মে ফিরে যায় সরকার। তাছাড়া ব্যবসা-বাণিজ্যে শ্লথগতির কারণেও ভ্যাট আহরণ কমেছে।

আজকের পত্রিকা

দৈনিক আজকের পত্রিকার প্রধান শিরোনাম ‘উত্তাপ বাড়ছে, সংঘাতের শঙ্কা’। প্রতিবেদনে বলা হয়, রাজধানী ও আশপাশের এলাকাসহ দেশের বিভিন্ন স্থানে কয়েক দিন ধরে বাসে আগুন দেওয়া হচ্ছে। মাঝেমধ্যে ঘটছে ককটেল বিস্ফোরণ। এরই মধ্যে খবর এল, ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরতে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আবেদন করেছেন। আগামী ডিসেম্বরে তাঁর দেশে ফেরার গুঞ্জন এবং তার আগে আগুন-কটটেলের ঘটনায় রাজনীতিতে একধরনের উত্তাপ অনুভূত হচ্ছে।

এই পরিস্থিতিতে সরকারকে সময়মতো কার্যকর পদক্ষেপ নেওয়ার পরামর্শ দিচ্ছেন রাজনৈতিক বিশ্লেষকেরা। তাঁদের আশঙ্কা, বিষয়টি নিয়ে রাজনৈতিক পক্ষগুলোর পাল্টাপাল্টি অবস্থান পরিস্থিতিকে সংঘাতের দিকে ঠেলে দিতে পারে।

২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের রাজনৈতিক অঙ্গনে বড় ধরনের সংঘাতময় পরিস্থিতি তৈরি হয়নি। গত ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর সরকার ও বিরোধী দলের মধ্যে মতপার্থক্য থাকলেও তা মূলত বক্তব্য, সংসদীয় বিতর্ক ও শান্তিপূর্ণ কর্মসূচির মধ্যেই সীমাবদ্ধ রয়েছে। যদিও সংস্কার ইস্যুতে বিরোধী দল সাম্প্রতিক সময়ে তাঁদের কর্মসূচি জোরদার করেছে এবং দাবি আদায়ে গলার সুর চড়িয়ে হুমকির পর্যায়ে নিয়ে গেছে।

২০২৪ সালের গণ-অভ্যুত্থানের সময়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় গত বছরের নভেম্বরে শেখ হাসিনার অনুপস্থিতিতে তাঁকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ছাত্র-জনতার অভ্যুত্থান দমনে প্রাণঘাতী অভিযান চালানোর নির্দেশ দেওয়ার অভিযোগে তাঁকে এই দণ্ড দেওয়া হয়। তবে ভারত থেকে তিনি এসব অভিযোগ অস্বীকার করে আসছেন।

আদালতের রায়ের পর ভারত থেকে শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে কূটনৈতিক তৎপরতা চালাচ্ছে সরকার। বিরোধী দলও এই দাবিতে সোচ্চার। এই অবস্থায় কয়েক মাস আগে শেখ হাসিনা ভারতীয় গণমাধ্যমকে জানান, আগামী ডিসেম্বরে তিনি দেশে ফিরতে চান।

এর মধ্যে গতকাল সোমবার আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স খবর দিয়েছে, ভারতের রাজধানী নয়াদিল্লিতে বাংলাদেশের হাইকমিশনের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানের কাছে পাঠানো চিঠিতে হাসিনার আইনজীবীরা তাঁর জন্য নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দেওয়ার অনুরোধ জানিয়েছেন। আওয়ামী লীগ নেতারা রয়টার্সকে বলেছেন, শেখ হাসিনার দেশে ফেরার তারিখ নির্ধারিত হবে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পর।

শেখ হাসিনার পাসপোর্ট ও এনআইডি চাওয়ার খবর প্রকাশের পর সরকার ও রাজনৈতিক দলগুলোর মধ্যে নতুন করে আলোচনা শুরু হয়েছে। সরকার বলছে, শেখ হাসিনা দেশে ফিরতে চাইলে বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

দেশ রূপান্তর

‘পোশাকশ্রমিকের ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা প্রস্তাব’—এটি দৈনিক দেশ রূপান্তরের প্রধান শিরোনাম। খবরে বলা হয়, দেশের প্রধান রপ্তানি খাত তৈরি পোশাক শিল্প-শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা করার প্রস্তাব দিয়েছে শ্রমিকপক্ষ। গতকাল সোমবার নিম্নতম মজুরি বোর্ডের কার্যালয়ে এ সংক্রান্ত বোর্ডের দ্বিতীয় সভায় শ্রমিক পক্ষ মোট চারটি গ্রেডে সর্বশেষ স্তরের এ প্রস্তাব দিয়েছেন।

বৈঠক সূত্রে জানা গেছে, এক নম্বর গ্রেডে ৪৮ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব করা হয়েছে। শ্রমিক পক্ষের প্রস্তাব পর্যালোচনার জন্য সময় চেয়েছে মজুরি বোর্ড। পাশাপাশি মালিক পক্ষের প্রস্তাব ও মতামত জানাতে চার কার্যদিবস সময় দিয়েছে বোর্ড। বৈঠক শেষে শ্রমিক প্রতিনিধি বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক বাবুল আখতার সংবাদ মাধ্যমেকে জানান, ‘এক নম্বর গ্রেডে আমরা ৪৮ হাজার টাকা এবং দুই নম্বর গ্রেডের জন্য ৪৩ হাজার, তিন নম্বর গ্রেডের জন্য ৩৮ হাজার ও চার নম্বর গ্রেডের জন্য আমরা মজুরি চেয়েছি ৩২ হাজার টাকা। শিক্ষানবিশ বা একবারে নতুন শ্রমিকদের জন্য ৩০ হাজার টাকা মজুরি প্রস্তাব করা হয়েছে।’

শ্রমিক পক্ষের এ নেতা মনে করেন, জিনিসপত্রের বর্তমান বাজারমূল্য, জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে তুলনা করলে শ্রমিকদের দাবি বা প্রস্তাব প্রয়োজনের তুলনায় কম। কিন্তু শিল্পের সক্ষমতা ও আন্তর্জাতিক বাজার পরিস্থিতি বিবেচনায় শিল্প উৎপাদন ও টিকে থাকার চ্যালেঞ্জ মোকাবিলায় সক্ষমতার মধ্যেই শ্রমিক পক্ষ দাবি করেছে।

বাবুল আখতার জানান, কর্মকর্তা-কর্মচারীদের মজুরি এক নম্বর গ্রেডে ৫৫ হাজার টাকা, দুই নম্বর গ্রেডের জন্য ৫০ হাজার, তিন নম্বর গ্রেডের জন্য ৪৫ হাজার ও চার নম্বর গ্রেডে (অফিস স্টাফ) পর্যায়ে ৪০ হাজার টাকা প্রস্তাব করা হয়েছে।

শ্রমিক পরিবারের খরচ প্রসঙ্গে তুলে বাবুল আখতার বলেন, ‘একজন ওয়ার্কার, চারজন ফ্যামিলি হিসাব করে যদি আপনি ক্যালোরি হিসাব করেন বা বর্তমান বাজারমূল্য, ঘরভাড়া, চিকিৎসা, তাদের বাচ্চাদের শিক্ষা সমস্ত কিছু যদি বিবেচনায় নেন, তাহলে ৪৫ হাজার থেকে ৬০ হাজার টাকা প্রয়োজন।

মজুরি বোর্ডের পরবর্তী বৈঠক ১৬ নভেম্বর অনুষ্ঠিত হবে জানিয়ে বোর্ড চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী বলেন, গতকাল সোমবার মালিক, শ্রমিকÑ উভয় পক্ষেরই প্রস্তাব দেওয়ার কথা ছিল। মালিকপক্ষ সাত কার্যদিবস সময় চেয়েছে। চার কার্যদিবস সময় দিয়েছি। ব্যর্থ হলে আমরা তাদের প্রস্তাবের অপেক্ষা করব না।

মালিকপক্ষের প্রতিনিধি এবিএম সামছুদ্দিন বলেন, ‘আপনারা সবাই জানেন যে ঢাকায় এবং ঢাকার আশপাশের বিশৃঙ্খল পরিস্থিতির কারণে ওই দিকেই আমাদের কনসেন্ট্রেট করতে হচ্ছে। এদিকে আমরা সেইভাবে মনোনিবেশ করতে পারি নাই। যার জন্য আমরা এক সপ্তাহ সময় চেয়েছিলাম। কিন্তু চেয়ারম্যান ও বোর্ডের সবার সম্মতিক্রমে চার দিনের সময় দেওয়া হয়েছে। আগামী চার কর্মদিবসের মধ্যে বোর্ডকে আমাদের প্রস্তাবনা পেশ করব।’

প্রস্তাবিত মজুরি কবে থেকে বাস্তবায়ন হবে এমন এক প্রশ্নের উত্তরে বিজিএমইএর এ পরিচালক বলেন, নতুন বেতন কাঠামো ডিসেম্বরেই কার্যকর হবে, যা শ্রমিকরা পাবেন জানুয়ারির শুরুতে।

জানা গেছে, তৈরি পোশাকশ্রমিকদের সর্বশেষ ন্যূনতম মজুরি ঘোষণা করা হয়েছিল ২০২৩ সালের নভেম্বরে, যা কার্যকর হয় পরের মাসে। সেই হিসেবে পোশাক খাতের বর্তমান নিম্নতম মজুরির মেয়াদ শেষ হবে চলতি নভেম্বরে। ওই সময় ন্যূনতম মজুরি ৮ হাজার থেকে বাড়িয়ে ১২ হাজার ৫০০ টাকা করা হয়। এক্ষেত্রে মজুরি বেড়েছিল ৫৬ দশমিক ২৫ শতাংশ।

মজুরি বোর্ডের সদস্যরা আশা করছেন, গার্মেন্টস শিল্প খাতের শ্রমিকদের সর্বনিম্ন মজুরি শ্রমিক-মালিক-সরকার সব পক্ষের মতামতের ভিত্তিতে নির্ধারণ হবে। যা দেশ বিদেশে গ্রহণযোগ্য হবে। এর আগে সব পক্ষের মতামতের ভিত্তিতে গবেষণা, মাঠপর্যায়ের শ্রমিকদের বাস্তবতা, শ্রমিকদের ক্রয়ক্ষমতা, শিল্পের সামর্থ্য অনুযায়ী বিশ্লেষণ সর্বনিম্ন মজুরি কাঠামো সুপারিশ করা হবে।