নতুন মার্কিন টাস্কফোর্স ইরানে অস্ত্র সরবরাহ বন্ধ করতে পারবে কি?

আল জাজিরার বিশ্লেষণ

নতুন মার্কিন টাস্কফোর্স ইরানে অস্ত্র সরবরাহ বন্ধ করতে পারবে কি?

ফন্ট সাইজ:

 যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প আবারও বড় এক দাবি করেছেন। নিজের স্বভাবসুলভ অতিরঞ্জিত বক্তব্যে তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র পুরো বিশ্ব থেকে ইরানকে প্রায় বিচ্ছিন্ন করে ফেলেছে। রোববার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, ইরানে খুব সামান্যই প্রবেশ করছে, কিংবা ইরান থেকে বাইরে যাচ্ছে! এর একদিন আগে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) তেহরানের সামরিক সরবরাহ নেটওয়ার্ক অচল করে দেয়ার সর্বশেষ পরিকল্পনা ঘোষণা করে। রোববার সেন্টকম ‘টাস্কফোর্স আয়রন গেট’ ঘোষণা করে। এটি এমন একটি ইউনিট, যার লক্ষ্য স্থলপথ ও কাস্পিয়ান সাগরকে কেন্দ্র করে ইরানের উন্নত অস্ত্র এবং অন্যান্য সামগ্রী পরিবহনের জন্য স্থলপথ ব্যবহারের সুযোগ বন্ধ করা। ট্রুথ সোশ্যালে দেয়া বার্তায় ট্রাম্প দাবি করেন, ইরানে টাস্কফোর্সটি ‘পূর্ণ শক্তিতে ও কার্যকরভাবে’ কাজ করছে। এর সঙ্গে কৌশলগত হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ যুক্ত হওয়ায় দেশটিতে কী প্রবেশ করছে এবং কী বের হচ্ছে, তা কার্যত বন্ধ করে দিয়েছে যুক্তরাষ্ট্র।

তবে বিশ্লেষকরা বলছেন, গোয়েন্দা তথ্যনির্ভর একটি ছোট ইউনিট আঞ্চলিক সহযোগিতা ছাড়া ইরানের সীমান্ত বন্ধ করতে কিংবা দেশটির বিস্তৃত সংগ্রহ ও সরবরাহ নেটওয়ার্ক থামাতে পারবে না। তারা সতর্ক করেছেন, এসব নেটওয়ার্কে বিঘ্ন ঘটানোর চেষ্টা প্রতিবেশী দেশগুলোকে সংঘাতে জড়িয়ে ফেলতে পারে এবং ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরাইলের চলমান যুদ্ধে কূটনৈতিক প্রচেষ্টাকে দুর্বল করে দিতে পারে। লন্ডনের কিংস কলেজের প্রতিরক্ষা অধ্যয়ন বিভাগের সহযোগী অধ্যাপক আন্দ্রেয়াস ক্রিগ বলেছেন, আমি টাস্কফোর্স আয়রন গেটকে ইরানের মহাদেশীয় সরবরাহ নেটওয়ার্ক পর্যন্ত মার্কিন নৌ অবরোধ সম্প্রসারণের একটি মরিয়া প্রচেষ্টা হিসেবে দেখছি। এর মাধ্যমে সীমান্তে মার্কিন সেনা মোতায়েন না করেই এই কাজ করার চেষ্টা হচ্ছে।

যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্যবিষয়ক সাবেক উপসহকারী প্রতিরক্ষামন্ত্রী মাইকেল মুলরয় বলেন, টাস্কফোর্স আয়রন গেটের লক্ষ্য হলো- অস্ত্র ব্যবস্থা কোথা দিয়ে প্রবেশ করছে, কীভাবে সেগুলো বন্ধ করা যেতে পারে এবং ইরান কীভাবে তার জ্বালানি পরিবহন করছে, তা খুঁজে বের করা। ফ্লোরিডার টাম্পায় অবস্থিত এই ইউনিটটি অন্যান্য মার্কিন সরকারি সংস্থার সঙ্গে সমন্বয় করে কাজ করবে। সেন্টকম জানিয়েছে, ইরানের স্থলসীমান্ত ও কাস্পিয়ান সাগর দিয়ে উন্নত অস্ত্র ব্যবস্থা, দ্বৈত ব্যবহারযোগ্য প্রযুক্তি, নিষেধাজ্ঞার আওতাভুক্ত সামগ্রী এবং অবৈধ রাজস্ব প্রবাহের চলাচল ঠেকানোই এর লক্ষ্য। বিশ্লেষকরা বলেছেন, এই টাস্কফোর্স নিষেধাজ্ঞা কার্যকর করার সমন্বয়, বিদেশি সরবরাহকারীদের ওপর চাপ সৃষ্টি এবং চোরাচালান ব্যাহত করতে অংশীদার দেশগুলোর সঙ্গে কাজ করতে পারে। রয়েল ইউনাইটেড সার্ভিসেস ইনস্টিটিউটের সামরিক বিজ্ঞান বিভাগের পরিচালক ম্যাথিউ স্যাভিলের মতে, মার্কিন এই মিশন স্যাটেলাইট চিত্র, ড্রোন, আটক করা যোগাযোগ বার্তা, আর্থিক গোয়েন্দা তথ্য এবং গোয়েন্দা তথ্য বিনিময়ের সমন্বয়ের ওপর নির্ভর করবে।

তিনি বলেন, এরপর সত্যি বলতে, আমি কিছু শক্তি প্রয়োগের আশা করব- হামলা কিংবা গোপন স্থল অভিযান, যার মাধ্যমে বিভিন্ন উপাদান জব্দ করা হবে। এটি মার্কিন বাহিনী কিংবা ইসরাইলিরা করতে পারে। তিনি আরও বলেন, দ্বৈত ব্যবহারযোগ্য উপাদান পশ্চিমা দেশগুলো থেকে আসছে বলে মনে হলে তারা কিছু গোয়েন্দা তথ্য সরবরাহ করতে চাইবে এবং মধ্যপ্রাচ্যের বাইরে আইনি ও অর্থনৈতিক চাপ প্রয়োগ করবে। কিন্তু লক্ষ্য যদি রাশিয়া ও চীনের সরবরাহ হয়, তাহলে কাজটি আরও কঠিন হবে।

সেন্টকমের ঘোষণায় রাশিয়ার সঙ্গে ইরানের অস্ত্র বাণিজ্যের বিষয়টি সরাসরি উল্লেখ করা হয়নি। তবে বিশ্লেষকরা বলছেন, রাশিয়ার সঙ্গে সংযোগ রয়েছে এমন সরবরাহ নেটওয়ার্কগুলো ব্যাহত করার প্রচেষ্টা হিসেবেও এই ইউনিটকে দেখা যেতে পারে। মার্কিন গণমাধ্যমগুলো জানিয়েছে, রাশিয়া কাস্পিয়ান সাগর দিয়ে ইরানে ড্রোনের যন্ত্রাংশ ও বিস্ফোরক পাঠিয়েছে। এমন দাবিও রয়েছে যে রাশিয়ার প্রযুক্তি ইরানকে উন্নত সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র তৈরিতে সহায়তা করছে। ক্রিগ একমত হয়েছেন যে টাস্কফোর্সটি বিভিন্ন পদ্ধতির সমন্বয় করবে। তবে তিনি বলেছেন, এটি মূলত একটি গোয়েন্দা তথ্য সমন্বয় কেন্দ্র হিসেবেই কাজ করবে। তিনি বলেন, ২০ জন মানুষ কয়েক হাজার কিলোমিটার সীমান্ত পাহারা দিতে পারে না। লক্ষ্য সব চালান আটকানো নয়। বরং ইরানের সামরিক সরঞ্জাম সংগ্রহের প্রক্রিয়াকে ক্রমাগত আরও ব্যয়বহুল, ধীরগতির এবং ঝুঁকিপূর্ণ করে তোলা।

তবে তার মতে, মার্কিন এই মিশনের সামনে প্রযুক্তিগত নয়, বরং রাজনৈতিক বাধাই বড় হয়ে দাঁড়াবে। ইরানের প্রতিবেশী দেশগুলো সহযোগিতা করতে খুব একটা আগ্রহী হবে না। তিনি ব্যাখ্যা করেন, ইরাক ওয়াশিংটনকে কিছুটা প্রভাব বিস্তারের সুযোগ দিতে পারে। কিন্তু ইরান সমর্থিত নেটওয়ার্কগুলো দেশটির অর্থনীতি ও নিরাপত্তা প্রতিষ্ঠানগুলোর মধ্যে গভীরভাবে প্রোথিত। ক্রিগের মতে, আজারবাইজান গোপনে সহযোগিতা করতে পারে। তবে তুর্কমেনিস্তান তার নিরপেক্ষতা কিংবা রাশিয়া ও চীনের সঙ্গে সম্পর্ক ঝুঁকিতে ফেলতে অত্যন্ত অনিচ্ছুক হবে। তিনি বলেন, বর্তমানে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে মধ্যস্থতা করছে পাকিস্তান। ফলে দেশটির প্রকাশ্যে এই অভিযানে অংশ নেয়ার সম্ভাবনা খুবই কম। তুরস্কও ইরানের সঙ্গে তার সীমান্তকে আরেকটি সংঘাতের ক্ষেত্র বানাতে আগ্রহী নয়। ক্রিগ বলেন, এই দেশগুলোর সহযোগিতা ছাড়া ওয়াশিংটন নির্দিষ্ট কিছু নেটওয়ার্কে বিঘ্ন ঘটাতে পারবে, কিন্তু কার্যকরভাবে ইরানের সীমান্ত বন্ধ করতে পারবে না।

বৈরুতের আমেরিকান ইউনিভার্সিটির পাবলিক পলিসি ফেলো এবং আরব সেন্টার ওয়াশিংটন ডিসির অনাবাসিক সিনিয়র ফেলো রামি খৌরি এর আগে বলেছেন, হাজার হাজার বছরের বাণিজ্যিক ইতিহাসের কারণে ইরানের এই নেটওয়ার্ক বন্ধ করা যুক্তরাষ্ট্রের জন্য প্রায় অসম্ভব। তিনি বলেন, হাজার হাজার বছর ধরে পুরো অঞ্চলে, বিশেষ করে এশিয়ায় ব্যবসায়ী, অংশীদার ও মিত্রদের সঙ্গে ইরানের যোগাযোগের বিশাল একটি নেটওয়ার্ক রয়েছে। যুক্তরাষ্ট্রের পক্ষে এর প্রতিটি সংযোগ বিচ্ছিন্ন করা কার্যত অসম্ভব। তিনি আরও বলেন, ‘পুরো অঞ্চলজুড়ে এমন মানুষ রয়েছেন, যাদের সঙ্গে ইরানের যোগাযোগ আছে। কারও সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ, আবার কারও সঙ্গে শুধু বাণিজ্যিক। টাস্কফোর্সের কর্মকাণ্ডের মাধ্যমে সংঘাতের পরিধি নতুন নতুন এলাকায় ছড়িয়ে পড়তে পারে বলে উদ্বেগ প্রকাশ করেছেন ক্রিগ। একে তিনি ‘মিশন ক্রিপ’ বা অভিযানের লক্ষ্য ও পরিধি ক্রমাগত সম্প্রসারণের ঝুঁকি হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেন, গোয়েন্দা তথ্য সংগ্রহের কাজ দ্রুতই জাহাজ বা পণ্য জব্দ করা, সীমান্ত বন্ধ করা কিংবা সন্দেহভাজন সরবরাহ অবকাঠামোর ওপর সামরিক হামলার চাপ তৈরি করতে পারে। এতে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক যুদ্ধ প্রতিবেশী রাষ্ট্রগুলোর সার্বভৌম ভূখণ্ডে সম্প্রসারিত হবে।

এর জবাবে ইরান সম্ভবত অসম কৌশল গ্রহণ করবে বলে মনে করেন ক্রিগ। তার মতে, ইরান হরমুজ প্রণালিতে সামুদ্রিক চাপ বাড়াতে পারে এবং বাব আল-মান্দেব প্রণালি ও সৌদি আরবের আশপাশে চাপ বাড়াতে হুতিদের ব্যবহার করতে পারে। যুক্তরাষ্ট্রের সাবেক শীর্ষ সন্ত্রাসবাদবিরোধী কর্মকর্তা জো কেন্টও যুক্তি দিয়েছেন, নতুন এই টাস্কফোর্স সেন্টকমের মাধ্যমে চলমান কূটনৈতিক প্রচেষ্টাকে ব্যাহত করার একটি উদ্যোগ। মার্চে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের যুদ্ধের প্রতিবাদে পদত্যাগ করা কেন্ট মার্কিন সামরিক বাহিনীর ঘোষণার পর এক্সে লিখেছেন, ভাইস প্রেসিডেন্ট যখন ইরানিদের সঙ্গে আলোচনা করছেন, তখন সেন্টকম ইরানকে সংঘাত বাড়ানোর আমন্ত্রণ জানাচ্ছে। তিনি আরও লিখেছেন, এটি সেন্টকমের ভাষায় “কনঅপের মাধ্যমে নীতি”। অর্থাৎ সামরিক বাহিনী এমন পদক্ষেপ নিচ্ছে, যার মাধ্যমে প্রেসিডেন্টকে প্রকাশ্যে অমান্য না করেই হোয়াইট হাউসের নীতিকে ব্যাহত করা যায়। এসব পদক্ষেপ যুদ্ধকে আরও তীব্র কিংবা দীর্ঘস্থায়ী করে তুলবে।

এদিকে ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, ইরানে নতুন করে হামলা চালানোর জন্য ট্রাম্পের ওপর চাপ সৃষ্টি করছেন অনেক কর্মকর্তা। তাদের মধ্যে রয়েছেন সেন্টকমের প্রধান ব্র্যাড কুপার এবং প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। তবে কিছু বিশ্লেষক মনে করেন, কাস্পিয়ান সাগরে যুক্তরাষ্ট্রের প্রবেশাধিকার, স্থলভাগে সেনা মোতায়েন কিংবা প্রতিবেশী দেশগুলোর সহযোগিতা ছাড়া এই টাস্কফোর্সের বাস্তব প্রভাব সীমিত থাকবে। কাতার বিশ্ববিদ্যালয়ের সমসাময়িক ইতিহাস ও রাজনীতির অধ্যাপক মাহজুব জুয়েরি বলেন, কাস্পিয়ান সাগরে মার্কিন সামরিক উপস্থিতি না থাকায় নতুন এই উদ্যোগটি কেবল প্রতীকী হয়ে থাকতে পারে। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের এই সাগরে প্রবেশাধিকার নেই। যদি না আজারবাইজান, আর্মেনিয়া কিংবা অন্য কোনো প্রতিবেশী দেশ তাদের সহযোগিতা করে। কিন্তু তারা এ ক্ষেত্রে সহযোগিতা করছে না, কারণ তারা রাশিয়াকে ক্ষুব্ধ করতে চায় না। জুয়েরি আরও বলেন, এ জন্য স্থলভাগে সেনা মোতায়েন করতে হবে। কিন্তু এমনটা ঘটার সম্ভাবনা খুবই কম।