রাজধানীতে সোমবার রাতে একের পর এক ককটেল বিষ্ফোরণ ও বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। সোমবার রাতে মিরপুরে পার্কিং করে রাখা বসুমতি পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। একই রাতে আদাবর, মালিবাগ-মৌচাক, তেজগাঁও লিংক রোড, গুলশান পুলিশ প্লাজা ও তিতুমীর কলেজের সামনে ককটেল বিস্ফোরণ ও নিক্ষেপের ঘটনা ঘটেছে। এ ছাড়া যাত্রাবাড়ীতে পুলিশের চেকপোস্টে তল্লাশির সময় পাঁচটি ককটেলসহ এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। মগবাজারে ককটেল নিক্ষেপের সময় আরও চারজনকে আটক করা হয়েছে।
পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সোমবার রাত ৯টার দিকে পল্লবী থানার মিরপুর ১১ নম্বর সেকশনের পোস্ট অফিস সংলগ্ন সড়কে পার্কিং করে রাখা বসুমতি পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে বাসটির আসন, কাচ ও বডির বিভিন্ন অংশ পুড়ে যায়। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি।
পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জালাল উদ্দিন বলেন, পোস্ট অফিসের সামনে সড়কে পার্কিং করে রাখা বসুমতি পরিবহনের একটি বাসে দুর্বৃত্তরা আগুন দিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এদিকে, একই রাতে রাজধানীর আদাবরের টোকিও স্কয়ারের সামনে এবং মালিবাগ-মৌচাক মোড়ে দেশ টিভির কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ছাড়া তেজগাঁও লিংক রোড ও গুলশানের পুলিশ প্লাজার সামনেও ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা। একই রাতে মগবাজারে ককটেল নিক্ষেপের সময় চারজনকে আটক করা হয়েছে বলে জানা গেছে। গতকাল রাত ১০ টার দিকে তিতুমীর কলেজ গেটের সামনে ককটেল বিষ্ফোরণের ঘটনা ঘটেছে। এসময় একজনকে হাতেনাতে আটক করেছে শিক্ষার্থীরা।
অন্যদিকে, রাজধানীর যাত্রাবাড়ীতে পুলিশের চেকপোস্টে তল্লাশির সময় পাঁচটি ককটেলসহ মোহাম্মদ সাইফুল ইসলাম (৩৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার ব্যবহৃত একটি রয়েল এনফিল্ড মোটরসাইকেল জব্দ করা হয়। মোটরসাইকেলে তার সঙ্গে থাকা পলাশ (৪৫) নামে আরেক ব্যক্তি পালিয়ে যান।
পুলিশ জানায়, সোমবার রাত ৮টা ১০ মিনিটের দিকে যাত্রাবাড়ীর জনপদ মোড় ফ্লাইওভারের প্রবেশমুখে পুলিশের চেকপোস্টে এ ঘটনা ঘটে। যাত্রাবাড়ী পুলিশ ফাঁড়ির এসআই মো. এমরান হোসাইন সঙ্গীয় ফোর্স নিয়ে সেখানে দায়িত্ব পালন করছিলেন। এ সময় রয়েল এনফিল্ড মোটরসাইকেলে দুই আরোহী চেকপোস্টে পৌঁছালে পুলিশ তাদের থামার সংকেত দেয়। কিন্তু তারা মোটরসাইকেল নিয়ে পালানোর চেষ্টা করেন। পরে যাত্রাবাড়ী পুলিশ ফাঁড়ি ও এসআরইউ সদস্যদের সহযোগিতায় সাইফুল ইসলামকে আটক করা হয়। এ সময় মোটরসাইকেলের অপর আরোহী পালিয়ে যান। আটকের পর সাইফুলের হাতে থাকা একটি বাজারের ব্যাগে ধানের তুষ দেখতে পান পুলিশ সদস্যরা। পরে বোম ডিসপোজাল ইউনিটের সদস্যরা ব্যাগটি পরীক্ষা করে পাঁচটি ককটেল উদ্ধার করেন।
আদাবরে পেট্রোল বোমা ও গানপাউডারসহ ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার:
রাজধানীর আদাবরের শ্যামলী রিং রোড এলাকায় নাশকতার পরিকল্পনার অভিযোগে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-২)। এ সময় তাদের কাছ থেকে ছয়টি পেট্রোল বোমা ও ৯৫০ গ্রাম গানপাউডার উদ্ধার করা হয়েছে। সোমবার ভোররাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শ্যামলী রিং রোড এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- মো. মাহবুব হোসেন (২৯) ও মো. রাশেদ কবির (২৮)। তারা দুজনই ঠাকুরগাঁও জেলার বাসিন্দা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দুজন নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সদস্য বলে জানা গেছে। এসআরবি জানায়, তাদের মধ্যে মাহবুব হোসেন ঠাকুরগাঁও জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এবং তার বিরুদ্ধে একাধিক নাশকতার মামলা রয়েছে।
