রাজপথে থেকেই ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে

সংসদীয় দলের সভায় প্রধানমন্ত্রী

রাজপথে থেকেই ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে

ফন্ট সাইজ:

পতিত আওয়ামী লীগ নেতাকর্মীদের অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা রুখতে ও যেকোনো ষড়যন্ত্র মোকাবিলায় দলীয় সংসদ সদস্যদের রাজপথে থাকার 
নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গতকাল বিকালে জাতীয় সংসদ ভবনে সরকারদলীয় সংসদীয় সভায় এ নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। এছাড়া ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরতে চাইলে বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার— এমন সিদ্ধান্ত হয়েছে। শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গটি উঠলে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এ কথা বলেন বলে সভাসূত্র জানিয়েছে।

ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরুর আগে সরকারদলীয় সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান সভাপতিত্ব করেন।

সভায় উপস্থিত একাধিক দায়িত্বশীল সূত্র জানিয়েছে, বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমান দলীয় সংসদ সদস্যদের উদ্দেশ্যে বলেছেন, ‘বক্তব্য লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি, রাজপথে আমাদের থাকতে হবে, রাজপথেই সব ষড়যন্ত্রের মোকাবিলা করতে হবে।’
অপর এক সংসদ সদস্য মানবজমিনকে বলেন, সভায় প্রধানমন্ত্রী সংক্ষিপ্ত বক্তব্য দিয়েছেন। এমপিদের নানা নির্দেশনা দেয়ার পাশাপাশি বলেছেন, পরাজিত শক্তি দেশকে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করছে। অনেকে ষড়যন্ত্র করছে। কিন্তু রাজপথে থেকে সব ষড়যন্ত্রের জবাব দিতে হবে।

প্রসঙ্গত, আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আদালতে আত্মসমর্পণ করার ইচ্ছার কথা জানিয়েছেন। সোমবার নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে নতুন পাসপোর্ট ও এনআইডি’র জন্য তিনি আবেদন করেছেন বলে খবর প্রকাশিত হয়েছে। তবে এ আবেদনের বিষয়টি এখনো বাংলাদেশ সরকারের পক্ষ থেকে নিশ্চিত করা হয়নি।
বিএনপি’র সংসদীয় দলের সভায় উপস্থিত একাধিক সূত্র জানায়, স্থানীয় সরকার ও যোগাযোগ মন্ত্রণালয়ের অধীন চলমান সড়ক উন্নয়নকাজ, জ্বালানি ও বিদ্যুৎ পরিস্থিতি এবং রমজান সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। এ সময় প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট মন্ত্রীদের কাছে নিজ নিজ মন্ত্রণালয়ের কার্যক্রমের বিস্তারিত জানতে চান। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে অবহিত করেন।

সভায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার দেশে ফেরার বিষয়টি সংক্ষেপে আলোচনায় আসে। এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী দলীয় সংসদ সদস্যদের বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে প্রত্যর্পণ চুক্তি রয়েছে। এ ক্ষেত্রে বিধি, আইন ও প্রচলিত প্রথা অনুসরণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার।
দেশে ফিরতে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য শেখ হাসিনার আবেদন করার খবরের সত্যতা ও আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
অন্যদিকে, শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডি’র আবেদনের বিষয়টিকে ‘চরম হাস্যকর’ বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, শেখ হাসিনা যদি সত্যিই দেশে ফিরতে চান, তাহলে তার জন্য নির্দিষ্ট আইনি প্রক্রিয়া রয়েছে। নতুন পাসপোর্ট নিয়ে দেশে ফেরার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেন তিনি।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে প্রত্যর্পণ চুক্তি রয়েছে। শেখ হাসিনা চাইলে ভারত সরকারের কাছে ওই চুক্তির আওতায় তাকে বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ জানাতে পারেন। দেশে ফিরে আদালতে আত্মসমর্পণ করে সাজা ভোগ করার কথাও বলেন তিনি।

২০২৪ সালের ৫ই আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে ভারতে যাওয়ার পর এই প্রথম শেখ হাসিনা পাসপোর্ট ও এনআইডি-সংক্রান্ত প্রথম আবেদন বলে রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
ইতিমধ্যে শেখ হাসিনা আগামী ডিসেম্বরে দেশে ফিরবেন বলে ঘোষণা দিয়েছেন। এ নিয়ে বেশ কিছু দিন ধরে কৌতুহলী মহলে নানা ধরনের আলোচনা চলছে।
৬ শিল্পাঞ্চলে শ্রমিক হাসপাতাল করবে সরকার: শ্রমজীবী মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে দেশের ছয়টি শিল্পাঞ্চলে একটি করে ছয়টি ১০০ শয্যার হাসপাতাল নির্মাণের পরিকল্পনা নিয়েছে সরকার। প্রাথমিকভাবে টঙ্গী, আশুলিয়া, কালিয়াকৈর, নারায়ণগঞ্জ, সাভার ও চট্টগ্রামে এসব হাসপাতাল নির্মাণ করা হবে। হাসপাতালগুলোতে শুধু শ্রমিকদের চিকিৎসাসেবা দেয়া হবে।

সোমবার (৯ই নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের প্রথম দিনে সংসদ সদস্য শামছুর রহমান শিমুল বিশ্বাসের এক অনির্ধারিত প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমান এ পরিকল্পনার কথা জানান। এ সময় সংসদের বৈঠকে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
প্রধানমন্ত্রী বলেন, শ্রমিকদের চিকিৎসাসেবার বিষয়ে সংসদ সদস্য গুরুত্বপূর্ণ প্রসঙ্গ উত্থাপন করেছেন। শ্রমজীবী মানুষের সুচিকিৎসার সুবিধা নিশ্চিত করতে সরকার ইতিমধ্যে ছয়টি ১০০ শয্যার হাসপাতাল নির্মাণের পরিকল্পনা গ্রহণ করেছে।
তিনি বলেন, ‘বাংলাদেশের মোটামুটি যে শিল্পাঞ্চলগুলো আছে, যেমন টঙ্গী, আশুলিয়া, কালিয়াকৈর, নারায়ণগঞ্জ, সাভার ও চট্টগ্রাম—প্রাথমিকভাবে এই ছয়টি জায়গায় ১০০ শয্যার একটি করে হাসপাতাল তৈরি করবো। এগুলো শুধুমাত্র আমাদের শ্রমিক ভাইদের চিকিৎসাসেবা প্রদান করবে।’

প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকার দেশের সব শ্রেণি-পেশার মানুষের জন্য কাজ করছে। শ্রমিকদের চিকিৎসাসেবা নিশ্চিত করাও সরকারের উদ্যোগের অংশ।
এর আগে দেশের জ্বালানি, শিল্প ও চিকিৎসা খাতের অবস্থা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, বিগত স্বৈরাচারী শাসনামলে দেশের জ্বালানি ব্যবস্থা আমদানিনির্ভর করা হয়েছে। দেশের খনিজ সম্পদ যথাযথভাবে ব্যবহার না করে আমদানির ওপর নির্ভরতা বাড়ানো হয়েছে। একইভাবে শিল্পের বিকাশ বাধাগ্রস্ত হয়েছে।
তিনি আরও বলেন, ওই সময়ে দেশের চিকিৎসাব্যবস্থা, বিশেষ করে গ্রামীণ মানুষের চিকিৎসাসেবা ধীরে ধীরে ধ্বংস করা হয়েছে। এমন পরিস্থিতি তৈরি করা হয়েছিল, যাতে বাংলাদেশের মানুষ চিকিৎসার জন্য বিশেষ একটি দেশে যেতে বাধ্য হয়।