মজুরি বোর্ডের দ্বিতীয় বৈঠক

ন্যূনতম মজুরি ৩২ হাজার করার প্রস্তাব শ্রমিক প্রতিনিধির

ফন্ট সাইজ:

তৈরি পোশাক শ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি নির্ধারণে মাসিক ৩২ হাজার ১৩১ টাকা করার দাবি জানিয়েছে শ্রমিক সংগঠনগুলোর পাঁচটি জোট। আর শিক্ষানবিশ শ্রমিকদের জন্য ৩০ হাজার টাকা এবং সর্বোচ্চ গ্রেডের শ্রমিকদের জন্য ৪৮ হাজার টাকা মজুরি নির্ধারণের প্রস্তাব করা হয়েছে। একই সঙ্গে মোট মজুরির ৬০ শতাংশ মূল বেতন, ৫০ শতাংশ বাড়িভাড়া এবং বার্ষিক ১৫ শতাংশ ইনক্রিমেন্ট নির্ধারণের প্রস্তাব দিয়েছে তারা। এদিকে সভায় কোনো প্রস্তাব উপস্থাপন না করলেও ৪ কর্মদিবসের মধ্যে প্রস্তাব দেবে বলে জানিয়েছে মালিকপক্ষের প্রতিনিধি এ বি এম শামসুদ্দিন।

গতকাল রাজধানীর সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের দ্বিতীয় সভায় শ্রমিক প্রতিনিধিরা এ প্রস্তাব জমা দেন। সভা শেষে বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ও শ্রমিক প্রতিনিধি বাবুল আখতার এসব তথ্য জানান।

প্রস্তাবিত কাঠামো অনুযায়ী, পোশাক শ্রমিকদের জন্য গ্রেড-১ থেকে গ্রেড-৪ পর্যন্ত চারটি স্তর এবং শিক্ষানবিশদের জন্য আলাদা মজুরি নির্ধারণের প্রস্তাব করা হয়েছে। সবচেয়ে বেশি ৪৮ হাজার টাকা মজুরি ধরা হয়েছে গ্রেড-১-এর শ্রমিকদের জন্য। গ্রেড-৪-এর শ্রমিকদের জন্য প্রস্তাব করা হয়েছে ৩২ হাজার টাকা। শিক্ষানবিশ শ্রমিকদের জন্য প্রস্তাবিত মজুরি ৩০ হাজার টাকা। গ্রেড-২-এর শ্রমিকদের ৪৩ হাজার ও গ্রেড-৩-এর শ্রমিকদের জন্য ৩৮ হাজার টাকা মজুরি নির্ধারণের প্রস্তাব করা হয়েছে।
গ্রেড-১ ক্যাটাগরিতে রয়েছেন কারখানার সিনিয়র অপারেটররা। মাসিক মোট মজুরির ৬০ শতাংশ হিসেবে তাদের মূল মজুরি প্রস্তাব করা হয়েছে ২৮ হাজার ৮০০ টাকা। মূল মজুরির ৫০ শতাংশ হিসেবে ১৪ হাজার ৪০০ টাকা বাড়িভাড়া ভাতা এবং অন্যান্য ভাতা বাবদ ৪ হাজার ৮০০ টাকা প্রস্তাব করা হয়েছে। এতে মাসিক মোট মজুরি দাঁড়াবে ৪৮ হাজার টাকা।

গ্রেড-২ ক্যাটাগরিতে আছেন কারখানার সবধরনের মেশিন চালানো ও কাজ করানো শ্রমিকরা। মাসিক মোট মজুরির ৬০ শতাংশ হিসেবে তাদের মূল মজুরি প্রস্তাব করা হয়েছে ২৫ হাজার ৮০০ টাকা। মূল মজুরির ৫০ শতাংশ হিসেবে ১২ হাজার ৯০০ টাকা বাড়িভাড়া ভাতা এবং অন্যান্য ভাতা বাবদ ৪ হাজার ৩০০ টাকা প্রস্তাব করা হয়েছে। এতে মাসিক মোট মজুরি দাঁড়াবে ৪৩ হাজার টাকা।
গ্রেড-৩ ক্যাটাগরিতে আছেন কারখানার জুনিয়র মেশিন চালানো ও সবধরনের কাজ করানো ব্যক্তিরা। মাসিক মোট মজুরির ৬০ শতাংশ হিসেবে তাদের মূল মজুরি প্রস্তাব করা হয়েছে ২২ হাজার ৮০০ টাকা। মূল মজুরির ৫০ শতাংশ হিসেবে ১১ হাজার ৪০০ টাকা বাড়িভাড়া ভাতা এবং অন্যান্য ভাতা বাবদ ৩ হাজার ৮০০ টাকা প্রস্তাব করা হয়েছে। এতে মাসিক মোট মজুরি দাঁড়াবে ৩৮ হাজার টাকা।
গ্রেড-৪ ক্যাটাগরিতে হেলপার বা সব সহকারী ধরনের কাজ করা ব্যক্তিরা। মাসিক মোট মজুরির ৬০ শতাংশ হিসেবে তাদের মূল মজুরি প্রস্তাব করা হয়েছে ১৯ হাজার ২০০ টাকা। মূল মজুরির ৫০ শতাংশ হিসেবে ৯ হাজার ৬০০ টাকা বাড়িভাড়া ভাতা এবং অন্যান্য ভাতা বাবদ ৩ হাজার ২০০ টাকা প্রস্তাব করা হয়েছে। এতে মাসিক মোট মজুরি দাঁড়াবে ৩২ হাজার টাকা। তিন মাস শিক্ষানবিশকালে শ্রমিকদের মূল মজুরি প্রস্তাব করা হয়েছে ১৮ হাজার টাকা। মূল মজুরির ৫০ শতাংশ হিসেবে ৯ হাজার টাকা বাড়িভাড়া ভাতা এবং অন্যান্য ভাতা বাবদ ৩ হাজার টাকা প্রস্তাব করা হয়েছে। এতে তাদের মাসিক মোট মজুরি দাঁড়াবে ৩০ হাজার টাকা।

শ্রমিকদের পাশাপাশি পোশাক কারখানার কর্মচারীদের জন্যও চারটি গ্রেডে পৃথক মজুরি কাঠামোর প্রস্তাব দেয়া হয়েছে। এতে সর্বোচ্চ ৫৫ হাজার টাকা গ্রেড-১ এবং সর্বনিম্ন ৪০ হাজার টাকা গ্রেড-৪-এর কর্মচারীদের মাসিক মজুরির কথা বলা হয়েছে। গ্রেড-২-এর জন্য ৫০ হাজার ও গ্রেড-৩-এর জন্য ৪৫ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব করা হয়েছে।
গ্রেড-১ ক্যাটাগরিতে রয়েছেন কারখানার স্টোর কিপার, উচ্চমান সহকারী ও সিনিয়র ফায়ারম্যান পদের লোকজন। মাসিক মোট মজুরির ৬০ শতাংশ হিসেবে তাদের মূল মজুরি ৩৩ হাজার টাকা প্রস্তাব করা হয়েছে। মূল মজুরির ৫০ শতাংশ হিসেবে ১৬ হাজার ৫০০ টাকা বাড়িভাড়া ভাতা এবং অন্যান্য ভাতা বাবদ ৫ হাজার ৫০০ টাকা প্রস্তাব করা হয়েছে। এতে তাদের মাসিক মোট মজুরি দাঁড়াবে ৫৫ হাজার টাকা।

গ্রেড-২ ক্যাটাগরিতে রয়েছেন কারখানার হিসাব সহকারী, স্টোর সহকারী অন্যান্য জুনিয়র কর্মচারীরা। এই গ্রেডে মাসিক মোট মজুরির ৬০ শতাংশ হিসেবে মূল মজুরি ৩০ হাজার টাকা প্রস্তাব করা হয়েছে। মূল মজুরির ৫০ শতাংশ হিসেবে ১৫ হাজার টাকা বাড়িভাড়া ভাতা এবং অন্যান্য ভাতা বাবদ ৫ হাজার টাকা প্রস্তাব করা হয়েছে। এতে তাদের মাসিক মোট মজুরি দাঁড়াবে ৫০ হাজার টাকা।
গ্রেড-৩ ক্যাটাগরিতে রয়েছেন কারখানার ক্লার্ক, অফিসার সহকারী, ডাটা এন্ট্রি অপারেটর পদে কাজ করা কর্মচারীরা। এই গ্রেডে মাসিক মোট মজুরির ৬০ শতাংশ হিসেবে মূল মজুরি ২৭ হাজার টাকা প্রস্তাব করা হয়েছে। মূল মজুরির ৫০ শতাংশ হিসেবে ১৩ হাজার ৫০০ টাকা বাড়িভাড়া ভাতা এবং অন্যান্য ভাতা বাবদ ৪ হাজার ৫০০ টাকা প্রস্তাব করা হয়েছে। এতে তাদের মাসিক মোট মজুরি দাঁড়াবে ৪৫ হাজার টাকা।

গ্রেড-৪ ক্যাটাগরিতে রয়েছেন কারখানার পিয়ন ও কুক পদে কাজ করা কর্মচারীরা। এই গ্রেডে মাসিক মোট মজুরির ৬০ শতাংশ হিসেবে মূল মজুরি ২৪ হাজার টাকা প্রস্তাব করা হয়েছে। মূল মজুরির ৫০ শতাংশ হিসেবে ১২ হাজার টাকা বাড়িভাড়া ভাতা এবং অন্যান্য ভাতা বাবদ ৪ হাজার টাকা প্রস্তাব করা হয়েছে। এতে তাদের মাসিক মোট মজুরি দাঁড়াবে ৪০ হাজার টাকা।
উল্লেখ্য, বর্তমানে দেশের তৈরি পোশাক শ্রমিকদের সর্বনিম্ন মাসিক মজুরি ১২ হাজার ৫০০ টাকা। ২০২৩ সালের ডিসেম্বরে সর্বশেষ মজুরি কাঠামোয় এ হার নির্ধারণ করা হয়েছিল। এবার শ্রমিক সংগঠনগুলোর পক্ষ থেকে ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকার বেশি করার দাবি জানানো হচ্ছে।
এদিকে সভায় মালিকপক্ষ তাদের প্রস্তাব জমা না দিয়ে সাত কার্যদিবস সময় চেয়েছে। তবে বোর্ড তাদের চার কার্যদিবস সময় দিয়েছে। এই সময়ের মধ্যে মালিকপক্ষকে প্রস্তাবিত মজুরি কাঠামো জমা দিতে হবে।

সভা শেষে নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী সাংবাদিকদের বলেন, মালিক ও শ্রমিক— উভয়পক্ষের কাছ থেকে মজুরি প্রস্তাব চাওয়া হয়েছিল। শ্রমিকপক্ষ প্রস্তাব জমা দিলেও মালিকপক্ষ সময় চেয়েছে। তিনি আরও বলেন, বোর্ডের নিরপেক্ষ সদস্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোসলেহ উদ্দিন আহমদকে মজুরি-সংক্রান্ত বিভিন্ন বিষয় পর্যালোচনার দায়িত্ব দেয়া হয়েছে। প্রয়োজনে তিনি বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করতে পারবেন এবং পরবর্তী সভায় এক বা একাধিক বিশেষজ্ঞকে যুক্ত করতে পারবেন।
মজুরি নির্ধারণের আগে সরজমিন কারখানার পরিস্থিতি পর্যালোচনার সিদ্ধান্তও নিয়েছে বোর্ড। চেয়ারম্যান বলেন, তৈরি পোশাক খাতে প্রায় ৪০ লাখ শ্রমিক কাজ করেন। তাদের সঙ্গে ৪০ লাখ পরিবারও জড়িত। এ কারণে বাস্তব পরিস্থিতি যাচাই করতে চলতি সপ্তাহে বিভিন্ন কারখানা পরিদর্শন করা হবে।