‘আমরা যেভাবে নিজেদের প্রস্তুত করেছিলাম, তাতে এই টেস্ট ম্যাচটি আমাদের জেতা উচিত ছিল। কিন্তু প্রথম ইনিংসে আমরা ভালো ব্যাটিং করতে পারিনি। হৃদয় ছাড়া আর কেউ তেমন অবদান রাখতে পারেনি। আমার মনে হয়, এটাই আমাদের ম্যাচ হারানোর কারণ।’ সিলেট টেস্ট ড্রয়ের পর আক্ষেপ নিয়ে কথাগুলো বলেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। প্রথম ইনিংসে ব্যাটিং ব্যর্থতা থেকে শুরু করে পুরো সিরিজে তিন বিভাগেই দলের হতাশাজনক পারফরম্যান্সের কথা অকপটে স্বীকার করেছেন তিনি। অথচ সিলেট টেস্টে তাওহীদ হৃদয়ের অবিশ্বাস্য ব্যাটিংয়ে ঘুরে দাঁড়ানোর সুযোগ পেয়েছিল বাংলাদেশ। কিন্তু শেষ পর্যন্ত ম্যাচটি ড্র হলেও সিরিজ হার এড়ানো যায়নি।
গতকাল সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে পঞ্চম ও শেষ দিনে ৪ উইকেটে ১৮৪ রান নিয়ে দ্বিতীয় ইনিংস শেষ করে বাংলাদেশ। ৩৬৯ রানের লক্ষ্য তাড়ায় শুরুতেই দুই ওপেনার তানজিদ হাসান ও শান্তর উইকেট হারিয়ে চাপে পড়ে স্বাগতিকরা। এরপর তাওহিদ হৃদয় ও মুশফিকুর রহীমের ১৩৫ রানের জুটি ম্যাচ বাঁচানোর আশা জাগায়। শেষ সেশনে দুজন পরপর ফিরে যাওয়ায় তৈরি হয়েছিল কিছুটা রোমাঞ্চ। তবে আলোকস্বল্পতায় নির্ধারিত সময়ের প্রায় আধঘণ্টা আগেই খেলা বন্ধ হয়ে যায়। শেষ পর্যন্ত দুই দলের সম্মতিতে ড্র মেনে নেওয়া হয়। এই ড্রয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজ ১-০ ব্যবধানে জিতে নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। এর আগে মিরপুরে প্রথম টেস্টে বাংলাদেশকে ৮ উইকেটে হারিয়েছিল রোস্টন চেজের দল। সিরিজ হারকে হতাশাজনক উল্লেখ করে শান্ত বলেন, ‘পুরো সিরিজই আমাদের জন্য খুব হতাশার। গত কয়েক বছর ধরে আমরা বেশ ভালো ক্রিকেট খেলেছি। কিন্তু এই সিরিজে তিনটি বিভাগেই, ব্যাটিং, বোলিং ও ফিল্ডিংয়ে আমরা পরিকল্পনা অনুযায়ী খেলতে পারিনি। এমনকি ফিল্ডিংয়েও আমাদের মধ্যে যথেষ্ট উদ্যম ছিল না।’ সিলেট টেস্টে বাংলাদেশের সবচেয়ে বড় প্রাপ্তি তাওহিদ হৃদয়ের ব্যাটিং। প্রথম ইনিংসে ১৮৪ রানে ৭ উইকেট হারিয়ে ধুঁকতে থাকা দলকে টেনে তোলেন তিনি।
অপরাজিত ২৪২ রানের ইনিংসে বাংলাদেশকে এনে দেন ৩০ রানের লিড। দ্বিতীয় ইনিংসেও করেন ৮২ রান। দুই ইনিংস মিলিয়ে ৩২৪ রান করে এক টেস্টে বাংলাদেশের সর্বোচ্চ রানের রেকর্ড গড়েন এই ডানহাতি ব্যাটার। এর আগে, এই রেকর্ড ছিল মুমিনুল হকের দখলে। ২০১৮ সালে চট্টগ্রামে শ্রীলঙ্কার বিপক্ষে দুই ইনিংস মিলিয়ে ২৮১ রান করেছিলেন। প্রথম ইনিংসে ১৭৬ রানের পর দ্বিতীয় ইনিংসে ১০৫ রান করেন তিনি।
হৃদয়ের এমন
পারফরম্যান্সের প্রশংসা করে শান্ত বলেন, ‘খুবই ভালো করেছে হৃদয়। আমরা সবাই জানি, বিশেষ করে সাদা বলের ক্রিকেটে সে কতটা ভালো। প্রথম ম্যাচে ভালো করতে পারেনি, কিন্তু এরপর যেভাবে ঘুরে দাঁড়িয়েছে, তা সত্যিই প্রশংসনীয়। পাঁচ ও ছয় নম্বরে ব্যাটিং করে এ ধরনের ফিনিশিং দিতে পারে, এমন একজন খেলোয়াড়ের খোঁজ আমরা করছিলাম। তাকে দলে পেয়ে খুবই ভালো লাগছে।’ হৃদয়ের রেকর্ডময় ইনিংসে প্রথম ইনিংসে ৩৮৬ রান করে ৩০ রানের লিড পেয়েছিল বাংলাদেশ। অষ্টম উইকেটে তাইজুল ইসলাম ও নবম উইকেটে তাসকিন আহমেদের সঙ্গে দুটি গুরুত্বপূর্ণ জুটি গড়েন তিনি। তবে সুবিধা করতে পারেননি বোলাররা । দ্বিতীয় ইনিংসে ৩ উইকেটে ৩৯৮ রান তুলে ইনিংস ঘোষণা করে ওয়েস্ট ইন্ডিজ। তাতে বাংলাদেশের সামনে আসে কঠিন লক্ষ্য। শেষ পর্যন্ত হৃদয় ও মুশফিকের প্রতিরোধে ম্যাচ ড্র করতে পারলেও সিরিজ বাঁচানো সম্ভব হয়নি। মুশফিকের জন্য অবশ্য ম্যাচটি স্মরণীয় হয়ে থাকবে টেস্টে সাত হাজার রানের মাইলফলক স্পর্শ করার কারণে। সব মিলিয়ে সিলেট টেস্টে ব্যক্তিগত অর্জন ছাড়া বাংলাদেশের প্রাপ্তি খুব বেশি নয়। হৃদয়ের ব্যাটিং, মুশফিকের মাইলফলক আর শেষ দিনের ড্র— এসবের আড়ালেও থেকে গেছে সিরিজজুড়ে দলের হতাশাজনক পারফরম্যান্স। মিরপুর থেকে সিলেট দুই ম্যাচেই বাংলাদেশের ব্যাটারদের আতঙ্কের নাম ছিলেন প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজের বাঁহাতি স্পিনার জোমেল ওয়ারিকান। একবার পাঁচ উইকেটসহ মোট ১৬ উইকেট নেয়া এই বাঁহাতি স্পিনারের হাতে উঠেছে সিরিজ সেরার পুরস্কার। আর সিলেট টেস্টে রেকর্ড গড়া ডাবল সেঞ্চুরি করে তাওহিদ হৃদয় পেয়েছেন ম্যাচসেরার পুরস্কার।
