হামজাকে পেয়ে উজ্জীবিত জামাল-তপুরা

হামজাকে পেয়ে উজ্জীবিত জামাল-তপুরা

ফন্ট সাইজ:

সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের শুরুটা হয়েছে জয় দিয়ে। ভুটানকে হারিয়ে এরই মধ্যে সেমিফাইনাল নিশ্চিত করেছে স্বাগতিকরা। তবে প্রথম ম্যাচে দলের সবচেয়ে বড় তারকা হামজা চৌধুরীকে পায়নি বাংলাদেশ। অবশেষে অপেক্ষার অবসান হয়েছে। মা, স্ত্রী ও সন্তানদের নিয়ে গতকাল সকালে ঢাকায় পৌঁছেন এই ডিফেন্সিভ মিডফিল্ডার। বিকালে যোগ দেন দলের অনুশীলনে। হামজার আগমনে সতীর্থদের মধ্যেও তৈরি হয়েছে বাড়তি উদ্দীপনা।

সকাল ৬টায় ঢাকায় অবতরণ করে হামজার ফ্লাইট। এ সময় তার সঙ্গে ছিলেন মা, স্ত্রী ও সন্তানরা। বিমানবন্দরে বাংলাদেশের এই তারকা ফুটবলারকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন বাফুফের কর্মকর্তারা। ইংল্যান্ডের ক্লাব ফুটবলের ব্যস্ততার কারণে ভুটানের বিপক্ষে প্রথম ম্যাচে খেলতে পারেননি হামজা। ফিফা উইন্ডো দেরিতে শুরু হওয়ায় নির্ধারিত সময়ের আগে তাঁর দেশে ফেরাও সম্ভব হয়নি। অবশেষে জাতীয় দলের ক্যাম্পে যোগ দিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের প্রস্তুতি শুরু করেছেন তিনি। হামজার মতো আরেক প্রবাসী ফুটবলার ফারহান আলী ওয়াহিদেরও গতকাল রাতে ঢাকায় পৌঁছেছেন। এদিকে হামজার সঙ্গে সতীর্থদের প্রথম দিনের সাক্ষাতে উঠে এসেছে বিশ্বনাথ ঘোষের নতুন পজিশনে খেলার প্রসঙ্গও। ভুটানের বিপক্ষে ক্যারিয়ারে প্রথমবারের মতো স্ট্রাইকার হিসেবে মাঠে নেমেছিলেন জাতীয় দলের এই ডিফেন্ডার। নতুন ভূমিকায় বেশ উপভোগ করেছেন খেলাটি। তবে গোল না পাওয়ার আক্ষেপ রয়ে গেছে তার। অনুশীলনে যোগ দিয়েই বিশ্বনাথের কাছে নতুন পজিশনে খেলার অভিজ্ঞতা জানতে চান হামজা। প্রশ্ন করেন, ‘নতুন পজিশনে কেমন উপভোগ করছো?’ জবাবে বিশ্বনাথ বলেন, ‘ভালো উপভোগ করেছি। যতক্ষণ মাঠে ছিলাম, চেষ্টা করেছি। তবে চেষ্টা করেও গোল পাইনি। এটাই আফসোস।’ বিশ্বনাথের কথা শুনে হেসেছেন হামজা। তবে তার আগমনে দলের সবার মধ্যে নতুন উদ্দীপনা তৈরি হয়েছে বলে মনে করেন এই ডিফেন্ডার। শ্রীলঙ্কার বিপক্ষে পরবর্তী ম্যাচে জয়ের ব্যাপারেও আশাবাদী তিনি।

বিশ্বনাথ বলেন, ‘হামজা আসার পর সবাই আরও উজ্জীবিত। শ্রীলঙ্কার বিপক্ষে ভালো ম্যাচ হবে। আশা করি, আমরা জিতবো। আর ওদের কোচ কী বললো, না বললো, তা দেখিনি, শুনিও না। আমরা আমাদের খেলাটা খেলে যেতে চাই। জিততে চাই।’ স্ট্রাইকার হিসেবে খেলার অভিজ্ঞতা নিয়েও সন্তুষ্ট বিশ্বনাথ। তার দাবি, নতুন পজিশনে কোনো জড়তা কাজ করেনি। তিনি বলেন, ‘আগের ম্যাচে আমার কোনো জড়তা ছিল না। মাঠে আমাকে দেখে হয়তো সবার মনে হয়েছে, আমি সাবলীল খেলেছি। গোলটা পেলে আরও ভালো হতো।’ এদিক দু’দনি আলাদা অনুশীলন করার পর গতকাল দলের সঙ্গে যোগদিয়েছেন তপু বর্মণ। তার তাকে দেখেও ফিট মনে হয়েছে। টিম ম্যানেজমেন্ট আশা করছেন শ্রীলঙ্কা ম্যাচেই ফিরতে পারেন বাংলাদেশের নতুন অধিনায়ক।
জাতীয় স্টেডিয়ামে গত ৫ নভেম্বর ভুটানকে ১-০ গোলে হারানোর ম্যাচে গোল করেছিলেন সুপার সাব মোহাম্মদ ইব্রাহিম। রোববার শ্রীলঙ্কা ও ভুটানের ম্যাচ ২-২ গোলে ড্র হওয়ায় গ্রুপের সমীকরণ এখনো পুরোপুরি শেষ হয়নি। পরশু শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। সেমিফাইনাল নিশ্চিত হলেও এখন লক্ষ্য গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া।