শেষ পর্যন্ত ড্র নিয়েই সন্তুষ্ট থাকলো বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজ। সিলেট টেস্টে ক্যারিবিয়ানদের দেয়া ৩৬৯ রানের লক্ষ্যে ৪ উইকেটে টাইগাররা ১৮৪ রান তুলতে আলোকস্বল্পতায় বন্ধ হয়ে যায় খেলা। পরে ম্যাচ ড্র ঘোষণা করেন আম্পায়াররা। তবে এর আগে তৃতীয় উইকেট জুটিতে নৈপুণ্য দেখান তাওহীদ হৃদয় ও মুশফিকুর রহীম। দু’জনের জুটি থেকে আসে ১৩৫ রান। ব্যক্তিগত সেঞ্চুরির কাছ থেকে ফিরে এলেও বাংলাদেশের হয়ে ইতিহাস গড়েন হৃদয়। দেশের প্রথম ব্যাাটার হিসেবে একই ম্যাচে ডাবল সেঞ্চুরি ও ফিফটির কীর্তি গড়লেন তিনি। কোনো টেস্ট ম্যাচে দুই ইনিংস মিলিয়ে টাইগারদের হয়ে সর্বোচ্চ রানের রেকর্ডও হৃদয়ের।
অন্যদিকে, লাল বলের ক্রিকেটে বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে ৭ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন মুশফিক। ২৮১ রান করে এতদিন টাইগারদের হয়ে এক ম্যাচে সর্বোচ্চ রানের চূড়ায় ছিলেন মুমিনুল হক। ২০১৮ সালে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে এ কীর্তি (১৭৬ ও ১০৫*) গড়েন তিনি। আর ক্যারিবিয়ানদের বিপক্ষে ম্যাচে মুমিনুলের কনকাশন সাব হিসেবে খেলার সুযোগ পেয়ে তাকেই ছাড়িয়ে গেলেন হৃদয়। আগের ইনিংসে ২৪২* রান করা এ ডানহাতি ব্যাটার নিজেদের দ্বিতীয় ইনিংসে করেন ৮২ রান। দুই ইনিংস মিলিয়ে হৃদয়ের ৩২৪ রানই এখন বাংলাদেশের জার্সিতে সর্বোচ্চ। অনুমিতভাবেই ম্যাচসেরা তিনি। আরেকটি অসামান্য কীর্তির একদম দোরগোড়ায় ছিলেন হৃদয়।
এক টেস্টে ডাবল সেঞ্চুরি ও সেঞ্চুরি করার কীর্তি নেই বাংলাদেশের কারোরই। টেস্ট ইতিহাসেই এমন কিছুর দেখা পেয়েছেন মাত্রই ১০ জন। সেই সংখ্যাটা ১১ করার কাছাকাছি গিয়েও ফিরতে হয় টাইগার ব্যাটারকে। জোমেল ওয়ারিক্যানের লেগ স্টাম্পের বাইরের বলে সুইপ করতে গিয়ে বোল্ড হন তিনি। সিরিজসেরা হওয়া ওয়ারিক্যানের শততম টেস্ট উইকেট হিসেবে আউট হন এ ডনহাতি ব্যাটার। হৃদয়কে দারুণভাবে সঙ্গ দেন মুশফিক। টেস্ট ক্যারিয়ারের ৩০তম ফিফটি থেকে স্রেফ এক রান দূরে থাকতেই শামার জোসেফের শিকার হন তিনি। তবে ব্যক্তিগত নবম রান পূরণ করতেই দেশের প্রথম ব্যাটার হিসেবে ৭ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন মুশফিক। টাইগার ব্যাটারদের মধ্যে লাল বলের সংস্করণে আর কারো ৬ হাজার রানও নেই। দ্বিতীয় সর্বোচ্চ ৫২৯৩ রান মুমিনুল হকের। এছাড়া ৫ হাজার রান আছে শুধু তামিম ইকবালের (৫১৩৪)। বাংলাদেশের প্রথম হলেও সব মিলিয়ে বিশ্ব ক্রিকেটে তিনি ৫৯তম।
