পিটার বাটলার অসুস্থ। চিকিৎসার জন্য এখন ইংল্যান্ডে রয়েছেন বাংলাদেশ নারী ফুটবল দলের প্রধান কোচ। তার অনুপস্থিতিতে সিঙ্গাপুরের বিপক্ষে ১ ও ৫ই ডিসেম্বর দু’টি প্রীতি ম্যাচে ঋতুপর্ণাদের দায়িত্ব সামলানোর কথা নতুন কারও। সেই দায়িত্বে ফরাসি কোচ এরিক মারেকে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। তবে দুই ম্যাচের জন্য আকস্মিকভাবে বিদেশি কোচ নিয়োগের সিদ্ধান্তে আপত্তি জানিয়েছেন নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ। তার দাবি, বিষয়টি তাকে জানানো হয়নি। শুধু দুটি ম্যাচের জন্য বিদেশি কোচ আনারও প্রয়োজন ছিল না।
নারী ফুটবলের দেখভালের দায়িত্ব নারী উইংয়ের। কোচ নিয়োগ কিংবা পরিবর্তনের মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে এই উইংয়ের চেয়ারম্যানের মতামত ও সমন্বয় থাকা প্রত্যাশিত। অথচ নতুন কোচ নিয়োগের বিষয়ে কিছুই জানেন না বলে দাবি করেছেন মাহফুজা আক্তার কিরণ। তিনি বলেন, ‘দুটি প্রীতি ম্যাচের জন্য আমাদের টেকনিক্যাল ডিরেক্টরই যথেষ্ট ছিলেন। তিনি মেয়েদের সম্পর্কে জানেন ও বোঝেন। এই দুই ম্যাচের জন্য বিদেশি কোচের প্রয়োজন ছিল না।’ নতুন কোচের যোগ্যতা নিয়েও প্রশ্ন তুলেছেন নারী উইংয়ের চেয়ারম্যান। কিরণ বলেন, ‘টেকনিক্যাল ডিরেক্টর ও সেক্রেটারি আমাকে ৩-৪ জন কোচের সিভি দিয়েছিল।
সেই সিভি দেখে আমি বলেছিলাম, এরা জুনিয়র পর্যায়ে কোচের জন্য যোগ্য, সিনিয়র নয়। সেই তিন-চারজনের মধ্যেই দেখলাম একজনকে কোচ করে আনা হয়েছে।’ গতকাল বাফুফে ভবনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ফরাসি কোচ এরিক মারে। বাংলাদেশে আসার কারণ জানিয়ে তিনি বলেন, ‘পিটার অসুস্থ। এই অবস্থায় ফেডারেশন কোচ খুঁজছিল। আমার সঙ্গে যোগাযোগ করে। আমি দুই ম্যাচের জন্য আসতে রাজি হয়েছি।’ বাংলাদেশ নারী দলের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা না থাকলেও আপাতত নতুন কোনো কৌশল প্রয়োগ করতে চান না তিনি। ঋতুপর্ণাদের খেলা ভিডিও ফুটেজ ও ইন্টারনেটের মাধ্যমে দেখেছেন। তার লক্ষ্য পিটার বাটলারের পরিকল্পনাই ধরে রাখা।
এরিক বলেন, ‘আমার ফোকাস শুধু দুই ম্যাচ। এর বাইরে কিছু ভাবছি না। মেয়েরা পিটারের স্টাইলে এত দিন খেলে আসছে। আমি সেটাই অনুসরণ করার চেষ্টা করবো। নতুন কিছু করার সময় এখন নেই।’ তবে পিটারের কৌশল অনুসরণ করলেও কোচ হিসেবে ফলাফলের দায়ভার নিজের কাঁধেই নেবেন বলে জানিয়েছেন তিনি। পিটার বাটলারের সঙ্গে বাফুফের চুক্তির মেয়াদ শেষ হচ্ছে ডিসেম্বরে। তার অধীনে বাংলাদেশ প্রথমবারের মতো নারী এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নিলেও সিনিয়র ফুটবলারদের সঙ্গে বিরোধ, অভিজ্ঞ খেলোয়াড়দের বাদ দেওয়া এবং ২০২৬ সালে বিভিন্ন প্রতিযোগিতায় প্রত্যাশিত সাফল্য না পাওয়া নিয়ে সমালোচনা রয়েছে।
এশিয়ান গেমসে ঋতুপর্ণা চাকমাকে বেঞ্চে বসিয়ে রাখার সিদ্ধান্তও প্রশ্নের জন্ম দিয়েছিল। বাটলারের চুক্তি নবায়নের পক্ষে নন মাহফুজা আক্তার কিরণ। মাসখানেক আগেই এ বিষয়ে নিজের অবস্থান বাফুফে সভাপতিকে জানিয়েছেন তিনি। এমন পরিস্থিতিতে সিঙ্গাপুর সফরে দুটি ম্যাচের জন্য নতুন বিদেশি কোচ নিয়োগের সিদ্ধান্ত নারী ফুটবলে নতুন আলোচনার জন্ম দিয়েছে। মাঠের লড়াইয়ের আগে এখন প্রশ্ন, নারী ফুটবলের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলোতে বাফুফের ভেতরে সমন্বয় কতটা রয়েছে?
