দক্ষিণ আফ্রিকা সফরের দলে মাহফিজুল চার বছর পর ফিরলেন নাঈম

দক্ষিণ আফ্রিকা সফরের দলে মাহফিজুল চার বছর পর ফিরলেন নাঈম

ফন্ট সাইজ:

আসন্ন দক্ষিণ আফ্রিকা সফরকে সামনে রেখে ১৬ সদস্যের টেস্ট দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলের অন্যতম ওপেনার সাদমান ইসলামের ছিটকে যাওয়ায় জাতীয় দলে এসেছে বড় পরিবর্তন। প্রথমবার লাল বলের স্কোয়াডে সুযোগ পেয়েছেন ঘরোয়া ক্রিকেটে রানের পাহাড় গড়া তরুণ ওপেনার মাহফিজুল ইসলাম রবিন। আর দীর্ঘ সাড়ে চার বছর পর সাদা পোশাকের ক্রিকেটে ফিরেছেন বাঁহাতি ওপেনার মোহাম্মদ নাঈম শেখ।

চোটের কারণে ওয়েস্ট ইন্ডিজ সিরিজের মাঝপথেই ছিটকে গেছেন ওপেনার সাদমান ইসলাম। তার এই দীর্ঘমেয়াদী চোট নতুন করে ভাবতে বাধ্য করে টিম ম্যানেজমেন্টকে। সাম্প্রতিক জাতীয় ক্রিকেট লীগে (এনসিএল) দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদেই মূলত এই দুই ওপেনার দলে জায়গা করে নিয়েছেন। এনসিএলে ১০ ইনিংসে তিন সেঞ্চুরি ও দুই ফিফটিতে ৬৭২ রান করে শীর্ষে আছেন ২২ বছর বয়সী মাহফিজুল। অন্যদিকে, ৭ ইনিংসে তিন সেঞ্চুরিতে ৬১২ রান করেছেন নাঈম শেখ। বাংলাদেশের হয়ে সর্বশেষ ২০২২ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে ক্রাইস্টচার্চ টেস্টে মাঠে নামেন তিনি।
সোমবার নতুন মুখ মাহফিজুলকে স্কোয়াডে নেয়ার পেছনের কারণ ব্যাখ্যা করে প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন বলেন, “অনেক দিন ধরেই আমরা একজন ডানহাতি ওপেনার খুঁজছি। মাহফিজুলকে দেখে মনে হচ্ছে সে প্রস্তুত। এই রিস্কটা নিতেই হতো। যেহেতু ‘এ’ দলের হয়ে সাউথ আফ্রিকায় সে ভালো করেছে, তাই স্কোয়াডে রাখা হয়েছে।”

নাঈমের ফেরা এবং মাহমুদুল হাসান জয়ের চোট নিয়ে প্রধান নির্বাচক আরও বলেন, ‘নাঈম শেখকে নেয়া হয়েছে, সে ফর্মে আছে। মাহমুদ জয় আনফরচুনেটলি, গতকাল বিকেলে মেডিকেল কারণে রুলড আউট হয়ে যায়।’ এদিকে, দক্ষিণ আফ্রিকার পেসবান্ধব হাইভেল্ড কন্ডিশন (জোহানেসবার্গ ও সেঞ্চুরিয়ন) মাথায় রেখে পেস বিভাগকে শক্তিশালী করেছে টিম ম্যানেজমেন্ট। স্কোয়াডে রাখা হয়েছে পাঁচ পেসারকে। স্পিন বিভাগে মেহেদী হাসান মিরাজের সঙ্গে কেবল তাইজুল ইসলামকে রাখা হয়েছে। বাদ পড়েছেন অফ স্পিনার নাঈম হাসান। এছাড়া কোনো ম্যাচ খেলার সুযোগ না পেলেও টপ অর্ডারের সমীকরণে বাদ পড়েছেন অমিত হাসান।

আগামী ১৫ই নভেম্বর জোহানেসবার্গে শুরু হবে দক্ষিণ আফ্রিকা-বাংলাদেশ সিরিজের প্রথম টেস্ট। এরপর ২৩শে নভেম্বর সেঞ্চুরিয়নে অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।

দক্ষিণ আফ্রিকা সফরের বাংলাদেশ টেস্ট স্কোয়াড
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তানজিদ হাসান, নাঈম শেখ, মুমিনুল হক, মুশফিকুর রহীম, লিটন দাস, তাওহীদ হৃদয়, জাকের আলী, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, শরীফুল ইসলাম, ইবাদত হোসেন, খালেদ আহমেদ ও মাহফিজুল ইসলাম।