বন্ড সুবিধা আধুনিকায়নে ২০ নভেম্বরের মধ্যে প্রতিবেদন দিতে কমিটিকে প্রধানমন্ত্রীর নির্দেশ

বন্ড সুবিধা আধুনিকায়নে ২০ নভেম্বরের মধ্যে প্রতিবেদন দিতে কমিটিকে প্রধানমন্ত্রীর নির্দেশ

ফন্ট সাইজ:

দেশের বিদ্যমান বন্ডেড ওয়্যারহাউস বা শুল্কমুক্ত কাঁচামাল আমদানি সুবিধাব্যবস্থা আধুনিকায়নে ২০ নভেম্বরের মধ্যে প্রতিবেদন জমা দিতে আন্তমন্ত্রণালয় কমিটিকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সুতা আমদানি নিয়ে দেশীয় বস্ত্রকলমালিক ও তৈরি পোশাক রপ্তানিকারকদের মধ্যে বিরোধের পরিপ্রেক্ষিতে তিনি এ নির্দেশ দেন। সোমবার পোশাক ও বস্ত্র খাতের উদ্যোক্তাদের সঙ্গে এক বৈঠকে প্রধানমন্ত্রী এ নির্দেশ দেন।

বৈঠক সূত্রে জানা গেছে, বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের নেতৃত্বাধীন কমিটিকে সংশ্লিষ্ট খাতের উদ্যোক্তাদের সঙ্গে আলোচনা করে বিদ্যমান বন্ডব্যবস্থা পর্যালোচনা করতে বলেছেন প্রধানমন্ত্রী। পাশাপাশি প্রতিযোগী দেশগুলোর ব্যবস্থার সঙ্গে সামঞ্জস্য রেখে প্রয়োজনীয় সংস্কারের সুপারিশ করতে বলেছেন তিনি।

১০ থেকে ৩০ কাউন্টের সুতা আমদানিতে বন্ড সুবিধা প্রত্যাহার নিয়ে দীর্ঘদিনের বিরোধের মধ্যে এ উদ্যোগ নেয়া হলো। রপ্তানিমুখী তৈরি পোশাকশিল্পের জন্য এ ধরনের সুতা অন্যতম গুরুত্বপূর্ণ কাঁচামাল।

গত ৭ সেপ্টেম্বর জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ১০ থেকে ৩০ কাউন্টের সুতা আমদানিতে শুল্কমুক্ত বন্ড সুবিধা প্রত্যাহার করে আদেশ জারি করে। এইচএস কোড ৫২০৫, ৫২০৬ ও ৫২০৭-এর আওতায় এসব সুতা আমদানির ক্ষেত্রে প্রযোজ্য শুল্ক-কর সমপরিমাণ ব্যাংক গ্যারান্টি দেয়ার শর্ত আরোপ করা হয়। এর আগে গত ২০ আগস্ট আন্তমন্ত্রণালয় কমিটির এক বৈঠকে এ সিদ্ধান্তের সুপারিশ করা হয়েছিল। ওই বৈঠকে পোশাক রপ্তানিকারকদের প্রয়োজনীয় সুতার অন্তত ৫০ শতাংশ দেশীয় বস্ত্রকল থেকে কেনার এবং বাকি ৫০ শতাংশ আমদানির সুপারিশও করা হয়। তবে পোশাক রপ্তানিকারকদের আপত্তির মুখে ১৩ সেপ্টেম্বর বাণিজ্য মন্ত্রণালয় এনবিআরকে আদেশটি স্থগিত রেখে পুনর্বিবেচনার অনুরোধ জানায়। রপ্তানিকারকদের আশঙ্কা, এ সিদ্ধান্ত কার্যকর হলে উৎপাদন খরচ বাড়বে এবং কাঁচামাল সরবরাহে বিঘ্ন ঘটবে।

পরে বিষয়টি আদালত পর্যন্ত গড়ায়। গত ২৯ অক্টোবর হাইকোর্ট বাণিজ্য মন্ত্রণালয়ের স্থগিতাদেশের কার্যকারিতা তিন মাসের জন্য স্থগিত করেন। একই সঙ্গে মন্ত্রণালয়ের ওই পদক্ষেপের বৈধতা নিয়ে রুল জারি করেন আদালত। এ বিরোধে একদিকে রয়েছেন দেশীয় সুতা উৎপাদনকারী বস্ত্রকলমালিকেরা। তাদের দাবি, আমদানি নিয়ন্ত্রণ করা হলে দেশীয় পশ্চাৎমুখী বস্ত্রশিল্প শক্তিশালী হবে এবং বৈদেশিক মুদ্রার ওপর চাপ কমবে। অন্যদিকে পোশাক রপ্তানিকারকদের যুক্তি, আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা সক্ষমতা ধরে রাখতে প্রতিযোগিতামূলক দামে কাঁচামাল পাওয়ার সুযোগ থাকতে হবে। দেশীয় বাজারে পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত না করে আমদানি সীমিত করা হলে উৎপাদন ব্যয় বাড়বে এবং রপ্তানি প্রতিযোগিতা সক্ষমতা কমবে বলে তাদের আশঙ্কা।

এনবিআরের তথ্য অনুযায়ী, সংশ্লিষ্ট এইচএস কোডের আওতায় সুতা আমদানি ২০২২-২৩ অর্থবছরের ৩৫০ দশমিক ৮ মিলিয়ন কেজি থেকে বেড়ে ২০২৪-২৫ অর্থবছরে ৬৯৭ দশমিক ১ মিলিয়ন কেজিতে দাঁড়িয়েছে। ওই অর্থবছরে এ খাতে আমদানি ব্যয় হয়েছে ২৬ হাজার ৭০০ কোটি টাকা।

বৈঠকে বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ), বাংলাদেশ নিটওয়্যার প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিকেএমইএ) এবং বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান, বিকেএমইএর নির্বাহী সভাপতি ফজলে শামীম এহসান ও সহসভাপতি গওহর সিরাজ জামিল।

বিটিএমএর ভারপ্রাপ্ত সভাপতি মো. শামীম ইসলাম, পরিচালক চৌধুরী মোহাম্মদ হানিফ শোয়েব, পরিচালক ও বাদশা টেক্সটাইলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. বাদশা মিয়াও বৈঠকে অংশ নেন। এ ছাড়া সংগঠনটির সাবেক পরিচালক রাজীব হায়দার উপস্থিত ছিলেন। ইপিলিয়ন গ্রুপের পরিচালক মো. জুনাইদ আবু সালেহ মুসাসহ অন্যান্য শিল্পোদ্যোক্তারাও বৈঠকে উপস্থিত ছিলেন।