জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ক্যাম্পাসের দ্বিতীয় গেট সংলগ্ন পার্কিং এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পার্কিং করে রাখা দুটি বাসের মাঝখানে এ বিস্ফোরণ ঘটে। এঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করেছে শাখা ছাত্রদল। আটক ব্যক্তি হলেন রেজওয়ান আহমেদ বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তিনি কার্যক্রম নিষিদ্ধ জবি ছাত্রলীগের কর্মী বলে প্রাথমিকভাবে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হঠাৎ বিকট শব্দ শুনতে পান তারা। এ সময় ঘটনাস্থল থেকে ধোঁয়া উড়তে দেখা যায়। দ্বিতীয় গেটের পাশে পার্কিং করে রাখা দুটি বাসের মাঝখানে বিস্ফোরণটি ঘটে। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক নাছির আহমাদ বলেন, সন্ধ্যায় বৃষ্টি হচ্ছিল ওই সময় সেকেন্ড গেটে ককটেল বিস্ফোরণের কথা শুনেছি। আমরা ক্যাম্পাসে ছিলাম না। সিসিটিভি ফুটেজ চেক করে আমরা শনাক্ত করবো। সন্দেহভাজন আটকের বিষয়ে প্রক্টর বলেন, শাখা ছাত্রদল একজনকে আটক করেছে আমরা পুলিশে যোগাযোগ করছি।
