ইংল্যান্ডের ১০০ বলের ক্রিকেট টুর্নামেন্ট ‘দ্য হান্ড্রেড’-এ প্রথম বাংলাদেশি হিসেবে দল পেয়েছেন মোস্তাফিজুর রহমান। নিলামে ১ লাখ পাউন্ডে (প্রায় ১ কোটি ৬৪ লাখ টাকা) তাকে দলে নেয় বার্মিংহাম ফিনিক্স। বাংলাদেশের এই বাঁহাতি পেসারকে দলে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন নিউজিল্যান্ডের কিংবদন্তি ফাস্ট বোলার এবং বার্মিংহাম ফিনিক্সের কোচ শেন বন্ড। মোস্তাফিজকে এই ফরম্যাটের অন্যতম সেরা বোলার হিসেবে অভিহিত করেছেন তিনি। আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সে কাজ করার সুবাদে মোস্তাফিজের সামর্থ্য খুব ভালোভাবেই জানা শেন বন্ডের। পুরনো শিষ্যকে দলে পেয়ে বন্ড বলেন, ‘আমি ওর সঙ্গে মুম্বাইতে কাজ করেছি, তাই আমাদের মধ্যে একটা সম্পর্ক আছে। সে একজন গেম চেঞ্জিং বোলার কারণ সে অনন্য; সে যে অফ-স্পিনার (কাটার) গুলো দেয় তা অসাধারণ।’ বন্ডের আশা টুর্নামেন্ট যত সামনের দিকে এগোবে মোস্তাফিজের কার্যকারিতা ততোই বাড়বে।
তিনি বলেন, ‘আমি মনে করি এই মুহূর্তে এই ফরম্যাটে ও অন্যতম সেরা। আসর যত এগোবে এবং উইকেট যখন কিছুটা পুরোনো হবে, তখন মোস্তাফিজের মতো কেউ থাকলে-তা শেষে দারুণ কাজে দেবে।’ ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে ব্যাটারদের দাপট চললেও শিরোপা জিততে শক্তিশালী বোলিং আক্রমণ প্রয়োজন বলে জানান শেন বন্ড। সেই গুরুত্ব তুলে ধরে বন্ড বলেন, ‘একটি ভালো বোলিং আক্রমণ আপনাকে টুর্নামেন্ট জেতাতে সাহায্য করবে। দ্য হান্ড্রেডে মোস্তাফিজ ও উসমান তারিকের মতো বোলাররা লোকাল ক্রিকেটারদের (স্থানীয় ব্যাটারদের) জন্য বড় চ্যালেঞ্জ হতে যাচ্ছে।’ ইংল্যান্ডের এই টুর্নামেন্টে খেলার সুযোগ পেয়ে রোমাঞ্চিত মোস্তাফিজুর রহমানও। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে তিনি লিখেছেন, ‘দ্য হান্ড্রেডে খেলার সুযোগ পেয়ে আমি খুবই রোমাঞ্চিত। বার্মিংহাম ফিনিক্সের হয়ে দারুণ একটি টুর্নামেন্টের অপেক্ষায় আছি। সবার ভালোবাসা ও সমর্থনের জন্য ধন্যবাদ।’
আগামী ২১শে জুলাই শুরু হতে যাওয়া এই আসরে নিজেকে মেলে ধরতে মুখিয়ে আছেন এই ‘কাটার মাস্টার’। কিন্তু মোস্তাফিজ বিসিবি থেকে টুর্নামেন্টে খেলার ছাড়পত্র পাবেন কিনা সেই শঙ্কাও রয়েছে। টুর্নামেন্টের সময় বাংলাদেশ দল জিম্বাবুয়ে সফরে যাবে। সেখানে দুটি টেস্ট এবং পাঁচটি ওডিআই খেলার কথা রয়েছে টাইগারদের। জিম্বাবুয়ে সফর থেকে শান্ত-মিরাজদের চলে যাওয়ার কথা আয়ারল্যান্ডে। সেখানে তিনটি ওডিআই এবং তিনটি টি২০ ম্যাচ রয়েছে বাংলাদেশের। ১৩ আগস্ট থেকে আবার অস্ট্রেলিয়ায় দুই টেস্টের সিরিজ। তবে মোস্তাফিজ টেস্ট দলের অনিয়মিত সদস্য। কিন্তু বাকি দুই ফরম্যাটে দলের নিয়মিত সদস্য তিনি। তাই ওই সময় তাকে দ্য হান্ড্রেডের জন্য ছাড়পত্র বা এনওসি দেয়ার ব্যাপারটি এখনও চূড়ান্ত করেনি বিসিবি। নিলামের চূড়ান্ত তালিকায় দুই বাংলাদেশি মোস্তাফিজ ও রিশাদ হোসেনের নাম থাকলেও দল পেয়েছেন কেবল মোস্তাফিজ। রিশাদের প্রতি কোনো ফ্র্যাঞ্চাইজি আগ্রহ দেখায়নি। তবে রিশাদ সম্প্রতি বিগ ব্যাশ ও পিএসএলে নজরকাড়া পারফরম্যান্স করেছেন। অন্যদিকে, মোস্তাফিজের জন্য গত কয়েক মাস ছিল চড়াই-উতরাইয়ের। আইপিএলে রেকর্ড ১২ কোটি ২৬ লাখ টাকায় কলকাতা নাইট রাইডার্স তাকে কিনলেও পরে বিসিসিআইয়ের নির্দেশে তাকে ছেড়ে দেয়া হয়। পরে পিএসএলের দল লাহোর কালান্দার্সে সরাসরি চুক্তিতে নাম লেখান মোস্তাফিজ। যেখানে তার সতীর্থ হিসেবে আছেন আরেক বাংলাদেশি ক্রিকেটার পারভেজ হোসেন ইমন।
