বাংলাদেশ ফুটবল লীগে (বিএফএল) দুই টেবিল টপারের লড়াই। সেই লড়াইটাও হলো দুর্দান্ত। আর শেষ হাসিটা হাসলো বসুন্ধরা কিংস। দলটির জয়ের নায়ক ডোরিয়েল্টন গোমেজ। গতকাল কিংস অ্যারেনায় ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের হ্যাটট্রিকে ফর্টিস এফসিকে ৩-২ গোলে হারায় কিংস। ফর্টিসের হয়ে গোল দুটি করেন ওনিয়েকাচি ওকাফর ও অনন্ত তামাং। এই জয়ে ১১ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে লীগে শীর্ষস্থান ধরে রাখলো মারিও গোমেজের শিষ্যরা। সমান ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে দুইয়ে ফর্টিস। এতে লীগে আবাহনীর সর্বোচ্চ ছয় শিরোপার রেকর্ডে ভাগ বসানোর মিশনে আরও একধাপ এগিয়ে গেল কিংস। ম্যাচের শুরুতে লিড নেয় ফর্টিস। ১৯ মিনিটের মাথায় কিংস ডিফেন্ডার ইমানুয়েল টনির কাছ থেকে বল কেড়ে নিয়ে দারুণ এক থ্রু পাস দেন পা ওমর বাবু।
ফর্টিস অধিনায়কের রক্ষণচেরা পাস ধরে কিংস গোলরক্ষক আনিসুর রহমান জিকোকে পরাস্ত করে নিঁখুত ফিনিশিং টানেন নাইজেরিয়ান ফরোয়ার্ড ওকাফর। পিছিয়ে পড়ে দমে না গিয়ে আক্রমণে ধার বাড়ায় কিংস। চার মিনিট পরও ম্যাচে ফেরার সুযোগ পায় পাঁচবারের লীগ চ্যাম্পিয়নরা। ফর্টিসের ডিফেন্ডার আবদুল্লাহ ওমর সজীব বক্সের ভেতর কিংস ফরোয়ার্ড রাকিব হোসেনকে ফাউল করে বসেন। আর তাতে রেফারি পেনাল্টির বাঁশি বাজান। ২৭ মিনিটে স্পট কিক থেকে লক্ষ্যভেদ করে কিংসকে সমতায় ফেরান ডোরিয়েল্টন। ৩৩ মিনিটের সময় কিংসের অর্ধে পা ওমর বাবুকে ট্যাকল করেন কিংসের রিমন। এরপর এই ট্যাকলকে কেন্দ্র করে দুই দলের ফুটবলাররা তর্কে জড়ান। পরিস্থিতি সামলাতে রেফারিকে বেশ বেগ পেতে হয়। সাইড বেঞ্চ থেকে তর্কে জড়িয়ে হলুদ কার্ড দেখেন ফর্টিসের আতিকুর রহমান ফাহাদ। প্রথমার্ধের শেষ দিকে গোলের আরও দুটি সুযোগ তৈরি করে কিংস। ৪৫ মিনিটে চন্দন রায়ের নিচু শট পোস্ট ঘেঁষে বেরিয়ে যায়। এরপর আবারও তার শট লক্ষ্যে থাকেনি।
যোগ করা সময়ে হলুদ কার্ড দেখেন কিংসের সোহেল রানা। ১-১ সমতায় বিরতিতে যায় দুই দল। বিরতির পর বেশ কয়েকটি পরিবর্তন নিয়ে মাঠে নামে কিংস। লেফট উইংয়ে নামেন ফয়সাল আহমেদ ফাহিম। তার আক্রমণাত্মক খেলা ম্যাচের গতি বদলে দেয়। ৫২ মিনিটে ফাহিমের নিখুঁত ক্রস থেকে আলতো টোকায় বল জালে জড়িয়ে কিংসকে লিড এনে দেন ডোরিয়েল্টন। ৭৫ মিনিটে কর্নার থেকে গোল করে ফর্টিসকে সমতায় ফেরান অনন্ত তামাং। তিন মিনিট পর আবারও সেই ফাহিমের জাদুকরী পাস। সেখান থেকে গোলরক্ষক সুজন পেরিয়ার মাথার ওপর দিয়ে বল জালে পাঠিয়ে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন ডোরিয়েল্টন। এবারের লীগে এটি তার ১২তম গোল। ৮৭ মিনিটে ওকাফর সহজ সুযোগ মিস না করলে হয়তো ড্র নিয়ে মাঠ ছাড়তে পারতো ফর্টিস। শেষ পর্যন্ত ৩-২ গোলের রোমাঞ্চকর জয় নিয়েই মাঠ ছাড়ে কিংস। দিনের অন্য ম্যাচে ব্রাদার্স ইউনিয়নকে ২-১ গোলে হারায় আবাহনী লিমিটেড। এই জয়ে শিরোপার দৌড়ে টিকে থাকার আশা জিইয়ে রাখলো আকাশী-নীলরা। ১১ ম্যাচে ১৯ পয়েন্ট তাদের। অন্য ম্যাচে আরামবাগের কাছে ৩-০ গোলে বিধ্বস্ত হয় পিডব্লিউডি স্পোর্টস ক্লাব।
বিএফএলের পয়েন্ট টেবিল
ক্লাব ম্যাচ জয় ড্র হার পয়েন্ট
বসুন্ধরা কিংস ১১ ৭ ৩ ১ ২৪
ফর্টিস এফসি ১১ ৬ ৩ ২ ২১
আবাহনী লিমিটেড ১১ ৫ ৪ ২ ১৯
রহমতগঞ্জ ফ্রেন্ডস সোসাইটি ১১ ৫ ৩ ৩ ১৮
বাংলাদেশ পুলিশ ১১ ৩ ৭ ১ ১৬
মোহামেডান স্পোর্টিং ক্লাব ১১ ২ ৫ ৪ ১১
ব্রাদার্স ইউনিয়ন ১১ ২ ৪ ৫ ১০
ফকিরেরপুল ইয়ংমেন্স ১১ ২ ৪ ৫ ১০
আরামবাগ ক্রীড়া সংঘ ১১ ২ ৩ ৬ ৯
পিডব্লিউডি স্পোর্টিং ক্লাব ১১ ১ ৪ ৬ ৭
