কুষ্টিয়ার খোকসা উপজেলার ওসমানপুর এলাকায় গড়াই নদীতে নৌকায় পারাপারের সময় গুলিবিদ্ধ হয়েছেন খাইরুল শেখ (পরিচয় অনুযায়ী যুবক) নামে এক ব্যক্তি। এ ঘটনায় রাজন ও তার বাহিনীর সদস্যদের বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ তুলেছে আহতের পরিবার। রোববার রাত ৮টার দিকে ওসমানপুর খেয়াঘাট এলাকায় এ ঘটনা ঘটে। আহত খাইরুল শেখ ওই গ্রামের ইমারত আলী শেখের ছেলে। গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে রাতেই তার অস্ত্রোপচার করা হয়েছে। জানা যায়, রোববার রাতে খাইরুলসহ কয়েকজন নৌকায় করে ওসমানপুর খেয়াঘাট দিয়ে গড়াই নদী পার হচ্ছিলেন। এ সময় নৌকায় থাকা ব্যক্তিদের চিৎকার-চেঁচামেচির একপর্যায়ে পাশ দিয়ে যাওয়া অন্য একটি নৌকা থেকে অন্ধকারের মধ্যে গুলি ছোড়া হয়। এতে খাইরুলের পেটে গুলি লাগে।
পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। কুষ্টিয়া জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. রুমন জানান, গুলিবিদ্ধ খাইরুলের শরীরে রোববার রাতেই অস্ত্রোপচার করা হয়েছে। খাইরুলের বড় ভাই অভিযোগ করে বলেন, ‘আমার ভাই নৌকায় নদী পার হওয়ার সময় হইচই করে চিৎকার করলে রাজন ও তার বাহিনীর লোকজন অন্ধকারের মধ্যে গুলি চালায়। দীর্ঘদিন ধরে রাজন বাহিনী এলাকায় অত্যাচার করে আসছে। আমরা এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।’ তবে এ ঘটনায় অভিযুক্ত রাজনের বক্তব্য পাওয়া যায়নি। তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও কথা বলা সম্ভব হয়নি। খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ জাহেদুর রহমান বলেন, গোলাগুলির খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে এখন পর্যন্ত ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে থানায় কোনো অভিযোগ জানানো হয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
