জামালপুরের দেওয়ানগঞ্জে গৃহবধূকে ধর্ষণের দায়ে মো. ইউনুছ আলী নামের এক ধর্ষককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড প্রদান করেছে আদালত। পাশাপাশি আসামিকে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার অর্থ ভুক্তভোগীকে দেয়ার নির্দেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার দুপুরে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মোহাম্মদ আবদুর রহিম দণ্ডিত আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন।
আদালতের পিপি এডভোকেট ফজলুল হক জানান, দেওয়ানগঞ্জ উপজেলার কুমারের চর গ্রামের এক গৃহবধূকে প্রতিবেশী মো. গাজী রহমানের ছেলে মো. ইউনুছ আলী বিভিন্ন সময় কুপ্রস্তাব দিয়ে আসছিল। ২০১৬ সালের ৬ই সেপ্টেম্বর রাতে ওই গৃহবধূ বাড়ির পাশে টিউবওয়েল থেকে পানি নিতে গেলে আসামি ইউনুছ তাকে জোরপূর্বক পাশের ধানক্ষেতে নিয়ে ধর্ষণ করে। এ ঘটনায় গৃহবধূ নিজেই বাদী হয়ে ২০১৬ সালের ২৪শে অক্টোবর দেওয়ানগঞ্জ থানায় মামলা দায়ের করেন। মোট ৭ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণে অভিযোগ প্রমাণিত হওয়ায় আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫ লাখ টাকা জরিমানার আদেশ প্রদান করেন।
