নেত্রকোণার খালিয়াজুরীতে প্রতিবেশীর সঙ্গে ৫০০ টাকার বাজি ধরে এক কেজি লবণ ও প্রায় ১৫০ গ্রাম সোডা খেয়ে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছেন ৭৫ বছর বয়সী লক্ষণ চন্দ্র পাল নামে এক বৃদ্ধ। লবণ ও সোডা খাওয়ার কিছু সময় পর থেকেই তিনি অস্বাভাবিক আচরণ করতে শুরু করেন। এ সময় তিনি হাতের কাছে যাকেই পেয়েছেন তাকেই মারধর ও কামড়ে দেন।
বর্তমানে তিনি ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে চিকিৎসাধীন। লক্ষণ জেলার খালিয়াজুরী উপজেলার মেন্দিপুর ইউনিয়নের মেন্দিপুর (পালপাড়া) গ্রামের বাসিন্দা। গত শুক্রবার সকালে মেন্দিপুর গ্রামে এ ঘটনা ঘটে। পরে তাকে উদ্ধার করে প্রথমে মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে পাঠানো হয়। রোববার ভুক্তভোগীর ছেলে সুজিত চন্দ্র পাল জানান, তার বাবা অনেক সহজ-সরল মানুষ। শুক্রবার সকালে প্রতিবেশী মিল্টন পাল ও পিয়াস পাল তাকে ৫০০ টাকার বাজি ধরে এক কেজি লবণ ও ১৫০ গ্রাম সোডা খাওয়ার প্রস্তাব দেন। প্রস্তাবে রাজি হয়ে বাবা একটি জগে পানি নিয়ে লবণ ও সোডা মিশিয়ে সেটি খেয়ে ফেলেন। খাওয়ার কিছুক্ষণ পরই বাবা অস্বাভাবিক আচরণ করতে শুরু করেন। তিনি হাতের কাছে যাকে পাচ্ছিলেন তাকেই মারধর ও কামড় দিচ্ছিলেন। এমনকি পরিবারের সদস্যদেরও চিনতে পারছিলেন না। পরে বাবাকে মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে সেখান থেকে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। অচেতন অবস্থায় ওইদিন রাতেই তাকে সেখানে ভর্তি করা হয়। পরে শ্বাসকষ্ট দেখা দিলে অক্সিজেন দেয়া হয়। এখনো তিনি স্বাভাবিকভাবে শ্বাস নিতে পারছেন না।
চিকিৎসকরা তাকে (আইসিইউ)তে নেয়ার পরামর্শ দিয়েছেন। সিট খালি না থাকায় ভর্তি করা সম্ভব হয়নি। তবে রোববার সন্ধ্যার পর থেকে একটু একটু সাড়া দিচ্ছেন। এ ঘটনায় সুজিত চন্দ্র পাল অভিযোগ করে বলেন, লবণ ও সোডা খাওয়ার প্ররোচনার জন্য মিল্টন পাল ও পিয়াস পালের বিরুদ্ধে থানায় অভিযোগ করবেন। তবে এ ঘটনায় অভিযুক্ত দু’জনের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। এ বিষয়ে মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) অলক কান্তি তালুকদার বলেন, অতিরিক্ত পরিমাণ লবণ ও সোডা খাওয়ায় তিনি অস্বাভাবিক আচরণ করছিলেন। পরে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসাপাতালে পাঠানো হয়। খালিয়াজুরী থানার ওসি নাসির উদ্দীন বলেন, এমন ঘটনা জানা নেই। এ বিষয়ে এখনো কেউ থানায় অভিযোগ করেনি।
