ক্রীড়াঙ্গনের ধ্রুবতারা মিমু আর নেই

ক্রীড়াঙ্গনের ধ্রুবতারা মিমু আর নেই

ফন্ট সাইজ:

দেশের ক্রীড়াঙ্গন থেকে আরো একটি উজ্জ্বল নক্ষত্র খসে পড়লো। অ্যাথলেটিকস ট্র্যাকের রানী, জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত সাবেক তারকা অ্যাথলেট ও সংগঠক শামীমা সাত্তার মিমু আর নেই। শুক্রবার রাতে রাজধানীর নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। পারিবারিক সূত্রে জানা গেছে, মিমু দীর্ঘদিন ধরে হৃদরোগ ও ভার্টিগো সমস্যায় ভুগছিলেন। মৃত্যুকালে তিনি একমাত্র পুত্র শাহরিয়ার শরীফসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। ১৯৭৩ সালে দিনাজপুর জেলার হয়ে ক্যারিয়ার শুরু করা মিমু ছিলেন স্বাধীনতাত্তোর বাংলাদেশের অ্যাথলেটিকস ট্র্যাকের অন্যতম সফল ব্যক্তিত্ব।

১৯৭৩ থেকে ১৯৯২ সাল পর্যন্ত দীর্ঘ দুই দশকের খেলোয়াড়ি জীবনে তিনি ছিলেন প্রায় অপ্রতিরোধ্য। বিশেষ করে হাইজাম্পে ছিলেন অপ্রতিদ্বন্দ্বী। জাতীয় পর্যায়ে তার ঝুলিতে রয়েছে ২৭টি স্বর্ণ, ১৩টি রৌপ্য ও ৩টি ব্রোঞ্জপদক। হাইজাম্প ও লংজাম্পে তিনবার জাতীয় রেকর্ড গড়েছিলেন তিনি। ১৯৮২ সালে দিল্লি এশিয়ান গেমসে লংজাম্পে সেরা আটের মধ্যে সপ্তম হয়ে আন্তর্জাতিক অঙ্গনেও সামর্থ্যের প্রমাণ রাখেন। খেলোয়াড়ি জীবন শেষে তিনি নিজেকে নিয়োজিত করেন আগামীর অ্যাথলেট গড়ার কাজে।

১৯৮৩-৮৪ সালে ভারতের পাতিয়ালা থেকে কোচিং ডিপ্লোমা করার পর জার্মানি ও ইন্দোনেশিয়ায় উচ্চতর প্রশিক্ষণ নেন। তার প্রশিক্ষণে বহু অ্যাথলেট আন্তর্জাতিক আসরে দেশের জন্য পদক জয় করেছেন। জাতীয় ক্রীড়া পরিষদের কোচ হিসেবে ক্যারিয়ার শুরু করে পরবর্তী সময়ে বিকেএসপির উপ-পরিচালক (প্রশিক্ষণ) হিসেবে দায়িত্ব পালন করেন। দিনাজপুর বিকেএসপি গড়ে তোলার পেছনে তার বিশেষ অবদান রযেছে। মাঠের বাইরেও ক্রীড়া প্রশাসক হিসেবে মিমু সমান সক্রিয় ছিলেন। বাংলাদেশ অ্যাথলেটিকস ও আর্চারি ফেডারেশনের কার্যনির্বাহী সদস্য এবং অ্যাথলেটিকস জাজ হিসেবে তিনি দীর্ঘকাল দায়িত্ব পালন করেন। ক্রীড়াঙ্গনে তার এই অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ ২০০০ সালে তৎকালীন সরকার মিমুকে ‘জাতীয় ক্রীড়া পুরস্কার’-এ ভূষিত করে। ব্যক্তিজীবনে তিনি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার খালাতো বোন হলেও ক্রীড়াঙ্গনে তার পরিচিতি নিজের মেধা ও কঠোর পরিশ্রমে গড়া। তার মৃত্যুতে বিকেএসপি, অ্যাথলেটিকস ফেডারেশন, আর্চারি ফেডারেশন ও বাফুফেইসহ বিভিন্ন সংগঠন গভীর শোক প্রকাশ করেছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন