লক্ষ্মীপুরে যাত্রীবাহী বাস উল্টো ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ২৫ জন। সোমবার বেলা ১২টার দিকে চন্দ্রগঞ্জের চরমচামিতা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহতদের মধ্যে ৪০ থেকে ৪৫ বছর বয়সী এক পুরুষ ও এক নারী এবং বাবুল হোসেন (৬) নামে এক শিশু রয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার বেলা ১১টার দিকে আনন্দ পরিবহন নামে একটি বাস ৩০-৩৫জন যাত্রী নিয়ে চৌমুহনী বাসটার্মিনাল থেকে লক্ষ্মীপুরের উদ্দেশ্যে ছেড়ে যায়। চন্দ্রগঞ্জের চরমচামিতা বাজার এলাকায় বাসটি পৌঁছলে হঠাৎ গর্তে পড়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলে তারা মারা যান।
এ সময় অন্তত আরও ২০জন আহত হন। আহতদের উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতাল ও
বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে ৭ জনের অবস্থায় আশঙ্কাজনক।
চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ওসি মো. আদেল আকবর বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আহতদের চিকিৎসা চলছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’
