চিঠিটি আদৌ শেখ হাসিনার কিনা তা নিশ্চিত নয় দিল্লিস্থ বাংলাদেশ হাইকমিশন। কূটনৈতিক সূত্র এটা নিশ্চিত করেছে যে, হাইকমিশন ইমেইল মারফত একটি চিঠি পেয়েছে। যেখানে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দেয়ার আবেদন রয়েছে। সূত্র মানবজমিনকে জানায়, চিঠিটি পঠিয়েছে লন্ডনভিত্তিক আইনজীবীদের প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্স। কিন্তু চিঠিটি যে হাসিনার—তা নিশ্চিত নয়। কেননা চিঠিতে হাসিনার অনুমোদনের কোনো প্রমাণ নেই। চিঠিটি ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।
এদিকে আজ দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির জানান, পলাতক শেখ হাসিনাকে কোনো পাসপোর্ট দেয়া হবে না। আইনগতভাবে পলাতক কোনো আসামি পাসপোর্ট পাবে কিনা— জানতে চাইলে হুমায়ুন কবির বলেন, কোনো সুযোগ নেই। ভারতের প্রতি শেখ হাসিনাকে প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী ফেরত দেয়ার আহ্বান পুনর্ব্যক্ত করেন তিনি।
এর আগে দেশে ফিরতে শেখ হাসিনা নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আবেদন করেছেন মর্মে খবর দেয় বার্তা সংস্থা রয়টার্স।
এতে বলা হয়, আবেদনটি ডিসেম্বরে শেখ হাসিনার বাংলাদেশে ফেরার পরিকল্পনার সবচেয়ে স্পষ্ট পদক্ষেপ। ছাত্র-জনতার অভ্যুত্থানে তার দীর্ঘ শাসনামলের অবসানের দুই বছরেরও বেশি সময় পর তিনি এ পদক্ষেপ নিলেন। ফলে দেশে নতুন করে রাজনৈতিক ও আইনি উত্তেজনা তৈরির আশঙ্কা দেখা দিয়েছে। বাংলাদেশে বর্তমানের হাসিনার দল আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ রয়েছে।
দিল্লির বাংলাদেশ দূতাবাসে ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানকে লেখা চিঠিতে বলা হয়, অন্তর্বর্তী সরকার ও অন্যান্য কর্তৃপক্ষ কর্তৃক তার বর্তমান বাংলাদেশি পাসপোর্ট এবং জাতীয় পরিচয়পত্র বাতিলের খবরের প্রেক্ষিতে, আমরা আমাদের মক্কেলের জন্য নতুন বাংলাদেশি পাসপোর্ট এবং জাতীয় পরিচয়পত্র ইস্যু করার প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার বিনীত অনুরোধ জানাচ্ছি।
