কমনওয়েলথ টিটি

বাছাইয়ে ডাক পেলেন ৩২ খেলোয়াড়

ফন্ট সাইজ:

ভারতের নয়াদিল্লিতে আগামী জুলাইয়ে অনুষ্ঠেয় কমনওয়েলথ টেবিল টেনিস (টিটি) চ্যাম্পিয়নশিপের প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশন (বিটিটিএফ)। এই আসরকে সামনে রেখে জাতীয় দলের প্রাথমিক সিলেকশন ট্রায়ালের জন্য ৩২ জন খেলোয়াড়কে ডেকেছে ফেডারেশন। গতকাল বিটিটিএফ এই সিদ্ধান্তের কথা জানায়।
আগামী ১লা থেকে ৪ঠা এপ্রিল রাজধানীর শহীদ তাজউদ্দীন ইনডোর স্টেডিয়ামে চার দিনব্যাপী এই সিলেকশন ট্রায়াল অনুষ্ঠিত হবে। এতে জাতীয় পুরুষ ও মহিলা বিভাগের শীর্ষ ১৬ জন করে মোট ৩২ জন খেলোয়াড় অংশ নেবেন। লীগ পদ্ধতিতে অনুষ্ঠিত এই ট্রায়াল থেকে উভয় বিভাগের শীর্ষ ৬ জন করে মোট ১২ জনকে নিয়ে প্রায় আড়াই মাসের নিবিড় প্রশিক্ষণ ক্যাম্প আয়োজন করবে বিটিটিএফ। ক্যাম্প শেষে চূড়ান্তভাবে ৫ সদস্যের পুরুষ ও ৫ সদস্যের মহিলা দল ঘোষণা করা হবে। প্রশিক্ষণ ক্যাম্পের মান বাড়াতে ভারতের একজন আন্তর্জাতিক মানের কোচের সঙ্গে যোগাযোগ করছে ফেডারেশন। চুক্তি চূড়ান্ত হলে এপ্রিল থেকেই শুরু হবে ‘কমনওয়েলথ মিশন’। এ মিশনের জন্য খেলোয়াড় বাছাইয়ে ‘ট্রেইন অ্যান্ড টেস্ট’ বা সিলেকশন লীগ পদ্ধতি অনুসরণ করা হয়েছে। এ নিয়ে বিটিটিএফের সাধারণ সম্পাদক ক্যাপ্টেন এ এম মাকসুদ আহমেদ সনেট বলেন, ‘অ্যাডহক কমিটি দায়িত্ব নেওয়ার পর থেকে আমরা ‘ট্রেইন অ্যান্ড টেস্ট’ বা সিলেকশন লীগ পদ্ধতি অনুসরণের কথা বলে আসছি। এই পদ্ধতির ইতিবাচক ফল ইতোমধ্যে আমরা পেয়েছি। খেলোয়াড়দের ম্যাচ টেম্পারামেন্ট বৃদ্ধি এবং পারফরম্যান্স অ্যানজাইটি কাটিয়ে ওঠার জন্য সিলেকশন প্রক্রিয়ার কোনো বিকল্প নেই।’ এদিকে আগামী ৮-১১ই এপ্রিল ভারতের শিমলাতে অনুষ্ঠিত হবে সাউথ এশিয়ান রিজিওনাল ইয়ুথ টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ। বর্তমানে বিকেএসপিতে এই দলের নিবিড় প্রশিক্ষণ চলছে। টুর্নামেন্টের গুরুত্ব বিবেচনা করে খেলোয়াড়দের মাত্র ৩ দিনের ঈদের ছুটি দেয়া হয়েছে। শিমলা যাওয়ার আগে জুনিয়র দলের ৪ জন বালক ও ৪ জন বালিকা এই কমনওয়েলথ সিলেকশন ক্যাম্পে খেলার সুযোগ পাবে। খই খই সাই মারমা, রেশমী তঞ্চঙ্গ্যা, ঐশী রহমান, নাফিজ ইকবাল এবং জয় ইসলামের মতো টিটির পরিচিত মুখদের জন্য এটি শেষ জুনিয়র টুর্নামেন্ট।


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন