নিজেকে সৌভাগ্যবান মনে করছেন মুশফিক

নিজেকে সৌভাগ্যবান মনে করছেন মুশফিক

ফন্ট সাইজ:

তাওহীদ হৃদয়ের আগে টেস্ট ক্রিকেটে বাংলাদেশের ডাবল সেঞ্চুরি ছিল মাত্র পাঁচটি, যার তিনটির মালিকই মুশফিকুর রহীম। শনিবার সিলেটে তার সামনেই বাংলাদেশের হয়ে ষষ্ঠ ডাবল সেঞ্চুরিটি করলেন তাওহীদ হৃদয়। একটি করে ডাবল সেঞ্চুরি আছে তামিম ইকবাল ও সাকিব আল হাসানের। সিলেটে হৃদয় শুধু ডাবল সেঞ্চুরিই করেননি, তিনি ছাড়িয়ে গেছেন সবাইকে। ডাবল সেঞ্চুরির পর হৃদয়ের উচ্ছ্বাস ছিল দেখার মতো। শূন্যে হাত ছুড়ে মুষ্টিবদ্ধ উদ্‌যাপন করেন তিনি। সিলেট স্টেডিয়ামের ডাগআউট, গ্যালারি থেকে ভেসে আসতে থাকে মুহুর্মুহু করতালির শব্দ। যেখানে নিজ এলাকা বগুড়ার ছোট ভাই ২০০ করার পর মুশফিকুর রহীমও হয়ে পড়েন উচ্ছ্বসিত। হৃদয়ের ডাবল সেঞ্চুরিতে মুশফিক যে কতোটা উচ্ছ্বসিত ছিলেন, সেটা দেখা গেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এক ভিডিওতে। ডাগআউট থেকে চিৎকার করে মুশফিক বলেন, ‘আরও বড় কর। আরও বড় কর।’

২০১৮ সালে মিরপুরে জিম্বাবুয়ের বিপক্ষে মুশফিকের ২১৯ রানের রেকর্ড ইনিংস শনিবার ভেঙে হৃদয় করেছেন ২৪২ রান। নিজের রেকর্ড তারই এলাকার ছোট ভাই ভেঙেছেন বলে মুশফিক অনেক খুশি। বিসিবি’র পোস্ট করা ভিডিওতে ৩৯ বছর বয়সী অভিজ্ঞ এই ব্যাটার বলেন, ‘নিজেকে অনেক সৌভাগ্যবান মনে করি সর্বোচ্চ রানের এমন ইনিংস দেখতে পেরে। আলহামদুলিল্লাহ্‌, ড্রেসিংরুম থেকে এমন ইনিংস দেখা অনেক বড় পাওয়া।’ ভবিষ্যতে অন্য কেউ হৃদয়ের এই ইনিংসকেও ছাড়িয়ে যাবেন বলে প্রত্যাশা মুশফিকের। ৩৯ বছর বয়সী অভিজ্ঞ ক্রিকেটার বলেন, ‘ভবিষ্যতে আরও একজন হয়তো এই রেকর্ড ভাঙবে। রেকর্ড হয়ই ভাঙার জন্য। আর সেটা জয়সূচক হলে এর চেয়ে ভালো লাগার আর কিছু হতে পারে না। সবচেয়ে বড় ব্যাপার দলের জন্য খুব গুরুত্বপূর্ণ ছিল এটা।

আশা করি, এটা ম্যাচ জয়ী ইনিংস হবে ইনশাআল্লাহ্‌।’ নিজের রেকর্ড চোখের সামনে ভাঙতে দেখে মুশফিক নিজেকে সৌভাগ্যবান মনে করেন। ফেসবুকে শনিবার এক পোস্টে তিনি লিখেছিলেন, ‘মাশাআল্লাহ ভাই। কী অসাধারণ এক ইনিংস। ড্রেসিংরুমে বসে এই ইনিংসটি সরাসরি দেখার সৌভাগ্য আমার হয়েছে। মহান আল্লাহ্‌ তোমাকে আরও বেশি বেশি সাফল্য দান করুন। আমার আশা, ইনশাআল্লাহ্‌, টেস্ট ক্রিকেটের ইতিহাসে এটা যুগ যুগ ধরে স্মরণীয় হয়ে থাকবে এবং ম্যাচ জেতানো একটি ইনিংস হিসেবে বিবেচিত হবে।