চোটের কারণে দক্ষিণ আফ্রিকা সফর শেষ টাইগার ওপেনার সাদমান ইসলামের। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিলেটে টেস্টের দ্বিতীয় দিনে গোড়ালিতে চোট পান এই বাঁহাতি ব্যাটার। গুরুতর চোটে পড়ায় সাদমানকে ছাড়া দক্ষিণ আফ্রিকা সফর করবে বাংলাদেশ দল। ক্রিকবাজকে বাংলাদেশ দলের নির্বাচক প্যানেলের এক সদস্য জানিয়েছেন, সাদমান দক্ষিণ আফ্রিকা সফরে থাকছেন না। তিনি বলেন, ‘সাদমান দক্ষিণ আফ্রিকা সফর থেকে ছিটকে গেছে। আমার জানা মতে, তার গোড়ালিতে টিয়ার (লিগামেন্ট বা টিস্যু ছিঁড়ে যাওয়া) হয়েছে। এমনকি হাড়ে চিড় ধরারও আশঙ্কা রয়েছে।’ এদিকে সাদমানের পরিবর্তে দক্ষিণ আফ্রিকা সফরের টেস্ট দলে জায়গা পেতে পারেন ময়মনসিংহের ওপেনার মাহফিজুল ইসলাম রবিন। দারুণ ফর্মে থাকা এই ব্যাটারকে টেস্ট স্কোয়াডে অন্তর্ভুক্ত করার প্রস্তুতি চলছে।
বর্তমানে তিনি সিলেটে জাতীয় দলের সঙ্গে অবস্থান করছেন। আগামী ১০ই নভেম্বর ঢাকা থেকে দক্ষিণ আফ্রিকার উদ্দেশ্যে দেশ ছাড়বে বাংলাদেশ দল। সেখানে স্বাগতিকদের বিপক্ষে দু’টি টেস্ট, তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলবে টাইগাররা। সূচি অনুযায়ী, আগামী ১৫ থেকে ১৯শে নভেম্বর জোহানেসবার্গের ওয়ান্ডারার্স স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সিরিজের প্রথম টেস্ট। এরপর ২৩ থেকে ২৭শে নভেম্বর সেঞ্চুরিয়ানের সুপারস্পোর্ট পার্কে মাঠে গড়াবে দ্বিতীয় টেস্ট।
