সিঙ্গাপুরের বিপক্ষে দু’টি ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচের আগে দুশ্চিন্তায় পড়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। প্রধান কোচ পিটার বাটলারের গুরুতর অসুস্থতার কারণে এই সিরিজে তার থাকা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। চিকিৎসার জন্য বর্তমানে ইংল্যান্ডে অবস্থান করছেন ৬০ বছর বয়সী এই কোচ। তার শারীরিক অবস্থা ও চিকিৎসাসংক্রান্ত প্রতিবেদন পাওয়ার অপেক্ষায় রয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। তবে পরিস্থিতি বিবেচনায় বিকল্প কোচের কথাও ভাবছে ফেডারেশন। জানা গেছে, বাটলারের অনুপস্থিতিতে দলের দায়িত্ব পেতে পারেন ফরাসি কোচ ও উয়েফা লাইসেন্সধারী এরিক মেয়ার। গত মাসের শেষদিকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ইংল্যান্ডে ফিরে যান পিটার বাটলার। তার অনুপস্থিতিতে দলের অনুশীলন ও সার্বিক কার্যক্রম পরিচালনা করছেন সহকারী কোচ আবুল হোসেন ও লিনা চাকমা। আপাতত হোয়াটসঅ্যাপের মাধ্যমে বাটলারের দেয়া নির্দেশনা অনুযায়ী কাজ করছেন দুই সহকারী। তবে বাটলারের অসুস্থতার খবরটি বেশ উদ্বেগ তৈরি করেছে নারী ফুটবলে।
বাফুফে সভাপতি তাবিথ আউয়াল বাটলারের অসুস্থতার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘পিটার বাটলার ক্যান্সারে আক্রান্ত হয়েছেন এবং আমরা তার দ্রুত আরোগ্যের জন্য প্রার্থনা করি।’ তবে তার পরিবর্তে নতুন কোচ নিয়োগের বিষয়ে বিস্তারিত কিছু বলতে চাননি বাফুফে সভাপতি। এদিকে, আগামী ১ ও ৫ই ডিসেম্বর সিঙ্গাপুরের বিপক্ষে দু’টি ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ নারী দল। এই সিরিজকে সামনে রেখেই এরিক মেয়ারকে অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে নিয়োগ দেয়ার আলোচনা অনেকদূর এগিয়েছে বলে জানা গেছে। তবে সিঙ্গাপুর সফরের পরও তিনি দায়িত্বে থাকবেন কি না- তা এখনো নিশ্চিত নয়। বিষয়টি নির্ভর করছে পিটার বাটলারের শারীরিক অবস্থার ওপর।
সিঙ্গাপুর সিরিজের প্রস্তুতি অবশ্য চলছে পরিকল্পনা অনুযায়ী।
নিবিড় অনুশীলনের জন্য গত ৩০শে অক্টোবর ৪৪ সদস্যের প্রাথমিক দল নিয়ে চট্টগ্রামে যায় বাংলাদেশ দল। আগামী ১৬ই নভেম্বর তাদের ঢাকায় ফেরার কথা রয়েছে। এরপর ১৭ই নভেম্বর জাতীয় স্টেডিয়ামে বসে সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনাল উপভোগ করবেন নারী ফুটবলাররা। একদিন বিরতি দিয়ে ১৯শে নভেম্বর থেকে একই ভেন্যুতে আবারো নিয়মিত অনুশীলন করার কথা মেয়েদের। ২০২৪ সালে সাফ নারী চ্যাম্পিয়নশিপের আগে বাফুফে এলিট একাডেমি থেকে মূল দলের দায়িত্ব পেয়েছিলেন পিটার বাটলার। তার অধীনেই দক্ষিণ এশিয়ার গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক ফুটবলে নিজেদের অবস্থান আরও শক্ত করার চেষ্টা করছে বাংলাদেশ নারী ফুটবল দল।
