জাতীয় ক্রিকেট লীগের ষষ্ঠ রাউন্ডের দ্বিতীয় দিনে দাপট ব্যাটারদের। প্রথম দিনের সেঞ্চুরিয়ান তাইবুর রহমান পেয়েছেন প্রথম শ্রেণির ক্রিকেটে তৃতীয় ডাবল সেঞ্চুরির দেখা। রাজশাহীর হয়ে লড়াকু সেঞ্চুরি করেন অধিনায়ক প্রীতম কুমার। আর চট্টগ্রামের হয়ে সেঞ্চুরি পান ইফরান সাবরি তাকরীর। ব্যাটারদের দাপুটে দিনে বল হাতে উজ্জ্বল সিলেটের স্পিনার নাসুম আহমেদ ও ময়মনসিংহের পেসার আবু হায়দার রনি। রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে খুলনার বিপক্ষে প্রথম দিন সেঞ্চুরি তুলে নিয়ে ঢাকাকে বড় সংগ্রহের ভিত গড়ে দেন তাইবুর পারভেজ। দ্বিতীয় দিনে ডাবল সেঞ্চুরি তুলে নেন ৩৬ বছর বয়সী এ ব্যাটার। ২৯৪ বলে ২১১ রানের ইনিংস খেলেন তাইবুর। প্রথম শ্রেণির ক্রিকেটে এটি তার তৃতীয় ডাবল সেঞ্চুরি। তাকে সঙ্গ দেয়া আমিনুল ইসলাম বিপ্লব ফেরেন ৬৪ রান করে। শেষদিকে সুমন খানের ব্যাট থেকে আসে ৪৪ রান। নবম ব্যাটার হিসেবে তাইবুর আউট হওয়ার পর ৫১৩ রানে ইনিংস ঘোষণা করে ঢাকা। খুলনার হয়ে ৪ উইকেট নেন শেখ পারভেজ জীবন। দু’টি করে উইকেট শিকার রাকিব হাওলাদার ও সফর আলীর। একটি উইকেট নেন আজিজুল হাকিম তামিম। জবাবে খেলতে নেমে ২ উইকেটে ১৩২ রান তুলে দিনের খেলা শেষ করে খুলনা। ওপেনিংয়ে নেমে ব্যর্থ সৌম্য সরকার। ৭ রান করে ফেরেন তিনি। এরপর তামিম ও কালাম সিদ্দিকি অলিন মিলে খুলনাকে টানেন। তবে অলিন ৪৭ রানে ফেরেন। তবে তামিম অপরাজিত ৪৯ রানে। ২৪ রান করে ব্যাট করছেন অধিনায়ক মোহাম্মদ মিঠুন। খুলনা বিভাগীয় স্টেডিয়ামে চট্টগ্রামের সানজিদ মজুমদারের ফাইফারে ১৬৬ রানে অলআউট হয় রংপুর। এরপর বিনা উইকেটে ৬৯ রান করে প্রথম দিন শেষ করে চট্টগ্রাম। দ্বিতীয় দিন শেষে তাদের সংগ্রহ ৫ উইকেটে ৩০৪ রান। সাদিকুর রহমান ১০ রানের জন্য সেঞ্চুরি করতে পারেননি। আরেক ওপেনার সাদ্দাম হোসেন আউট হন ৩৮ রান করে। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারালেও এক প্রান্ত আগলে সেঞ্চুরি তুলে নেন ইরফান সাবরি তাকরীর। ২১২ বলে ১০৪ রানের ইনিংস খেলে আউট হন তিনি। হাসান মুরাদ ৪ রান নিয়ে অপরাজিত। রংপুরের হয়ে মেহেদী হাসান ৩ উইকেট নেন। চট্টগ্রামে বরিশালের বিপক্ষে প্রথম
ইনিংসে ৩৮৬ রান করে ময়মনসিংহ। জবাব দিতে নেমে স্বস্তিতে নেই বরিশাল। ১৩৬ রান তুলতে আট ব্যাটারকে হারায় তারা। ফলো অনের শঙ্কায় দলটি। ময়মনসিংহের আবু হায়দার রনি ৩৭ রানে ৫ উইকেট নেন। প্রথম শ্রেণির ক্রিকেটে এটি তার সপ্তম ফাইফার। বগুড়ায় স্পিন ঝলক দেখান নাসুম আহমেদ। তার বোলিং তোপে পড়ে প্রথম ইনিংসে ১৯২ রানে অলআউট রাজশাহী। ৪৩ রানে ৫ উইকেট নেন নাসুম। প্রথম শ্রেণির ক্রিকেট ক্যারিয়ারে ১৪তম ফাইফারের দেখা পান সিলেটের বাঁহাতি স্পিনার। এরপর দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে বিনা উইকেটে ৬৩ রান তোলে সিলেট। এর আগে প্রথম ইনিংসে ৩৩৬ রান করে তারা। ২০৭ রানের লিড নিয়ে তৃতীয় দিন ব্যাটিংয়ে নামবে সিলেট।
তাইবুরের ‘তৃতীয়’ ডাবল সেঞ্চুরি ফাইফার রনি-নাসুমের
স্পোর্টস রিপোর্টার
৯ নভেম্বর (সোমবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
