আঙ্কারা ও ওয়াশিংটনের মধ্যে সহযোগিতা অব্যাহতভাবে সম্প্রসারিত হবে। শনিবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সঙ্গে টেলিফোনে আলাপকালে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়্যিপ এরদোগান এ কথা বলেছেন। তিনি বলেন, ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা প্রশমন এবং ইউক্রেন যুদ্ধ বন্ধের প্রচেষ্টা নিয়ে আলোচনা করেন তারা। পাশাপাশি আসন্ন তুর্কি রাষ্ট্রসমূহের সংস্থার (ওটিএস) শীর্ষ সম্মেলনে সমর্থন দেয়ায় ট্রাম্পকে ধন্যবাদ জানান তিনি। তুরস্কের যোগাযোগ অধিদপ্তরের বরাত দিয়ে এ তথ্য জানানো হয়েছে। শনিবার দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক, ওয়াশিংটন ও তেহরানের মধ্যে উত্তেজনা প্রশমন এবং ইউক্রেন যুদ্ধ অবসানে কূটনৈতিক প্রচেষ্টা নিয়ে আলোচনা করতে ট্রাম্পের সঙ্গে ফোনে কথা বলেন এরদোগান।
ফোনালাপে এরদোগান আগামী দিনগুলোতে আঙ্কারা ও ওয়াশিংটনের মধ্যে সহযোগিতা আরও সম্প্রসারিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। তুরস্কের যোগাযোগ অধিদপ্তরের এক বিবৃতিতে বলা হয়েছে, দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে নতুন গতি সঞ্চারে উভয় পক্ষ কাজ করবে বলে জোর দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে অবসানের গুরুত্ব তুলে ধরেছেন এরদোগান। একই সঙ্গে ওই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠায় তুরস্কের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন তিনি। এ ছাড়া ইউক্রেন-রাশিয়া সংঘাত নিয়ে জোরদার কূটনৈতিক প্রচেষ্টা অদূর ভবিষ্যতে ইতিবাচক ফল বয়ে আনবে বলে আশা প্রকাশ করেন তুরস্কের প্রেসিডেন্ট।
