কাভেম হজের দুর্দান্ত সেঞ্চুরি ও অভিষিক্ত কেভিন উইকহ্যামের ফিফটিতে সিলেট টেস্টে চালকের আসনে ওয়েস্ট ইন্ডিজ। চতুর্থ দিন শেষে সফরকারীদের লিড ৩১৫ রানের। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বিনা উইকেটে ৭ রান নিয়ে চতুর্থ দিন শুরু করে ক্যারিবীয়রা। এদিন ৩ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে তারা যোগ করে ৩৩৮ রান। দিন শেষে ৩ উইকেটে ৩৪৫ রান তুলেছে ওয়েস্ট ইন্ডিজ। ১৮৯ বলে ১৪০ রানে অপরাজিত আছেন হজ। প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান আমির জাঙ্গু ২০ রানে অপরাজিত। ওভারপ্রতি ৪.১৫ হারে রান তুলে বাংলাদেশের বোলারদের ওপর ছড়ি ঘুরান ক্যারিবীয় ব্যাটাররা।
২১তম ওভারে তাইজুল ইসলামের বলে এলবিডব্লিউ হয়ে ৩৬ রান করে ফেরেন জশুয়া দা সিলভা। তাদের উদ্বোধনী জুটিতে আসে ৮৫ রান। এরপর ব্রেন্ডন কিংকে ৬১ রানে স্লিপে শান্তর হাতে ক্যাচ বানিয়ে জুটি ভাঙেন মেহেদী হাসান মিরাজ। তবে তৃতীয় উইকেটে কাভেম হজ ও অভিষিক্ত কেভিন উইকহ্যাম যোগ করেন ১৬৭ রান। টেস্ট অভিষেকে প্রথম ইনিংসে ৬১ রান করা উইকহ্যাম দ্বিতীয় ইনিংসে ৬৮ বলে ফিফটি তুলে নেন। ১৯৭৮ সালের পর প্রথম ওয়েস্ট ইন্ডিয়ান হিসেবে টেস্ট অভিষেকে দুই ইনিংসে ফিফটির কীর্তি গড়েন তিনি। শেষ পর্যন্ত ৭৮ রান করা উইকহ্যামকে নিজের বলে দুর্দান্ত ডাইভিং ক্যাচে ফেরান তাইজুল। এরপর আমির জাঙ্গুকে নিয়ে দিনের বাকি সময়টা কাটিয়ে দেন হজ।
