মির্জাগঞ্জে জুঁথি হত্যা প্রেমিকসহ গ্রেপ্তার ৩

মির্জাগঞ্জে জুঁথি হত্যা প্রেমিকসহ গ্রেপ্তার ৩

ফন্ট সাইজ:

পটুয়াখালীর মির্জাগঞ্জে দশম শ্রেণির শিক্ষার্থী ইসরাত জাহান জুঁথি (১৬) হত্যার ঘটনায় তার সাবেক প্রেমিকসহ তিন তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। স্থানীয়দের সাক্ষ্য, মুঠোফোনের কল রেকর্ড ও বিভিন্ন তথ্য-উপাত্তের ভিত্তিতে শনিবার বিকালে তাদের গ্রেপ্তার দেখানো হয়। তবে এখন পর্যন্ত কেউ হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেননি। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- জুঁথির সাবেক প্রেমিক মোহাম্মদ আরাফাত হোসেন আকাশ (১৬), মো. শুভ ওরফে শান্ত (২২) ও মো. রাশেদ হাওলাদার (১৯)। বৃহস্পতিবার থেকে বিভিন্ন সময়ে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল।

জানা যায়, গত মঙ্গলবার সকালে পরীক্ষায় অংশ নিতে বাড়ি থেকে বের হয় জুঁথি। সে সুবিদখালী র. ই. পাইলট সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী এবং দক্ষিণ ঘটকের আন্দুয়া মাছুয়াখালী গ্রামের জামাল হাওলাদারের মেয়ে। নির্ধারিত সময়ে বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে বিদ্যালয়ে গিয়ে জানতে পারেন, সেদিন সে স্কুলে যায়নি। নিখোঁজের দুইদিন পর বৃহস্পতিবার সকাল ৯টার দিকে বাড়ির কাছের একটি নালা থেকে জুঁথির মরদেহ উদ্ধার করে পুলিশ।

মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুজ্জামান বলেন, মুঠোফোনের কলের তথ্য এবং উত্ত্যক্ত করার অভিযোগের সূত্র ধরে তিনজনকে সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার করা হয়েছে। তবে তাদের কাছ থেকে এখন পর্যন্ত কোনো স্বীকারোক্তি পাওয়া যায়নি। প্রতিবেদন ও প্রয়োজনীয় ফরেনসিক পরীক্ষার ফল পাওয়ার পর হত্যাকাণ্ডের প্রকৃত কারণ এবং এর সঙ্গে ধর্ষণ বা অন্য কোনো অপরাধ জড়িত ছিল কি না, তা নিশ্চিত হওয়া যাবে।