জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আয়োজিত ঢাকার কেন্দ্রীয় বর্ণাঢ্য শোভাযাত্রায় মানিকগঞ্জ জেলা থেকে হাজার হাজার নেতাকর্মীর এক অভূতপূর্ব ঢল নামে। মানিকগঞ্জ জেলা বিএনপি’র আহ্বায়ক ও বর্তমান সরকারের খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতার বলিষ্ঠ ও সুসংগঠিত নেতৃত্বে দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীরা এই সুবিশাল মিছিলে অংশ নেন। তবে আনন্দের এই মিছিলে এক হৃদয়বিদারক ঘটনা ঘটে। শোভাযাত্রায় খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতার সঙ্গে থাকা তার অত্যন্ত আস্থাভাজন ও দীর্ঘদিনের রাজনৈতিক সহকর্মী, সিঙ্গাইর উপজেলা বিএনপি’র সাবেক সিনিয়র সহ-সভাপতি মো. তোফাজ্জল হোসেন তোফা হার্ট অ্যাটাকে ইন্তিকাল করেছেন। তার এই আকস্মিক মৃত্যুতে পুরো মানিকগঞ্জ জেলা বিএনপিতে গভীর শোকের ছায়া নেমে এসেছে। ?মানিকগঞ্জ জেলা বিএনপি’র কমিটির সদস্য এডভোকেট নুরতাজ আলম বাহার জানান, খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতার নেতৃত্বে ঢাকার রমনা এলাকা থেকে মানিকগঞ্জের হাজার হাজার নেতাকর্মী বিপ্লব ও সংহতি দিবসের শোভাযাত্রায় অংশ নেন। এ সময় তোফাজ্জল হোসেন তোফা মন্ত্রীর পাশেই থেকে শোভাযাত্রায় অংশ নিচ্ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, আসরের নামাজের পর বাংলামোটর ওভারব্রিজের নিচে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে রাস্তায় পড়ে যান তোফাজ্জল হোসেন। তাৎক্ষণিকভাবে উপস্থিত সহকর্মীরা তাকে রাস্তার পাশে নিয়ে মাথায় পানি ঢালেন। প্রাথমিক শুশ্রূষার পর তিনি কিছুটা সুস্থ হয়ে দাঁড়ান এবং চশমা ও জুতা পরে ফুটপাথ দিয়ে ১৫-২০ কদম হাঁটেনও। কিন্তু এর কিছুক্ষণ পরই তিনি পুনরায় গুরুতর অসুস্থ হয়ে পড়েন। ফুটপাথের রেলিং ধরে মাটিতে লুটিয়ে পড়ে তিনি মারাত্মকভাবে অসুস্থ হয়ে পড়েন। অবস্থা বেগতিক দেখে উপস্থিত লোকজন দ্রুত তাকে হাসপাতালে নেয়ার চেষ্টা করেন। তবে পর্যাপ্ত রিকশা না পাওয়ায় একটি ভ্যানে করে তাকে হলি ফ্যামিলি হাসপাতালে নেয়ার পথেই তার মৃত্যু হয়। তোফাজ্জল হোসেন তোফা দীর্ঘদিন ধরে খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতার বিশ্বস্ত সহচর হিসেবে রাজনীতি করে আসছিলেন। তার এই অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা। শোকবার্তায় তিনি বলেন, তোফার চলে যাওয়ার এই শূন্যতা আমাদের রাজনৈতিক অঙ্গনের জন্য এক অপূরণীয় ক্ষতি। মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন তিনি।
