জামালপুরের মেলান্দহে ট্রাকচাপায় একই পরিবারের ৩ জনসহ ৪ জন নিহত হয়েছেন। শনিবার সকাল ১০টার দিকে জামালপুর-দেওয়ানগঞ্জ আঞ্চলিক সড়কের নয়ানগর ইউনিয়নের বুরুঙ্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২ জন। নিহতরা হলেন- জামালপুরের ইসলামপুর উপজেলার ইন্দুল্লামারী এলাকার মোরশেদ আলম (২৫), তার স্ত্রী ইকরামা (২৩) ও তাদের শিশুকন্যা রিফা। এ ছাড়া নিহত অপরজন মোটরসাইকেলচালক শওকত হাসান লিখন (৪৫)। তিনি মেলান্দহ উপজেলার বকুলতলা এলাকার বাসিন্দা। তিনি মোটরসাইকেলে করে যাচ্ছিলেন। আহতরা হলেন, শিহাটা এলাকার মৃত লেঞ্জা মিয়ার ছেলে হযরত আলী (৩৫) এবং মো. শাকিল মিয়া (১৬)। স্থানীয়রা জানায়, সকালে মেলান্দহের শিমুলতলী এলাকা থেকে একটি অটোরিকশা জামালপুরের দিকে যাচ্ছিল।
অন্যদিকে জামালপুর থেকে মেলান্দহের দিকে যাচ্ছিল একটি মোটরসাইকেল। এ সময় পেছন থেকে আসা একটি ট্রাক প্রথমে মোটরসাইকেলটিকে চাপা দেয়। পরে ট্রাকটি অটোরিকশাটিকেও চাপা দিলে সেটি দুমড়ে-মুচড়ে যায়। এ সময় মোরশেদ ঘটনাস্থলেই মারা যান। তার স্ত্রী ও শিশুসন্তানকে মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে মৃত্যু হয়। এ ছাড়া আহত ৩ জনকে উদ্ধার করে প্রথমে জামালপুর জেনারেল হাসপাতালে নেয়া হলে সেখানে লিখনের মৃত্যু হয়। পরে উন্নত চিকিৎসার দুইজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। মেলান্দহ থানার ওসি এটিএম মাহমুদুল হক বলেন, দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন। তাদের মধ্যে হাসপাতালে একজনের মৃত্যু হয়। দুর্ঘটনাকবলিত ট্রাকটি স্থানীয়রা আটক করেছেন। তবে চালক পালিয়ে গেছে। তাকে শনাক্ত ও আটকের চেষ্টা চলছে।
