শিক্ষাসফরে যাওয়ার পথে দুর্ঘটনা শিক্ষিকাসহ নিহত ২

শিক্ষাসফরে যাওয়ার পথে দুর্ঘটনা শিক্ষিকাসহ নিহত ২

ফন্ট সাইজ:

কুমিল্লা থেকে কক্সবাজারের উদ্দেশ্যে আনন্দঘন পরিবেশে শিক্ষাসফরে রওনা হয়েছিলেন মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীরা। কিন্তু গন্তব্যে পৌঁছানোর আগেই সেই আনন্দযাত্রা রূপ নেয় বিষাদে। চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস সড়কের পাশের ডোবায় পড়ে গেলে এক শিক্ষিকাসহ দু’জন নিহত হন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৪০ জন। শনিবার ভোর ৪টার দিকে সাতকানিয়ার কেরানীহাট রেলক্রসিং সংলগ্ন কেবিএম ইটভাটার সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, কুমিল্লার বুড়িচং উপজেলার বাকশীমূল সুন্নিয়া ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার অর্থনীতি বিভাগের প্রভাষক সোহানা আফরোজ (৪৫) এবং একই মাদ্রাসার বাংলা বিভাগের প্রভাষক নাদেরা আফরোজের স্বামী সাখাওয়াত হোসেন ইসরাফিল (৫৬)।

মাদ্রাসা সূত্রে জানা গেছে, শুক্রবার রাত ১০টার দিকে মাদ্রাসা প্রাঙ্গণ থেকে দু’টি বাসে করে শতাধিক শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারী কক্সবাজারের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। দুর্ঘটনাকবলিত বাসটি ছিল পেছনে। কেরানীহাট এলাকায় পৌঁছানোর পর চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি মহাসড়কের পাশের একটি গভীর ডোবায় পড়ে যায়। শিক্ষার্থী মো. তরিকুল ইসলাম জানান, দুর্ঘটনার খবর পেয়ে সামনের বাসে থাকা শিক্ষক-শিক্ষার্থীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। পরে স্থানীয় বাসিন্দা, ফায়ার সার্ভিস, হাইওয়ে ও থানা পুলিশের সহযোগিতায় বাসের ভেতর থেকে আহতদের উদ্ধার করা হয়। তাদের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে পাঠানো হয়েছে।

মাদ্রাসার সহকারী শিক্ষক আবদুর রহিম জানান, নিহত দু’জন বাসের সামনের আসনে বসেছিলেন। বাসটি পানিতে পড়ে যাওয়ার পর তারা পানিতে ডুবে মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে। স্থানীয় এম্বুলেন্সচালক মোহাম্মদ রাশেদ বলেন, দুর্ঘটনার খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজে অংশ নেন। আহতদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। দোহাজারী হাইওয়ে থানার ওসি মো. নুরুল আবছার জানান, দুর্ঘটনায় দু’জন নিহত ও অন্তত ৪০ জন আহত হয়েছেন। দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।