বঙ্গোপসাগর হয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার আগেই মীরসরাইয়ে ১৫ টন ইউরিয়া সারসহ একটি ট্রাক জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় মেহেদী হাসান রোমন (২৫) নামের এক ট্রাকচালককে আটক করা হয়েছে। শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলের কচ্ছপিয়া মোড়ে অভিযান চালিয়ে এসব সার জব্দ করা হয়। জোরারগঞ্জ থানা পুলিশ ও অর্থনৈতিক অঞ্চলের শিল্প পুলিশের যৌথ উদ্যোগে স্থাপিত অস্থায়ী চেকপোস্টে এ অভিযান পরিচালনা করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, চেকপোস্টে ঢাকা মেট্রো নম্বরের একটি ট্রাকে তল্লাশি চালিয়ে ৩০০ বস্তা ইউরিয়া সার উদ্ধার করা হয়। সারগুলো নরসিংদীর ঘোড়াশাল থেকে আনা হয়েছিল। জব্দ করা ৩০০ বস্তায় মোট ১৫ টন সার রয়েছে, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৪ লাখ টাকা।
জোরারগঞ্জ থানার ওসি মোহাম্মদ আব্দুল হালিম বলেন, গোপন সংবাদে অভিযান চালিয়ে ৩০০ বস্তা ইউরিয়া সার ও একটি ট্রাক জব্দ করা হয়েছে। এ ঘটনায় ট্রাকচালককে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
