চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) পদ থেকে অব্যাহতি পেয়েছেন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা অধ্যাপক ড. শেখ মোহাম্মদ হুমায়ুন কবির। ব্যক্তিগত কারণ দেখিয়ে তার করা আবেদনের পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নিয়েছে। গত ৬ই নভেম্বর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের স্বাক্ষরিত এক অফিস আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়। বিশ্ববিদ্যালয়ের এক অফিস আদেশে জানানো হয়, ২০২২ সালের ২৮শে আগস্ট থেকে নিজ দাপ্তরিক দায়িত্বের পাশাপাশি রেজিস্ট্রারের অতিরিক্ত দায়িত্ব পালন করে আসছিলেন অধ্যাপক ড. শেখ মোহাম্মদ হুমায়ুন কবির। তবে ব্যক্তিগত কারণ উল্লেখ করে গত ১লা সেপ্টেম্বর তিনি ২২শে সেপ্টেম্বর থেকে অতিরিক্ত দায়িত্ব থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেন। পরে তার আবেদনের পরিপ্রেক্ষিতে ৬ই নভেম্বর থেকে তাকে আনুষ্ঠানিকভাবে দায়িত্বমুক্ত করা হয়। দীর্ঘ সময় দায়িত্ব পালনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম পরিচালনায় সহযোগিতা করায় তাকে ধন্যবাদ জানিয়েছেন কর্তৃপক্ষ।
এ বিষয়ে চুয়েটের উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলম বলেন, গত ২৪শে সেপ্টেম্বর দায়িত্ব গ্রহণের দিন সন্ধ্যায় রেজিস্ট্রারের সঙ্গে তার সৌজন্য সাক্ষাৎ হয়। এ সময় ব্যক্তিগত কারণে দায়িত্ব ছাড়ার ইচ্ছার কথা জানান তিনি। উপাচার্যকে জানান, যোগদানের আগেই ১লা সেপ্টেম্বর অব্যাহতির আবেদন করেছিলেন। পরবর্তী সময়ে লিখিত আবেদনও জমা দেন। সেই আবেদনের ভিত্তিতেই তাকে অব্যাহতি দেয়ার সিদ্ধান্ত হয়েছে। উপাচার্য আশা প্রকাশ করেন, এখন থেকে ওই কর্মকর্তা বিশ্ববিদ্যালয়ের যন্ত্রকৌশল বিভাগে শিক্ষাদান ও গবেষণার কাজে আরও মনোযোগ দিতে পারবেন। অফিস আদেশে আরও বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের প্রচলিত বিধি ও নিয়ম অনুসরণ করে পরবর্তী দায়িত্ব হস্তান্তরের ব্যবস্থা নেয়া হবে। এ বিষয়ে সংশ্লিষ্ট দপ্তর প্রধানদের অধীনস্থ কর্মকর্তা-কর্মচারীদের অবহিত করার অনুরোধ জানানো হয়েছে।
