সীতাকুণ্ডে কাভার্ডভ্যানের পেছনে ট্রাকের ধাক্কা নিহত ২

ফন্ট সাইজ:

চট্টগ্রামের সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কাভার্ডভ্যানের পেছনে ট্রাকের ধাক্কায় ট্রাকের চালক ও হেলপার নিহত হয়েছেন। শনিবার সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার পন্থিছিলা বড়ুয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- ট্রাকচালক মো. ছালেহ আহমেদ সেলিম (৪৬), রংপুরের মাহিগঞ্জের নাছনিয়া এলাকার বাসিন্দা। নিহত হেলপার মো. সোহরাব (৩৫)। হাইওয়ে পুলিশ জানায়, রংপুর থেকে মালামাল বোঝাই করে চট্টগ্রাম যাওয়ার পথে একটি কাভার্ডভ্যানের পেছনে ট্রাকটির ধাক্কা লাগে। এতে ট্রাকের সামনের কেবিন দুমড়ে মুচড়ে যায়। চালক ও হেলপার কেবিনের ভেতরে আটকা পড়েন। খবর পেয়ে কুমিরা হাইওয়ে পুলিশ ও সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের সদস্যরা স্থানীয়দের সহায়তায় তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক দু’জনকেই মৃত ঘোষণা করেন। কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. জিয়া উদ্দিন জানান, দুর্ঘটনাকবলিত ট্রাক ও কাভার্ডভ্যান জব্দ করে হেফাজতে নেয়া হয়েছে। নিহতদের মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। এ ঘটনায় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।