সৌদি আরব থেকে ফিরলো সৌরভের মরদেহ

সৌদি আরব থেকে ফিরলো সৌরভের মরদেহ

ফন্ট সাইজ:

পরিবারের সচ্ছলতা ফেরাতে সৌদি আরবে পাড়ি জমিয়েছিলেন ময়মনসিংহের নান্দাইল উপজেলার মৃদুল হাসান সৌরভ। কিন্তু প্রবাস জীবনের মাত্র ১৬ মাসের মাথায় গত ১০ই অক্টোবর জন্ডিসে আক্রান্ত হয়ে মারা যান। মৃত্যুর ২ ৭ দিন পর তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীর সহযোগিতায় তার মৃতদেহ দেশে ফিরছে। সৌরভ নান্দাইল উপজেলার দেউলডাংরা গ্রামের সোহরাব হোসেনের ছেলে। শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে সৌদি আরব থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সৌরভের মরদেহ পৌঁছায়। এ সময় মরদেহ গ্রহণ করতে বিমানবন্দরে ছুটে যান তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।

এ সময় মরদেহ বিমানবন্দরে পৌঁছানোর পর সরকারি সহায়তার অংশ হিসেবে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের পক্ষ থেকে সৌরভের পরিবারের হাতে ৩৫ হাজার টাকার একটি চেক হস্তান্তর করা হয়।
সৌরভের বাবা সোহরাব হোসেন বলেন, একমাত্র ছেলের মৃত্যুতে আমি কী করবো, বুঝে উঠতে পারছিলাম না। কীভাবে একমাত্র ছেলের লাশ দেশে আনবো, তা-ও বুঝতে পারছিলাম না। তথ্য প্রতিমন্ত্রীর সহযোগিতায় ছেলের মরদেহ দেশে আনতে পেরেছি। শুক্রবার রাতেই সৌরভের মরদেহ তার নিজ বাড়ি পৌঁছালে ৭ই নভেম্বর পারিবারিক কবরস্থানে লাশ দাফন করা হয়।