চট্টগ্রামে আওয়ামী লীগের মিছিলের প্রস্তুতিকালে পুলিশের ওপর হামলা, ওসিসহ আহত ৬

ফন্ট সাইজ:

চট্টগ্রাম নগরের বন্দর থানার তালতলা এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলের প্রস্তুতিকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার সন্ধ্যায় নগরের পোর্ট কানেকটিং রোডের তালতলা এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ ও একটি গাড়ি ভাঙচুর করা হয়। এতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রহিমসহ ৬ পুলিশ সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় ঘটনাস্থল থেকে আওয়ামী লীগের ১৬ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। পরে তাদের বিরুদ্ধে বন্দর থানায় মামলা করা হয়। পুলিশ জানায়, তালতলা এলাকায় হঠাৎ মিছিল বের করার খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। মিছিলটি ছত্রভঙ্গ করতে বাধা দিলে অংশগ্রহণকারীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন।

এ সময় পুলিশের একটি গাড়ির কাঁচ ভাঙচুর করা হয়। হামলায় ওসিসহ ৬ পুলিশ সদস্য আহত হন। বন্দর থানার ওসি আবদুর রহিম জানান, হামলার পরও পুলিশ মিছিলে অংশ নেয়া ব্যক্তিদের আটক করতে ধাওয়া শুরু করে। একপর্যায়ে ঘটনাস্থল থেকে ১৬ জনকে গ্রেপ্তার করা হয়। আহত পুলিশ সদস্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। তিনি আরও বলেন, এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করেছে। এই মামলায় ১৬ জন গ্রেপ্তার, ১০ জন পলাতক ও ১০০-১১০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।