নরসিংদী সদর মডেল থানার চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান আসামি ও চিহ্নিত অপরাধ চক্র ‘আবু লাল গ্রুপের’ প্রধান আবু লাল (৪০) কে হবিগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। গতকাল দুপুরে নরসিংদী মডেল থানার মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার অপরাধ আশিকুর রহমান। সংবাদ সম্মেলনে জানানো হয়, গত ৩রা অক্টোবর নরসিংদী শহরের চৌয়ালায় আব্দুল্লাহ হত্যা মামলার আসামি আবু লাল পলাতক ছিল। তাকে গ্রেপ্তারের জন্য নরসিংদীর বিভিন্ন এলাকা, ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর ও সদর থানা এলাকা এবং ঢাকার ধানমণ্ডি থানার এলাকাসহ বিভিন্ন স্থানে ধারাবাহিক অভিযান চালানো হয়।
দীর্ঘ তল্লাশির পর অবশেষে শুক্রবার রাতে হবিগঞ্জ জেলার মাধবপুর থানা এলাকা থেকে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তাকে গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামির দেয়া তথ্য ও দেখানো মতে- গত ২রা অক্টোবর আব্দুল্লাহ ওরফে বাবুকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও ৮ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
এ ঘটনায় অস্ত্র আইনে আরেকটি মামলা করা হয়েছে। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার আসামিকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। তাকে দ্রুত আদালতে সোপর্দ করা হবে। মামলার অন্য পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
