টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়ে দিলেন শামি

টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়ে দিলেন শামি

ফন্ট সাইজ:

আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানালেন ভারতীয় দলের অভিজ্ঞ ও তারকা পেসার মোহাম্মদ শামি। দীর্ঘ ১৩ বছর আগে ঠিক এ দিনেই (৬ই নভেম্বর) ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ইডেন গার্ডেন্সে তার টেস্ট অভিষেক হয়। কাকতালীয়ভাবে, ১৩ বছর পর সেই একইদিনে লাল বলের ফরম্যাটকে চিরতরে বিদায় জানালেন এই ডানহাতি পেসার। তবে সিদ্ধান্তটি মেনে নিতে পারেননি ভারতের সাবেক কোচ ও কিংবদন্তি অধিনায়ক রবি শাস্ত্রী। শামির প্রতি ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) নির্বাচকদের অবহেলার কারণে তাদের কড়া সমালোচনা করেন তিনি।

২০২৩ সালের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালটিই হয়ে থাকলো শামির ক্যারিয়ারের শেষ টেস্ট ম্যাচ। এরপর থেকেই চোট এবং নির্বাচকদের অবহেলার কারণে লাল বলের দল থেকে দূরে ছিলেন তিনি। বাংলার হয়ে ঘরোয়া ক্রিকেটে নিয়মিত বল করে গেলেও আর জাতীয় দলের টেস্ট স্কোয়াডে সুযোগ পাননি শামি। ভারতের হয়ে ৬৪টি টেস্ট খেলে ২৭.৭১ গড়ে ২২৯ উইকেট শিকার করেছেন এ ডানহাতি পেসার, যার মধ্যে রয়েছে ৬টি পাঁচ উইকেট শিকারের কৃতিত্ব।

বিদায়বেলায় সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন বার্তায় শামি লিখেছেন, ‘আজ ভারী মন এবং অজস্র সুন্দর স্মৃতি নিয়ে টেস্ট ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিচ্ছি। সাদা জার্সি গায়ে চাপানোর সময় আমার একটাই স্বপ্ন ছিল—দেশের জন্য কিছু করা। প্রতিটি উইকেট, প্রতিটি লড়াই, প্রতিটি চোট এবং ফিরে আসা আমাকে অনেক কিছু শিখিয়েছে।’

এদিকে শামির এই আকস্মিক অবসরে ভীষণ ক্ষুব্ধ ভারতীয় কিংবদন্তি রবি শাস্ত্রী। নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে চলাকালীন শাস্ত্রী সরাসরি ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) নির্বাচকদের সমালোচনা করে বলেন, ‘এটি খুবই দুঃখজনক। আমার দৃঢ় বিশ্বাস ছিল শামীর ঝুলিতে আরও ৩০ থেকে ৪০টি টেস্ট উইকেট বাকি ছিল। শেষ ১২ মাসেই ওর দলে থাকা উচিত ছিল।’

শামীর ফিটনেস নিয়ে চলা সমালোচনার কড়া জবাব দিয়ে শাস্ত্রী আরও বলেন, ‘জিমে ফিট থাকার মানে কী, যদি আপনি ম্যাচে ১০-১২ ওভার বলই করতে না পারেন? ও বাংলার হয়ে ঘরোয়া ক্রিকেটে ১৫-২০ ওভার বল করছিল। ফিটনেস প্রমাণ করার জন্য এর চেয়ে বেশি আর কী করার আছে?’